
রাঙ্গামাটিতে গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্সের নেতৃবৃন্দের বিভিন্ন কর্মসূচি
চট্টগ্রামের পরিবেশ, জলবায়ু, কৃষি, স্বাস্থ্য ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স’র আয়োজনে দেশব্যাপী সর্বস্তরের জনসাধারণকে পরিবেশ সংরক্ষণ ও উন্নয়নে সচেতন করতে মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র ঘোষিত বছরে ৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির সমর্থন-সফল-বাস্তবায়নে আগামী ১৮, ১৯ ও ২০ অক্টোবর তিনদিনব্যাপী রাঙ্গামাটি পার্বত্য জেলার তিনটি উপজেলায় ১ লক্ষ চারা রোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে।
তিনদিনের বৃহত্তর এ কর্মসূচির মধ্যে রয়েছে ১৮ অক্টোবর রবিবার কাপ্তাই উপজেলা, ১৯ অক্টোবর, সোমবার, কাউখালী উপজেলা এবং ২০ অক্টোবর, মঙ্গলবার, রাঙ্গামাটি সদর উপজেলায় সর্বমোট ৫০ হাজার শিক্ষার্থীর হাতে দুটি করে এক লক্ষ চারা বিতরণের এ কর্মসূচি। তিনদিনের কর্মসূচি সফল করতে সংগঠনের সভাপতি ও প্রতিষ্ঠাতা, পরিবেশ সংগঠক স ম জিয়াউর রহমানের নেতৃত্বে সাত সদস্যের একটি প্রতিনিধি দল ৩০ সেপ্টেম্বর বুধবার রাঙ্গামাটি জেলায় সফর করেন। সফরকালে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড, জেলা প্রশাসন ও জেলা পরিষদের বিভিন্ন পদস্থ কর্মকর্তাবৃন্দ ও বনবিভাগ, বিদ্যুৎ বিভাগ, সড়ক বিভাগ, স্থানীয় সরকার প্রকৌশল বিভাগসহ বিভিন্ন দপ্তরের এবং রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে মতবিনিময়ে মিলিত হন।
মতবিনিময়কালে উপজেলা পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সদস্য অর্থ (যুগ্ম সচিব) সুমন বড়ুয়া বলেন, পার্বত্য চট্টগ্রামের প্রকৃতির সংরক্ষণ ও উন্নয়ন আরও জোরালো হলে সমৃদ্ধ হবে রাঙ্গামাটির পর্যটন খাত। সবুজের অনন্য নিদর্শন রাঙ্গামাটির পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে গ্রীন চট্টগ্রাম এগিয়ে আসায় ধন্যবাদ পাওয়ার যোগ্য।
হর্টিকালচার সেন্টার রাঙ্গামাটির উপ পরিচালক মো. মামুনুর রশীদ বলেন, আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী রেখে যেতে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণের কোন বিকল্প নেই। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স বৃহত্তর চট্টগ্রামে পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণে যে কাজ করছে তা প্রশংসার দাবি রাখে।
পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস এম সাজ্জাদ হোসেন বলেন, পরিবেশ উন্নয়ন ও সংরক্ষণ করা শুধু সরকার ও সরকারি কর্মকর্তাদের একার পক্ষে সম্ভব নয়, এটি সকল নাগরিকদের নাগরিক দায়িত্বও বটে। গ্রীন চট্টগ্রাম এ্যালায়েন্স যে সাহসী উদ্যোগ নিয়ে এগিয়ে এসেছে, এভাবেই সকল নাগরিক এগিয়ে এলে পরিবেশের উন্নয়ন ও সংরক্ষণ সম্ভব হবে।
![]()









