
“নরসিংদীতে প্রথম ম্যারাথন, দৌড়ালেন দেড় হাজার প্রতিযোগী
সুস্থ জীবনচর্চা ও মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে নরসিংদীতে প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছে ‘নরসিংদী ম্যারাথন ২০২৬’। ১০, ২১ ও ৪২ কিলোমিটার; তিনটি ক্যাটাগরিতে দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা প্রায় দেড় হাজার প্রতিযোগী এতে অংশ নেন।
‘ওয়ান রান, ওয়ান স্প্রিন্ট, ওয়ান নরসিংদী’ স্লোগানে শুক্রবার (২৩ অক্টোবর) ভোর ৪টায় নরসিংদী শহরের আরশীনগর মোড় থেকে ম্যারাথন শুরু হয়। দৌড়ের উদ্বোধন করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন। দৌড়ের সমাপ্তি ঘটে রায়পুরার হাটুভাঙ্গায়।
আয়োজনে ১০ থেকে ৭৫ বছর বয়সী নারী-পুরুষ অংশ নেন। ভোরের আলো ফোটার আগেই রাজপথে শুরু হয় প্রতিযোগীদের দৌড়। কারও লক্ষ্য ছিল ১০ কিলোমিটার, কেউ অংশ নেন ২১ কিলোমিটারের হাফ ম্যারাথনে, আবার কেউ নেন ৪২ কিলোমিটারের ফুল ম্যারাথনের চ্যালেঞ্জ। দূরত্ব ও বয়সের বাধা পেরিয়ে নির্ধারিত দৌড় শেষ করে উচ্ছ্বাসে মাতেন অংশগ্রহণকারীরা।
নরসিংদী রানার্স কমিউনিটির আয়োজনে অনুষ্ঠিত এ ম্যারাথন চলে সকাল সাড়ে ১১টা পর্যন্ত। আয়োজকেরা জানান, নরসিংদীতে দৌড় ও শরীরচর্চার সংস্কৃতি জনপ্রিয় করা এবং তরুণদের সুস্থ জীবনযাপনে উৎসাহিত করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
নরসিংদী রানার্স কমিউনিটির রান ডিরেক্টর আক্তারুজ্জামান বলেন, প্রথমবারের মতো এত বড় পরিসরে ম্যারাথন আয়োজন সফলভাবে সম্পন্ন করতে পেরে তারা সবার প্রতি কৃতজ্ঞ। এ আয়োজনের মাধ্যমে নরসিংদীতে দৌড় ও শরীরচর্চার চর্চা আরও বাড়বে বলে তারা আশা করছেন।
ম্যারাথন শেষে তিনটি ক্যাটাগরিতে অংশগ্রহণকারীদের মধ্যে মেডেল, প্রাইজমানি ও সনদ বিতরণ করা হয়। প্রতিটি ইভেন্টের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেয়া হয় পডিয়াম সম্মাননা।
পরে পুরস্কার বিতরণ করেন নরসিংদী-১ আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এবং নরসিংদী-৩ আসনের সংসদ সদস্য মনজুর এলাহী।
আয়োজক ও অতিথিদের প্রত্যাশা, এ ধরনের আয়োজন তরুণদের সুস্থ জীবনচর্চায় উদ্বুদ্ধ করার পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনেও ইতিবাচক ভূমিকা রাখবে।
![]()









