
সামান্য বিড়ি নিয়ে বিবাদ, পুত্রের শাবলের আঘাতে বাবার মৃত্যু
সামান্য বিড়ি নিয়ে বিবাদের জেরে মানসিক ভারসাম্যহীন পুত্রের শাবলের আঘাতে প্রাণ হারালেন এক বৃদ্ধ পিতা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ত্রিপুরারাজ্যের কমলপুর মহকুমার সালেমা থানার অন্তগর্ত আভাঙা ফিশারি পাড়ায়। জানা যায়, শুক্রবার (৬ মার্চ ) সকাল ৭টায় এই মর্মান্তিক ঘটনা ঘটে। অভিযুক্ত মঙ্গল সিনহা(৪৭) দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। নিহত ব্যক্তি তার বাবা মানের সিনহা (৮৩)। পরিবার সূত্রে জানা যায়, সকালে মঙ্গল সিনহা তার বাবার বিড়ির প্যাকেট থেকে ৪-৫ টি বিড়ি নিয়ে নেন। পরে মানের সিনহা ঘরে এসে বিড়ি কম দেখে ছেলেকে এনিয়ে প্রশ্ন করেন। এনিয়ে ২ জনের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। হঠাৎ উত্তেজিত হয় মঙ্গল খাটের নিচ থেকে একটি শাবল বের করে বাবার পেটে আঘাত করে। এর জেরে ঘটনাস্থলেই মানের সিনহার মৃত্যু হয়। ঘটনার পর অভিযুক্ত রান্নাঘরে গিয়ে চা পান করে বলে জানিয়েছেন নিহতের স্ত্রী বিন্দনী সিনহা। তিনি আরও জানান, তার ছেলে দীর্ঘদিন ধরেই মানসিক রোগে আক্রান্ত। ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান ধলাই জেলার পুলিশ সুপার দেশাই রুষিকেশ জয়সিং, অতিরিক্ত পুলিশ সুপার উত্তম বনিক, সালেমা থানার ওসি দীপকদাস সহ বিশাল পুলিশ বাহিনী। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনার তদন্ত শুরু করেন পুলিশ।
![]()









