
বাগেরহাটের ঐতিহ্যবাহী হাকিমপুর মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে পুনর্মিলনী সম্মেলন ২ ডিসেম্বর
বাগেরহাটের হাকিমপুরে অবস্থিত ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল ইসলামিয়া হাকিমপুর মুহাঃ আলী শাহ দারুস সুন্নাহ মাদ্রাসার ১০৪ বছর পূর্তি উপলক্ষে বর্ণাঢ্য পুনর্মিলনী সম্মেলনের আয়োজন করা হয়েছে। আগামী ২ ডিসেম্বর ২০২৬, বুধবার মাদ্রাসা প্রাঙ্গণে দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
দীর্ঘ ১০৪ বছরের শিক্ষা, ঐতিহ্য ও গৌরবোজ্জ্বল পথচলাকে স্মরণীয় করে রাখতে আয়োজিত এ পুনর্মিলনীতে একত্রিত হবেন মাদ্রাসার সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা। পুরোনো সহপাঠীদের সঙ্গে দেখা-সাক্ষাৎ, স্মৃতিচারণ, পারস্পরিক ভাববিনিময় এবং ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় করার মধ্য দিয়ে সম্মেলনটি প্রাণবন্ত হয়ে উঠবে বলে আশা করছেন আয়োজকরা।
আয়োজকদের প্রকাশিত নিবন্ধন ফরম অনুযায়ী, সম্মেলনে অংশগ্রহণের জন্য নিবন্ধন ফি নির্ধারণ করা হয়েছে ৫০০ টাকা। নিবন্ধনের শেষ তারিখ ২০ নভেম্বর ২০২৬। নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে সম্মেলনে অংশগ্রহণের জন্য মাদ্রাসার সকল প্রাক্তন শিক্ষার্থীর প্রতি আহ্বান জানানো হয়েছে।
মাদ্রাসার মুহতামিম ও শায়খুল হাদিস আলহাজ্ব মাওলানা আব্দুল মাবুদ বলেন, “একটি শিক্ষাপ্রতিষ্ঠানের ১০৪ বছরের পথচলা অত্যন্ত গৌরবের বিষয়। আমার দাদা, বাবা ও আমি সুনামের সঙ্গে এই মাদ্রাসাকে পরিচালনা করে আসছি। এ দীর্ঘ পথচলায় অসংখ্য শিক্ষার্থী এখান থেকে শিক্ষা গ্রহণ করে দেশ-বিদেশের বিভিন্ন ক্ষেত্রে অবদান রেখে চলেছেন। একটি মাদ্রাসা শুধু শিক্ষাদানের প্রতিষ্ঠান নয়, এটি শিক্ষার্থীদের জীবনের অসংখ্য স্মৃতি, ভালোবাসা ও আত্মিক বন্ধনের ঠিকানা। প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সম্পর্ক আরও দৃঢ় করা এবং মাদ্রাসার স্মৃতিবিজড়িত দিনগুলোকে নতুন করে স্মরণ করার জন্যই এ পুনর্মিলনী সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়েছে। আমরা চাই, দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার সাবেক শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও স্মরণীয় করে তুলবেন।”
তিনি আরও বলেন, এ আয়োজনের মধ্য দিয়ে মাদ্রাসার দীর্ঘদিনের ঐতিহ্য, শিক্ষা ও ভ্রাতৃত্বের বন্ধন নতুন প্রজন্মের কাছে তুলে ধরার পাশাপাশি সাবেক শিক্ষার্থীদের সঙ্গে প্রতিষ্ঠানের সম্পর্ক আরও গভীর হবে বলে তিনি আশাবাদী।
আয়োজকরা জানান, ১০৪ বছরের গৌরবোজ্জ্বল পথচলাকে স্মরণীয় করে রাখতে সাবেক শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণই হবে এ সম্মেলনের মূল প্রাণ। তাই দেশ-বিদেশে অবস্থানরত মাদ্রাসার সব প্রাক্তন শিক্ষার্থীকে পুনর্মিলনীতে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন তারা।
নিবন্ধন ও সম্মেলনসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ:
– মাওঃ ওয়াহিদুজ্জামান — ০১৭২৪-৭১৬১৩৫
– মাওঃ মিজানুর রহমান — ০১৭২৪-২১৭৯৩৫
– মাওঃ হোসাইন আহমেদ — ০১৮১৮-৭০১৯২৮
![]()









