- - -

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই

img 20261024 wa0285
Print News

ময়নামতিতে দিন দিন বেড়েই চলছে অপরাধ; এবার ডাকাতের কবলে প্রবাসী, টাকা-মোবাইল ছিনতাই

কুমিল্লার বুড়িচংয়ে ডাকাতের কবলে পড়েছেন আবুল কালাম নামে এক প্রবাস ফেরত যুবক। সংঘবদ্ধ দুর্বৃত্তরা তাঁকে মারধর করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে পাশের একটি জমিতে ফেলে রেখে যায়। পরে ভোরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

শুক্রবার রাতে উপজেলার ময়নামতি ইউনিয়নের পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় এ ঘটনা ঘটে। আহত আবুল কালাম ওই ইউনিয়নের ভাদুয়াপাড়া গ্রামের বাসিন্দা।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাতে বাড়ি ফিরছিলেন আবুল কালাম। পথে পাইকপাড়া রাস্তার মোড় এলাকায় পৌঁছালে সংঘবদ্ধ একটি দল তাঁর ওপর হামলা চালায়। এ সময় তাঁকে মারধর করে সঙ্গে থাকা নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় দুর্বৃত্তরা। পরে তাঁকে পাশের একটি জমিতে ফেলে রেখে পালিয়ে যায় তারা।

শনিবার ভোরে ফজরের নামাজ পড়তে মসজিদে যাওয়ার পথে স্থানীয় লোকজন তাঁকে আহত অবস্থায় দেখতে পান। পরে তাঁকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে প্রাথমিক চিকিৎসার পর উন্নত চিকিৎসার জন্য তাঁকে ঢাকায় পাঠানো হয়েছে।

এদিকে, এলাকায় চুরি, ডাকাতি ও ছিনতাইয়ের ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। স্থানীয় ইমরান সরকার এরশাদসহ কয়েকজন জানান, সন্ধ্যার পর থেকে এলাকার বিভিন্ন নির্জন স্থানে মাদকসেবীদের আড্ডা বসে। তাঁদের অভিযোগ, এসব স্থানে অবস্থান করে সুযোগ বুঝে চুরি ও ছিনতাইয়ের মতো ঘটনা ঘটানো হচ্ছে।

এলাকায় নিরাপত্তাহীনতার কথা তুলে ধরে অপরাধ দমনে কার্যকর পদক্ষেপ নিতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তাঁরা।

এ বিষয়ে দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক সুরজিৎ বড়ুয়া জানান, ঘটনাটি সম্পর্কে তিনি মৌখিক অভিযোগ পেয়েছেন। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa