- - -

বাজিতপুরে মুক্তিযোদ্ধার পরিবারের সাথে জমি নিয়ে ২৫ বছরের দ্বন্দ্ব, বড়ধরনের দূর্ঘটনার আশঙ্কা

Print News

বাজিতপুরে মুক্তিযোদ্ধার পরিবারের সাথে জমি নিয়ে ২৫ বছরের দ্বন্দ্ব, বড়ধরনের দূর্ঘটনার আশঙ্কা

 

কিশোরগঞ্জের বাজিতপুরে সরারচর ইউনিয়নের বুড়িকান্দা গ্রামের বীর মুক্তিযোদ্ধা মৃত আঃ হামিদ ও একই এলাকার মৃত মোহর উদ্দীনের পরিবারের মধ্যে ৪৭ শতাংশ জমিকে কেন্দ্র করে দীর্ঘ ২৫ বছর ধরে চলছে দ্বন্দ্ব। এ নিয়ে মামলা, হামলা, সংঘর্ষ, ভাঙচুর, লুটপাটের অভিযোগ রয়েছে।

মৃত মোহর উদ্দীনের পরিবার ১৯৯৮ সালে মুক্তিযোদ্ধা আঃ হামিদের মায়ের কাছ থেকে জমিটি ক্রয় করেছে বলে দাবি করেন বড় ছেলে বাক্কার। একবছর পর মায়ের মৃত্যুর পর জমিটির জাল দলিল করা হয়েছে বলে অভিযোগে আদালতে মামলা দায়ের করেন মুক্তিযোদ্ধা আঃ হামিদ। আর এভাবে দুটো মামলারই রায় পান মুক্তিযোদ্ধার পরিবার।

তবে এই রায়ের বিরুদ্ধে হাইকোর্টের বেশকয়েকটি স্থগিতাদেশ রয়েছে বলে দাবি মৃত মোহর উদ্দীনের পরিবারের। দুটো পরিবারই দাবি করছে জমিটি তাদের দখলে রয়েছে। জমিটি মূলত কাদের দখলে রয়েছে এ নিয়ে স্পষ্ট তথ্য নিশ্চিত হওয়া যায়নি। জমিটিতে বর্তমানে কোনো স্থাপনা দেখা যায়নি।

গত ২৮ অক্টোবরের সিসিটিভি ফুটেজে দেখা যায়, জমিটিতে ছোট্ট একটি টিনশেড ঘর। আর এটিকে দেশীয় অস্ত্র দিয়ে ভাঙচুরের চেষ্টা চালাচ্ছে একদল নারী- পুরুষ। মুক্তিযোদ্ধার পরিবারের দাবি তাদের এই ঘরটিকে মোহর উদ্দিনের পরিবার ও লোকজন ভাঙচুর করে নিশ্চিহ্ন করে দিয়েছে। আর এই দিনের হামলাতে বেশ কয়েকজন আহত হওয়ারও দাবি করেন তারা।

অপরদিকে মোহর উদ্দিনের পক্ষের লোকজন ২৮ তারিখের ঘটনা নিয়ে মিশ্র বক্তব্য দেন। মামলার এক নম্বর অভিযুক্ত মর্তুজ আলী ও মৃত মোহর উদ্দীনের ছেলে অভিযুক্ত বাক্কারের দাবি তারা কৃষিজমিতে কাজ করতে যাচ্ছিলেন। এদিন মারামারির কোনো ঘটনাই ঘটেনি বলে মন্তব্য করেন মর্তুজ আলী। তিনি সিসিটিভি ফুটেজে ধারন করা ভিডিও দেখতেও বলেন সংবাদকর্মীদের। আর সিসিটিভি ফুটেজে দেখা যায় মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যরা আক্রমণ প্রতিহত করতে মরিচের গুড়ো মিশ্রিত পানি ঢিল মারছে লাঠিসোটা হাতে ব্যক্তিদের। অভিযুক্ত বাক্কার মিয়া বলেন, কৃষিজমিতে কাজ করতে গেলে মুক্তিযোদ্ধা পরিবারের লোকজন বাঁধা সৃষ্টি করলে গন্ডগোলের সৃষ্টি হয়। প্রাণ রক্ষা করতে গিয়ে পাল্টাপাল্টি মারামারি হয়। এতে তাদের পরিবারের সদস্যরাও আহত হয়েছেন বলে দাবি করেন।
মুক্তিযোদ্ধার বয়স্ক স্ত্রী আনোয়ারা দাবি করেন, আনুমানিক সকাল সাড়ে ছয়টার দিকে তিনি নামাজ পড়ছিলেন। এসময় মর্তুজ আলী ও বাক্কারসহ অনেক মানুষজন এসে অতর্কিতভাবে তাদের ঘরে আক্রমণ করে ঘরবাড়ি ভাঙচুর, আক্রমণ ও আঘাত করেন পরিবারের সদস্যদের উপর। তিনি আরো বলেন, ২০১০ সালেও এ ধরনের ঘটনা ঘটিয়ে তাদের বাড়িছাড়া করলে উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার নুরুল হক নুরুর বাড়িতে পরিবারসহ আশ্রয় নেয় তিনি। পরে পুলিশ সুপার(এসপি)’র মাধ্যমে তাকে বাড়িতে দিয়ে যাওয়া হয়।
এ ব্যাপারে জানতে চাইলে মৃক্তিযোদ্ধার কমান্ডার ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এরা খুব দুর্ধর্ষ লোক। মানুষের জায়গা দখল করাই এদের কাজ। আনোয়ারার (মুক্তিযোদ্ধার স্ত্রী) পরিবার খুবই নির্যাতনের ভিতরে আছে। তিনি জমি সংক্রান্ত ব্যাপারটির সুষ্ঠু সুরাহাও প্রত্যাশা করেন।

মুক্তিযোদ্ধার বড় ছেলে জুয়েল মিয়া বলেন, আমি তাদের ভয়ে বাড়িতে যেতে পারছি না। ছোট্ট মেয়েটিকেও দেখতে না পেরে খুবই কষ্টে আছি। তারা আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে। আমি স্থানীয় চেয়ারম্যান, আ’লীগের নেতাসহ সবার কাছেই সমাধানের জন্য গিয়েছি। বিচার পাচ্ছি না। আমি সবার সহযোগিতা কামনা করি।

এদিকে প্রতিপক্ষের লোকজন বলছে মুক্তিযোদ্ধার পরিবারের যন্ত্রনায় তারা অতিষ্ঠ। কিছু হলেই তারা মামলার ভয় দেখায়। স্থানীয় অনেকের সাথেই মুক্তিযোদ্ধার পরিবারের জমিসংক্রান্ত ঝামেলা আছে বলেও তারা দাবি করেন। এ ব্যাপারে মুক্তিযোদ্ধার পরিবারের বড় ছেলে জুয়েল বলেন, আমার বাবার অনেক জমিজামা ছিলো। দাদার একমাত্র ছেলে হওয়ায় আমাদের এখানে কোনো আত্মীয় স্বজন নেই। আমাদের পরিবারের সদস্য পাঁচজন। আর তারা গোষ্ঠীর ও ভাড়াটে লোকজন নিয়ে আমাদের জমিটি জাল দলিলের মাধ্যমে জোরপূর্বক দখল করার জন্য বারবার চেষ্টা চালায়। আমাদের উপর আক্রমন করে। আমরা নিরুপায় হয়েই আইনের আশ্রয় নেই। মামলা করেও আমরা প্রতিকার পাচ্ছি না। তারা জামিনে এসে আরো বেশি ক্ষিপ্ত হয়ে দলবল নিয়ে আমাদের উপর আক্রমণ করে।
সম্প্রতি দুটো মামলা করেছে মুক্তিযোদ্ধার পরিবার৷ ভাঙচুর ও হামলার অভিযোগে প্রথম মামলাটি করার পর গ্রেফতারকৃত ব্যক্তিরা জামিনে এসে আবার সংঘবদ্ধ আক্রমণ করায় দ্বিতীয় মামলাটি দায়ের করেন বলে জুয়েল মিয়ার দাবি।
আক্রমন, ভাঙচুর ও হামলার অভিযোগে মোট তেরজনকে অভিযুক্ত করে মামলা দায়ের করা হয়েছে।
এ নিয়ে স্থানীয়দের বক্তব্য, জমিকে কেন্দ্র করে কিছুদিন পর পর যে ধরনের পরিস্থিতির সৃষ্টি হচ্ছে, মনে হচ্ছে এখানে বড় ধরনের দূর্ঘটনা ঘটতে পারে। তারা জেলাপ্রশাসক ও পুলিশ সুপারসহ প্রশাসনের প্রতি অনুরোধ করেন যেনো দ্রুত সুষ্ঠু সমাধান করে হত্যাকান্ডের মতো দূর্ঘটনার হাত থেকে এলাকাকে রক্ষা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa