- - -

ভোগ্যপণ্যের দামের তারতম্যে সুজনের ক্ষোভ প্রকাশ দুই দিনের বেশি ইফতার সামগ্রী ক্রয় না করার অনুরোধ

Print News

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণা
ভোগ্যপণ্যের দামের তারতম্যে সুজনের ক্ষোভ প্রকাশ
দুই দিনের বেশি ইফতার সামগ্রী ক্রয় না করার অনুরোধ

 

রিয়াজউদ্দিন বাজারে নাগরিক উদ্যোগের গণপ্রচারণায় ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের সাবেক প্রশাসক এবং মহানগর আওয়ামী লীগের সহ-সভাপতি খোরশেদ আলম সুজন। রমজান মাসের ব্যবহার্য ভোগ্য পণ্যসামগ্রী জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখার নিমিত্তে আজ মঙ্গলবার (১২ মার্চ ) সকালে নগরীর বৃহত্তম ব্যবসা কেন্দ্র রিয়াজউদ্দিন বাজার থেকে নাগরিক উদ্যোগের ধারাবাহিক গণপ্রচারণা কর্মসূচির উদ্বোধন করতে গিয়ে ভোগ্যপণ্যের দামের তারতম্যে ক্ষোভ প্রকাশ করেন তিনি। এসময় ক্রেতাদের তিনি দুই দিনের বেশি ইফতার সামগ্রী ক্রয় না করারও অনুরোধ জানান।
এসময় সুজন বলেন রহমত, মাগফেরাত ও নাজাতের বার্তা নিয়ে দীর্ঘ এক বছর পর মুসলমানদের দ্বারে আবার ফিরে এসেছে সিয়াম সাধনার মাস মাহে রমজান। অশেষ রহমত, বরকত, মাগফেরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য, শান্তি এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। কিন্তু অত্যন্ত দুঃখজনক হলেও সত্যি যে, রমজান মাস এলেই দেশে নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিযোগিতা শুরু হয়ে যায়। সচরাচর দেখা যায় রোজায় যেসব পণ্যের চাহিদা বেশি থাকে সেগুলোর দামই বেশি হয়। তাছাড়া এক শ্রেণীর অসাধু ব্যবসায়ীরা রমজান মাসকে টার্গেট করে তাদের মুনাফা লুফে নেওয়ার হাতিয়ার হিসেবে। সে হিসেবে তারা পণ্যের কৃত্রিম সংকট সৃষ্টি করে বাজার থেকে অতিরিক্ত অর্থ হাতিয়ে নেয়। এদের বিরুদ্ধে সকলকে সোচ্চার হওয়ারও আহবান জানান তিনি। তিনি আরো বলেন সরকার রমজানে ব্যবহার্য ভোগ্যপণ্যের দাম জনগনের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করেছেন। রমজানে ব্যবহৃত পণ্যসামগ্রীর উপর সরকার আমদানি শুল্কও মওকুফ করেছে জনগনকে সুবিধা প্রদানের জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে, সরকার আমদানিকৃত পণ্যের উপর ধার্যকৃত শুল্ক মওকুফ করলেও প্রায় ক্ষেত্রে ভোক্তাগণ এর সুফলপ্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছেন। উপরন্তু বাজারে কৃত্রিম সংকট তৈরী করে ভোক্তাদের জিম্মি করা হচ্ছে। সুজন আরো বলেন, কাঁচা বাজার নিয়ন্ত্রণে সরকারকে বিশেষ ব্যবস্থা গ্রহণ করতে হবে। কারণ এসব পণ্য নিজস্ব পদ্ধতিতে উৎপাদিত পন্য, এসব পণ্যের কোন আমদানি মূল্য নেই। তাই কাঁচা বাজার নিয়ন্ত্রণে বিশেষ ব্যস্থা গ্রহণের অনুরোধ জানান তিনি। তিনি বাজারে বিভিন্ন প্রজাতির মুরগির দাম বৃদ্ধিতে অসন্তোষ প্রকাশ করেন। মুরগির দাম নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হলে ভোক্তাকে পুরো রমজান মাস ভুগতে হবে বলে জানান তিনি। মুরগির সিন্ডিকেট ভাঙ্গতে প্রয়োজনে পাশর্^বর্তী দেশ থেকে মুরগি আমদানির জন্য প্রাণিসম্পদ মন্ত্রণালয় এবং বাণিজ্য মন্ত্রণালয়কে অনুরোধ জানান তিনি। তিনি পণ্যের দাম নিয়ন্ত্রণে ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরকে আরো সক্রিয় হওয়ার অনুরোধ জানান। এছাড়া বাণিজ্য মন্ত্রণালয়কে বাজারের আগে না হেঁটে বাজারের পিছনে হাঁটার অনুরোধ জানান সুজন। তিনি জানান খেজুরের মূল্যবৃদ্ধি হলেও বাজারে এর ক্রেতা কম। এভাবে ক্রেতাদেরও সিন্ডিকেট তৈরী করার আহবান জানান তিনি। তিনি বাজারে আগত ক্রেতাসাধারণের সাথে পণ্যের দরদাম নিয়ে কথা বলেন। উপস্থিত ক্রেতাগণ সুজনের এ উদ্যোগকে স্বাগত জানান। তবে ভোগ্যপণ্যের দাম ক্রেতাদের সহনীয় পর্যায়ে রাখতে বাণিজ্য মন্ত্রণালয়কে আরো কঠোর হওয়ার অনুরোধ জানান তারা। বাজারে পণ্যের মূল্য নিয়ন্ত্রণ রাখতে সিটি কর্পোরেশন, জেলা প্রশাসন, ভোক্তা অধিকার এবং বিএসটিআইয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণের দ্বারা অভিযান পরিচালনা করারও অনুরোধ জানান খোরশেদ আলম সুজন। এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন নাগরিক উদ্যোগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হাজী মো. ইলিয়াছ, সদস্য সচিব হাজী মো. হোসেন, মো. শাহজাহান, মহানগর ছাত্রলীগের সভাপতি এস এম ইমরান হাসান আহমেদ ইমু, এ এইচ এম বেলাল উদ্দিন, জয়জিৎ চৌধুরী, আনন্দ আচার্য, অসিত দেব হৃদয় প্রমূখ।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa