- - -

মদনে কৃষক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

img 20261117 wa0225
Print News

মদনে কৃষক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও সার বিতরণ

নেত্রকোণার মদন উপজেলায় ২০২৬-২৭ অর্থবছরের রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সরিষার বীজ ও রাসায়নিক সার বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সরিষার আবাদ সম্প্রসারণ, উৎপাদন বৃদ্ধি এবং কৃষকদের উৎপাদন ব্যয় কমিয়ে তেলজাতীয় ফসল উৎপাদনে উৎসাহিত করার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়েছে।আজ মঙ্গলবার (১৭ নভেম্বর) উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের যৌথ উদ্যোগে উপজেলা কৃষি অফিস প্রাঙ্গণে এ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নেত্রকোণা-৪ (মদন-মোহনগঞ্জ-খালিয়াজুরী) আসনের সংসদ সদস্য লুৎফুজ্জামান বাবর। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. এ. কাদেরের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজানের সঞ্চালনায় অনুষ্ঠানে কৃষি প্রণোদনা কর্মসূচির লক্ষ্য, উপকারভোগীর সংখ্যা ও সরিষা আবাদের লক্ষ্যমাত্রা তুলে ধরা হয়।
উপজেলা কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান জানান, চলতি রবি মৌসুমে মদন উপজেলায় ২ হাজার ৩৫০ হেক্টর জমিতে সরিষা আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গত মৌসুমে এ উপজেলায় ২ হাজার ১৫০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছিল। সেই হিসাবে এবার আবাদ বৃদ্ধির লক্ষ্যমাত্রা ২০০ হেক্টর বা প্রায় ৯ দশমিক ৩ শতাংশ।
তিনি জানান, কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় উপজেলার ২ হাজার ৭৫০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বিনামূল্যে উন্নত জাতের সরিষার বীজ ও রাসায়নিক সার দেওয়া হচ্ছে। প্রত্যেক কৃষক পাচ্ছেন ১ কেজি করে সরিষার বীজ, ১০ কেজি ডিএপি এবং ১০ কেজি এমওপি সার। সরিষার বীজের জাতগুলোর মধ্যে রয়েছে বারি সরিষা-১৪, বারি সরিষা-১৭, বারি সরিষা-১৮ এবং বিনা সরিষা-১১।
কৃষি বিভাগের এ উদ্যোগের ফলে প্রান্তিক কৃষকরা সরিষা চাষে প্রাথমিক উপকরণ ব্যয়ের চাপ থেকে কিছুটা স্বস্তি পাবেন। পাশাপাশি উন্নত জাতের বীজ ও সুষম সার ব্যবহারের মাধ্যমে সরিষার ফলন বাড়ানো এবং অনাবাদি বা পতিত জমি চাষের আওতায় আনার সুযোগ তৈরি হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।
উপজেলা কৃষি কর্মকর্তা আরও বলেন, সরিষা একটি গুরুত্বপূর্ণ তেলজাতীয় ফসল। দেশে ভোজ্যতেলের চাহিদা পূরণে দেশীয় সরিষার উৎপাদন বাড়ানো প্রয়োজন। এ লক্ষ্য বাস্তবায়নে কৃষকদের উন্নত জাতের বীজ ব্যবহারের পাশাপাশি সঠিক সময়ে বপন, পরিমিত সার প্রয়োগ ও আধুনিক কৃষি প্রযুক্তি অনুসরণের পরামর্শ দেন তিনি। একই সঙ্গে কৃষকদের প্রতি বছর নিয়মিত সরিষা আবাদের আহ্বান জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মদন উপজেলা বিএনপির সভাপতি ও ২ নম্বর চানগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল আলম তালুকদার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ এবং উপজেলা তাঁতীদলের আহ্বায়ক এখলাছ মেম্বার, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপকারভোগী কৃষক এবং মিডিয়ার গণমাধ্যম কর্মী।
কৃষি বিভাগের প্রত্যাশা, এ প্রণোদনা কর্মসূচির মাধ্যমে মদনে সরিষার আবাদ সম্প্রসারিত হবে এবং উৎপাদন বৃদ্ধির পাশাপাশি প্রান্তিক কৃষকদের আয় বাড়াতে ইতিবাচক ভূমিকা রাখবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa