
ভারতের কর্ণাটকে ভয়াবহ দুর্ঘটনায় পুড়ে মৃত শিশু সহ ৯ জন
টায়ার ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে বাসের সঙ্গে ধাক্কা গাড়ির। দুর্ঘটনার জেরে ভয়াবহ অগ্নিকান্ডে পুড়ে মৃত্যু হল গাড়িতে থাকা ৯ জনের। মৃতদের মধ্যে ৫ জনই শিশু। গুরুতর আহত হয়েছেন আরও ১ জন। শুক্রবার (১৭ এপ্রিল ) এই ঘটনা ঘটেছে ভারতের কর্ণাটকের ইয়াদগির জেলায়। এই দুর্ঘটনা ঘটে সুরপুর ব্লকের শান্তাপুরা ক্রসিংয়ের কাছে। স্থানীয় সূত্রে জানা গেছে, ১০ জন যাত্রী সহ একটি এসইউভি গাড়ি দ্রুত গতিতে হাইওয়ে ধরে আসার সময় হঠাৎই তার টায়ার ফেটে যায়। এই অবস্থায় চালক নিয়ন্ত্রণ হারিয়ে উল্টো দিক থেকে আসা একটি বাসে সজোরে ধাক্কা মারে। সঙ্গে সঙ্গে আগুন ধরে যায় গাড়িতে। এত অল্প সময়ের মধ্যে গোটা ঘটনা ঘটে যে গাড়ি থেকে বেড়িয়ে আসতে পারেনি কেউই। আগুনের তীব্রতা এতটাই ছিল যে স্থানীয়দের তরফেও কোনওরকম সাহায্য সম্ভব হয়নি। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে আসে দমকল বিভাগ ও উদ্ধারকারী দল। গাড়ির ভিতর থেকে ৯ জনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনার জেরে আগুন লেগে যায় বাসটিতে ও। যদিও বাসে থাকা ২০ জন প্রাণে বেঁচে যান। কোনও রকম বিপদ ঘটার আগেই বাস থেকে বেরিয়ে আসতে সক্ষম হন তারা। দুর্ঘটনায় যে ৯ জনের মৃত্যু হয়েছে তারা সকলে একই পরিবারের সদস্য বলে জানা গেছে। কিভাবে এই দুর্ঘটনা ঘটল তা খতিয়ে দেখছে পুলিশ।
![]()









