- - -

প্রায় ৩৫ থেকে ৫০টি গাছ কাটার ঘটনায় ক্ষোভ স্থানীয়দের; অনুমতি ছাড়া গাছ নিধনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

Print News

প্রায় ৩৫ থেকে ৫০টি গাছ কাটার ঘটনায় ক্ষোভ স্থানীয়দের; অনুমতি ছাড়া গাছ নিধনের অভিযোগ প্রধান শিক্ষকের বিরুদ্ধে

মুন্সীগঞ্জের টংগিবাড়ী উপজেলার যশলং ইউনিয়নের পুরাপাড়া এলাকায় অবস্থিত পুরা দুর্গাচরণ উচ্চ বিদ্যালয়ের লিজকৃত জমি থেকে প্রায় ৫০ বছরের পুরনো ৩৫ থেকে ৫০টি গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে। অভিযোগ রয়েছে, প্রশাসনের অনুমতি ছাড়াই গাছগুলো কেটে ফেলা হয়েছে। বিষয়টি তদন্তে নেমেছে উপজেলা প্রশাসন।
স্থানীয় সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের লিজকৃত জমির পরিমাণ প্রায় ৮ একর। ওই জমিতে পাঁচটি পুকুরে মাছ চাষ করা হচ্ছে। জমির আশপাশে প্রায় শত বছর ধরে অন্তত ৩০ থেকে ৪০টি পরিবার বসবাস করে আসছে। স্থানীয়দের দাবি, তাদের বসতঘর ও পুকুরপাড় ঘিরে থাকা পুরনো গাছগুলো দীর্ঘদিন ধরে ছায়া দেওয়া ছাড়াও প্রাকৃতিক সুরক্ষা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। সম্প্রতি হঠাৎ করেই এসব গাছ কেটে ফেলা হয়েছে।
ভুক্তভোগী এলাকাবাসী জানান, গাছগুলো ঝড়-বৃষ্টি ও প্রাকৃতিক দুর্যোগের সময় তাদের বসতঘরকে অনেকটাই সুরক্ষা দিত। বিশেষ করে কালবৈশাখী ঝড় ও ভারী বর্ষণের সময় এসব গাছ প্রাকৃতিক প্রতিরোধক হিসেবে কাজ করত। এখন গাছগুলো না থাকায় ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এছাড়া গাছের শিকড় অপসারণের কারণে পাশের যাতায়াতের সড়ক বা পথ ভেঙে পড়ার ঝুঁকিও দেখা দিয়েছে বলে তারা দাবি করেন।
স্থানীয়দের আরও অভিযোগ, আগে গাছের ডালপালা ঘরের চালে আঘাত করলে প্রয়োজন অনুযায়ী ডাল ছাঁটার চেষ্টা করা হলেও তা সহজে করা যেত না। কিন্তু এবার কোনো পূর্বঘোষণা বা মতামত ছাড়াই একসঙ্গে বিপুল সংখ্যক গাছ কেটে ফেলা হয়েছে। এতে তারা বিস্ময় ও ক্ষোভ প্রকাশ করেছেন। কয়েকজন ভুক্তভোগীর অভিযোগ, গাছ কাটার সময় বাধা দিতে গেলে বিদ্যালয়ের কিছু শিক্ষার্থীকে ব্যবহার করে ভয়ভীতি দেখানো হয়েছে।
এ বিষয়ে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. ওয়াজেদ ওয়াসীফ বলেন, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং গাছ কাটা অবস্থায় দেখতে পেয়েছেন। তবে কারা গাছগুলো কেটেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। গাছগুলো কারা সরিয়েছে বা নিয়ে গেছে, সে বিষয়ে স্থানীয়ভাবে কয়েকজনের নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন জামাল (পিতা-মৃত আলাউদ্দিন), আবু সাইদ, আলামিন, আবুল (পিতা-কালাম ছৈয়াল), বিদ্যালয়ের দপ্তরি মজিবুর রহমান এবং নৈশপ্রহরী। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
টংগিবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা সুরাইয়া মমতাজ বলেন, ঘটনাটি তদন্তের জন্য উপজেলা সহকারী কমিশনারকে (ভূমি) ঘটনাস্থলে পাঠানো হয়েছে। বিষয়টি বর্তমানে তদন্তাধীন রয়েছে। সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। প্রয়োজনে একটি তদন্ত কমিটিও গঠন করা হতে পারে। একই সঙ্গে ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দেওয়ার জন্য বলা হয়েছে।
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক কামরুল হাসানের বক্তব্য জানতে একাধিকবার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন রিসিভ করেননি।
এদিকে, স্থানীয় বাসিন্দারা অভিযোগ করছেন, অনুমতি ছাড়া পুরনো গাছ কাটার ফলে পরিবেশের ক্ষতি হওয়ার পাশাপাশি তাদের বসতবাড়ি ও চলাচলপথ ঝুঁকির মুখে পড়েছে। তারা সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ীদের শনাক্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa