- - -

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

img 20261010 wa0396
Print News

বানিয়াচংয়ে মাধ্যমিক শিক্ষার মানোন্নয়নে মতবিনিময়

 

হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় মাধ্যমিক শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার গুণগত মান বৃদ্ধির লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১০অক্টোবর) বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার আয়োজনে বানিয়াচং মেধাবিকাশ উচ্চ বিদ্যালয় মাঠে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জ-২ (বানিয়াচং-আজমিরীগঞ্জ) আসনের সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, শিক্ষার মানোন্নয়ন ছাড়া একটি সমৃদ্ধ জাতি গঠন সম্ভব নয়। শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে দক্ষ, যোগ্য ও নৈতিকতাসম্পন্ন নাগরিক হিসেবে গড়ে তুলতে শিক্ষকদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে।

সংসদ সদস্য ডা. আবু মনসুর সাখাওয়াত হাসান জীবন বলেন, “শিক্ষকরা দলীয়করণে জড়িয়ে পড়লে পেশাগত দক্ষতার উন্নয়ন ব্যাহত হবে। একজন শিক্ষকের প্রধান পরিচয় হওয়া উচিত তিনি একজন শিক্ষক। শিক্ষকদের মূল দায়িত্ব হলো শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করা এবং তাদের যোগ্য ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলা। শিক্ষাপ্রতিষ্ঠানে দলীয় প্রভাবের পরিবর্তে শিক্ষার পরিবেশ, পেশাগত দক্ষতা ও নৈতিক মূল্যবোধকে প্রাধান্য দিতে হবে।”

তিনি আরও বলেন, শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের নিয়মিত পাঠদান, নতুন নতুন শিক্ষণপদ্ধতি আয়ত্ত করা এবং নিজেদের পেশাগত দক্ষতা বৃদ্ধির প্রতি মনোযোগী হতে হবে। শিক্ষকদের মধ্যে রাজনৈতিক বিভাজন তৈরি হলে পারস্পরিক সহযোগিতা ও শিক্ষার সুষ্ঠু পরিবেশ বাধাগ্রস্ত হতে পারে। তাই ব্যক্তিগত ও রাজনৈতিক মতাদর্শের ঊর্ধ্বে উঠে শিক্ষার্থীদের কল্যাণ এবং শিক্ষার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। শিক্ষকরা আন্তরিকতা, নিষ্ঠা ও পেশাদারত্বের সঙ্গে দায়িত্ব পালন করলেই বানিয়াচংয়ের মাধ্যমিক শিক্ষার গুণগত পরিবর্তন সম্ভব হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর বিদ্যমান সমস্যা চিহ্নিত করে তা সমাধানে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। পাশাপাশি শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করা এবং পাঠদানের মান বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তিনি।

বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার সভাপতি মো. আবু তাহেরের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হবিগঞ্জের জেলা শিক্ষা কর্মকর্তা ফরিদা নাজমীন, বানিয়াচং উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মেহরাব হোসাইন, বানিয়াচং উপজেলা বিএনপির সভাপতি মুজিবুল হোসাইন মারুফ, সাধারণ সম্পাদক নকিব ফজলে রকিব মাখন, বানিয়াচংয়ের অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা নুরুল হুদা এবং চুনারুঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. কাওসার শোকরানা,উপজেলা বিএনপির সাবেক আহবায়ক লুৎফুর রহমান প্রমুখ ।

সভায় বক্তব্য দেন বাংলাদেশ শিক্ষক সমিতি, বানিয়াচং উপজেলা শাখার সাধারণ সম্পাদক মোহাম্মদ মোফাজ্জল হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।

মতবিনিময় সভায় বানিয়াচং উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষার বর্তমান অবস্থা, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সমস্যা ও সম্ভাবনা, শিক্ষকদের দায়িত্ব-কর্তব্য এবং শিক্ষার্থীদের শিক্ষার মান বৃদ্ধিতে করণীয় বিষয়ে আলোচনা করা হয়। এ সময় শিক্ষার গুণগত মান নিশ্চিত করতে শিক্ষক, শিক্ষা প্রশাসন ও জনপ্রতিনিধিদের মধ্যে সমন্বয় জোরদার এবং শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সার্বিক উন্নয়নে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্ব দেওয়া হয়।

সভায় উপজেলার বিভিন্ন মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa