
ভারতের মহারাষ্ট্রে ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৬
ভারতের মহারাষ্ট্রে ফের ভয়াবহ পথ দুর্ঘটনা। এই ঘটনায় মৃত্যু হয়েছে ৬ জনের। মৃতদের মধ্যে ১ জন মহিলা। ট্রাকের সঙ্গে গাড়ির মুখোমুখি সংঘর্ষের জেরে এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন ৮ জন। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর ) সন্ধ্যায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ এলাকায়। পুলিশ জানিয়েছেন, এ দিন সন্ধ্যায় দুর্ঘটনাটি ঘটেছে মহারাষ্ট্রের নানদেদ জেলার সীতাকান্ডি ঘাটের কাছে। নানদেদ- ভোকর সড়কে একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় যাত্রীবাহী ভ্যানের। তাতেই অন্তত ৬ জন নিহত এবং আরও ৮ জন গুরুতর আহত হয়েছেন। পুলিশ সূত্রে প্রকাশ, টাটা ম্যাজিক ভ্যানটি নানদেদ থেকে ভোকরের দিকে যাচ্ছিল। সেই সময়ে বিপরীত দিক থেকে আসা ট্রাকটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ওই ভ্যানটির। সংঘর্ষের জেরে পুরোপুরি দুমড়ে- মুচড়ে যায় ওই ভ্যানটি। স্থানীয়দের সাহায্য ওই ভ্যান কেটে উদ্ধার করা হয় হতাহতদের। আহতদের উদ্ধার করে পাঠানো হয় নিকটবর্তী হাসপাতালে। তাদের কয়েকজনের অবস্থা আশংকাজনক।
![]()









