
মেঘালয়ে নির্মীয়মাণ সেপটিক ট্যাংকে বিষাক্ত গ্যাসে প্রাণ গেল ৪ শ্রমিকের
ভারতের মেঘালয়ের দক্ষিণ গারো হিলস জেলায় ভূ-গর্ভস্থ সেপটিক ট্যাংকের ভিতরে সন্দেহজনক বিষাক্ত গ্যাসে শ্বাস নিয়ে আসামের মানকাচরের ৪ নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। রবিবার (২৭ সেপ্টেম্বর ) মেঘালয়ের রাংডোকরাম গ্রামে ঘটনাটি ঘটে। বিকাল ৩টায় সেবাস্তিয়ান চন্দ্র সাংমার বাড়িতে ঘটনাটি সংগঠিত হয়। মৃতরা হলেন যথাক্রমে মফিদুর রহমান, আজিয়ের রহমান, ইসমাইল হোসেন ও রাকিব হোসেন। প্রাথমিকভাবে জানা গেছে, সেপটিক ট্যাংকটির ভিতরে পর্যাপ্ত বায়ু চলাচলের ব্যবস্থা না থাকায় সেখানে বিষাক্ত গ্যাস জমে যায়। ট্যাংকের ঢাকনা খোলার পর ২ শ্রমিক আচমকাই অসুস্থ হয়ে ভিতরে পড়ে যান। তাঁদের উদ্ধারের চেষ্টা করতে গিয়ে আরও ২ শ্রমিক ও বিষাক্ত গ্যাসের সংস্পর্শে এসে জ্ঞান হারান। ঘটনার খবর পেয়ে উদ্ধারকারী দল ও দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করেন। অভিযানের সময় বিষাক্ত গ্যাসের প্রভাবে দমকলের কয়েকজন কর্মী ও সাময়িকভাবে জ্ঞান হারান বলে জানা গেছে। পরে ৪ শ্রমিককে সেপটিক ট্যাংকের ভিতর থেকে উদ্ধার করা হলেও তাঁদের বাঁচানো সম্ভব হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে, ভূ-গর্ভস্থ ট্যাংকে পর্যাপ্ত বায়ু চলাচল না থাকায় প্রাণঘাতী গ্যাস জমেই এই দুর্ঘটনা ঘটে। মর্মান্তিক ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
![]()









