
মণিরামপুরে নাশকতা মামলায় আ.লীগের ৬১ নেতাকর্মী আসামি
যশোরের মণিরামপুরে কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সামনে মধ্যরাতে তিন ককটেল বিস্ফোরণ ঘটনায় নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ৬১ নেতাকর্মীর নাম উল্লেখ করে নাশকতা মামলা হয়েছে।
এ মামলায় অজ্ঞাত পরিচয় আরো ৬০/৭০ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাহিদ ইমরান বাবু (২৭) কে আটক করেছে পুলিশ।
পারখাজুরা গ্রামের বিএনপি কর্মী রফিকুল ইসলাম বাদি হয়ে মণিরামপুর থানায় মামলাটি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, রফিকুল ইসলাম উপজেলার মশ্মিমনগর ইউনিয়ন বিএনপির সক্রিয় কর্মী।
গত ২২ নভেম্বর রাত সাড়ে ১২টার দিকে ইউনিয়নের কাঁঠালতলা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের মাঠ ও আশপাশের বিভিন্ন এলাকা থেকে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সমবেত হয়।
তাদের হাতে ধারালো দা, চায়নিজ কুড়াল, লোহার রড ও জিআই পাইপ ছিল। তারা শেখ হাসিনার প্রত্যাবর্তন ও আওয়ামী লীগের স্লোগান দিতে দিতে বিদ্যালয়ের সামনে আসেন। এ সময় তারা বর্তমান সরকার, বিএনপি ও জামায়াত নেতাকর্মীদের উদ্দেশে গালিগালাজ করে।
বাদি রফিকুল ইসলাম কাঁঠালতলা বাজার থেকে বাড়ি ফেরার পথে বিদ্যালয়ের সামনে পৌঁছালে তাকে উদ্দেশ করে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে তাকে ধাওয়া করা হয়।
এ নিয়ে বাক্বিতণ্ডার মধ্যে আশপাশের লোকজন এগিয়ে এলে আসামিরা পরপর তিনটি ককটেল নিক্ষেপ করে। ককটেল বিস্ফোরিত হলে রফিকুল ইসলাম দৌড়ে ঘটনাস্থল থেকে সরে যান। স্থানীয় লোকজন এগিয়ে এলে আসামিরা ‘জয় বাংলা’ ও ‘জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে।
খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ জব্দ করে। পরে স্থানীয় নেতাকর্মীদের সঙ্গে আলোচনা করে রফিকুল ইসলাম ৬১ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৬০ থেকে ৭০ জনকে আসামি করে মামলা করেন।
মামলার এজাহারে আসামিরা হচ্ছে, উপজেলার হেলাঞ্চির রাকিব হোসেন (২৫), ফারুক হোসেন (৫০), কামরুল হোসেন (৫২) ও মাহমুদুল হাসান রকি (২৭); হাকোবার আমজাদ হোসেন লাভলু (৫৮), বাবলু করিম (৬০), উত্তম চক্রবর্তী বাচ্চু (৪৮) ও আসাদুজ্জামান (৫৫); হাজরাকাঠির মুরাদ হোসেন (৩৫), মনিরুজ্জামান মিল্টন (৪৭), মুরাদ (৩৫), রবিউল ইসলাম (৪৫) ও হাসান (৩৫); দুর্গাপুরের আদম আলী (৪৮), হাসান (২৫), ওভি (২৪) ও ফরহাদ (৩৫); গাংড়ার রমেশ দেবনাথ (২৬) ও সুমন দাশ (৩৮); বিজয়রামপুরের আইয়ুব পাটোয়ারী (৪৫) ও শরিফ (৪৩); জুড়ানপুরের কুদ্দুস কমিশনার (৩৮); মুন্সীখানপুরের বাপ্পি (৪০); নেহালপুরের তৌহিদুল ইসলাম (৩৮); কামালপুরের হাসান (২৫); তাহেরপুরের আসাদুজ্জামান আসাদ (৫২) ও শরিফুজ্জামান শরীফ (৪২); মণিরামপুরের সন্দিপ ঘোষ (৪৮); রামপুর-শাহাপুরের নুর আলম মানো (৪৪), আফিল উদ্দিন বিশ্বাস (৫০), শাহী সরোয়ার মুকুল (৪৮) ও জালাল (৪৫)।
এ ছাড়া শমসের বাগের মোহাম্মদ গাজী (৫৬), আবুল কাশেম গাজী (৫০), মোকলেছুর রহমান সরদার (৩৫), আব্দুল (৪৫), আব্দুল খালেক (৫৫), আতিয়ার রহমান (৪৬), ছিদ্দিক (৪২), আবুল হোসেন গাজী (৪৮) ও গোলাম গাজী (৫৪), রামপুরের আছাদ (৪৫), রানা (৩৫), সেলিম (৩৪) ও আব্দুল হালিম (৪০); হাকিমপুরের রকিব কাজী (৪৭) ও তরিকুল ইসলাম (৩৫); চাকলার মহিদুল ইসলাম (৩৭); ঝাঁপার জামাল উদ্দীন (৫০); ঘোলখানার হুমায়ুন (৪০); ষোলখাদার কালাম দালাল (৫০); মধুপুরের গফফার মোড়ল (৪৮), নোয়ালীর শওকত টিক্কা (৪৫) ও ইসহাক (৪৮), ভরতপুরের হোসেন (৩৮), জিয়াউর রহমান (৪১), গোলাম মোস্তফা (৫২) ও আবু হুরাইরা (২২); পারখাজুরা পূর্ব গ্রামের রফিকুল ইসলাম আছিরদ্দি (৫৪) এবং সাতক্ষীরার তালা উপজেলার হরিশচন্দ্রকাটির অরুন কান্তি চক্রবর্তী গণেশকে (৫৭) আসামি করা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা তদন্তে প্রাপ্ত সন্দিগ্ধ আসামি মণিরামপুর উপজেলার হরিহরনগর পূর্বপাড়ার আব্দুর রাজ্জাকের ছেলে নাহিদ ইমরান বাবুকে আটক করে। পরে তাকে আদালতে সোপর্দ করা হলে আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।
![]()









