- - -

পাকিস্তানে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি কোনো প্রধানমন্ত্রীই

Print News

পাকিস্তানে পূর্ণ মেয়াদ শেষ করতে পারেননি কোনো প্রধানমন্ত্রীই

মেজর (অব.) সুধীর সাহা

 

ইমরানের রিভার্স সুইং। এই রিভার্স সুইং দিয়ে ক্রিকেটার ইমরান খান ১৯৯২ সালে পাকিস্তানকে বিশ্বকাপও এনে দিয়েছিলেন। ২০২২ সালে অনাস্থা প্রস্তাবে নির্ঘাত পতনের মুখে পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান সেই রিভার্স সুইং-এর খেলা খেলেছিলেন। কিন্তু এবার তিনি সফলকাম হতে পারলেন না। পাক সুপ্রিম কোর্টের আদেশে সবকিছু শেষ পর্যন্ত উল্টে গেল। প্রধানমন্ত্রী মন্ত্রিসভার সতীর্থদের, সে দেশের তারকা-টেলিভিশন অ্যাংকরদের ডেকে আলাদা আলাদা বৈঠক করে জানালেন, আমেরিকা তার সরকারের পতন ঘটাতে চায়। কারণ, তিনি রাশিয়ার সঙ্গে বন্ধুত্বের নতুন সেতু তৈরি করছেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার রাজনীতিতে পাকিস্তান বরাবরই পরিচিত আমেরিকার বন্ধু হিসেবে। ইসলামাবাদের সঙ্গে ওয়াশিংটনের সখ্যতা ৬০ বছরেরও পুরানো। ৭১-এর বাংলাদেশে স্বাধীনতা যুদ্ধের সময় মার্কিন প্রেসিডেন্ট রিচার্ড নিক্সন পাকিস্তানের পাশে দাঁড়াতে সপ্তম নৌবহর পাঠানোর হুমকি পর্যন্ত দিয়েছিলেন। ৫০ বছর পর এমন কী হলো যে, ইমরানকে এরকম রিভার্স সুইং দিতে হলো? পাকিস্তানের ন্যাশনাল অ্যাসেম্বলিতে গোপন চিঠি দেখিয়ে তিনি দাবি করলেন যে, ওয়াশিংটনে পাকিস্তানের রাষ্ট্রদূতকে জো বাইডেন প্রশাসনের পক্ষ থেকে হুমকি দেওয়া হয়েছে-ইমরান খান সরকারের পতন ঘটাতে হবে।

পাকিস্তানের সম্মিলিত বিরোধী জোট, বেনজির ভুট্টোর পুত্র বিলওয়াল ভুট্টোর নেতৃত্বাধীন ‘পাকিস্তান পিপলস পার্টি’ এবং নেওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফের নেতৃত্বাধীন ‘পাকিস্তান মুসলিম লীগ’ হাতে হাত মিলিয়ে ইমরান খানের সরকারের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব এনেছিল। পাক সুপ্রিম কোর্টের নির্দেশে ৯ এপ্রিল ২০২২ মধ্যরাতে ন্যাশনাল অ্যাসেম্বলিতে ভোটাভুটিতে গদিচ্যুত হন ইমরান খান। ইমরানের বিপক্ষে ভোট পড়ে ১৭৪টি, যা জাদুসংখ্যা ১৭২ থেকে দুই ভোট বেশি। পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হন মিয়া মহম্মদ শাহবাজ শরিফ। শাহবাজ পাঞ্জাব প্রদেশে পরপর তিনবার মুখ্যমন্ত্রী ছিলেন। ২০১৮ সালে তিনি ন্যাশনাল অ্যাসেম্বলির সদস্য নির্বাচিত হন এবং সংসদে বিরোধী দলনেতা হন। এবার হলেন পাকিস্তানের ২৩তম প্রধানমন্ত্রী।

চার বছর ইমরান খানের গণতান্ত্রিক সরকার চলার পর ফের পালাবদল। নেওয়াজ শরীফের ভাই শাহবাজ শরিফ ক্ষমতা পেলেও ভবিষ্যৎ নিয়ে বেশি ভাবছে এখন পাকিস্তানের জনগণ। বলা বাহুল্য, পাকিস্তানের ক্ষমতা ও রাজনৈতিক ওঠাপড়ায় সেনার ভূমিকা শাসক কিংবা রাজনৈতিক দলের চেয়ে কম নয়। কারণ ওই মুলুকে কখনও সামনে, আবার কখনও পর্দার আড়াল থেকে অদৃশ্য সূতোর টানে শেষ কথা বলে সামরিক শক্তিই। দেশটার ৭৪ বছরের ঐতিহাসিক পথ চলার অর্ধেকটাই কেটেছে সেনা শাসনে। একটি মজার বিষয় হলো, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা ‘আইএসআই’ দেশ স্বাধীন হওয়ার পরের বছরই অর্থাৎ ১৯৪৮ সালে গঠিত হলেও পাকিস্তানে সংবিধান কার্যকর হয় ১৯৭৩ সালে। এ থেকেই বুঝা যায়, দেশটার অগ্রাধিকার কোনটা। অভ্যুত্থান ও রাষ্ট্রনায়কের খুন ও রহস্যমৃত্যু বারবারই প্রত্যক্ষ করেছে পাকিস্তানের মানুষ। পাকিস্তানের জন্মলগ্ন থেকে কোনো প্রধানমন্ত্রীই নিজেদের পাঁচ বছরের পুর্ণ মেয়াদ সমাপ্ত করতে পারেননি। কখনও খুন হয়ে, আবার কখনও বিরোধী দলের অনাস্থার মুখে পড়ে গদি ছাড়তে হয়েছে পাক প্রধানমন্ত্রীদের। স্বাধীন পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী হন লিয়াকত আলী খান। ১৯৪৭ সালের ১৪ আগস্ট অর্থাৎ পাকিস্তানের স্বাধীনতার দিন তিনি প্রধানমন্ত্রীর দায়িত্ব নেন। কিন্তু ১৯৫১ সালের ১৬ অক্টোবর এক জনসভায় বক্তৃতা দেওয়ার সময় আততায়ীর গুলিতে প্রাণ হারান তিনি। মোট চার বছর ৬৩ দিন তিনি ক্ষমতায় ছিলেন। লিয়াকতের পর পাক মসনদে বসেন খাজা নাজিমুদ্দিন। তিনি ১৯৫১ সালের ১৭ অক্টোবর থেকে ১৯৫৩ সালের ১৭ আগস্ট পর্যন্ত প্রধানমন্ত্রীর পদে বহাল ছিলেন। তার সময়কালে বাংলা ভাষা আন্দোলন নিয়ে পূর্ব পাকিস্তান ও লাহোরে একাধিক হিংসার ঘটনা ঘটে। পরিস্থিতি সামলাতে ব্যর্থ হওয়ার কারণ দেখিয়ে তাকে গদি ছাড়ার নির্দেশ দেন পাকিস্তানের গভর্নর জেনারেল মালিক গোলাম। কিন্তু এ নির্দেশ মেনে নিতে অস্বীকার করায় নিজের বিশেষ ক্ষমতা ব্যবহার করে নাজিমুদ্দিনকে ক্ষমতাচ্যুত করেন মালিক। নাজিমুদ্দিন মোট এক বছর ১৮২ দিন ক্ষমতায় ছিলেন। এরপর প্রধানমন্ত্রী হন মুহম্মদ আলি বোগরা। তিনি ১৯৫৩ সালের ১৭ এপ্রিল থেকে মোট দুই বছর ১১৭ দিন প্রধানমন্ত্রী হিসেবে শাসন করেন। নিয়োগের পরপরই আঞ্চলিক বৈষম্য নিয়ে তৎকালীন গভর্ণর জেনারেল ইসকান্দার মির্জার সঙ্গে প্রধানমন্ত্রী বোগড়ার সমস্যা শুরু হয়। এর পরই বোগরাকে একপ্রকার ইস্তফা দিতে বাধ্য করেন ইসকান্দার।

পাকিস্তানের চতুর্থ প্রধানমন্ত্রী হন চৌধুরী মহম্মদ আলী। ১৯৫৫ সাল থেকে শুরু করে মোট এক বছরের কিছু বেশি সময় পাকিস্তানের মসনদে প্রধানমন্ত্রী হিসেবে বহাল ছিলেন আলী। দলবিরোধী কাজকর্মের জন্য তাকে প্রধানমন্ত্রীর পদ থেকে সরানো হয়। পরবর্তী প্রধানমন্ত্রী হন হোসেন শহিদ সোহরাওয়ার্দী। তিনি ১৯৫৬ থেকে শুরু করে এক বছর ৩৫ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তবে গভর্নর জেনারেল ইসকান্দারের চাপের মুখে পড়ে সোহরাওয়ার্দিও গদি ছাড়তে বাধ্য হন। পাকিস্তানের ষষ্ঠ প্রধানমন্ত্রী হন ইসমাইল চুন্দিরগার। মাত্র দু’মাস পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন চুন্দিরগার। রাষ্ট্রপতি নির্বাচনের পদ্ধতিতে পরিবর্তন আনার কথা বলার পর তাকে অনাস্থা ভোটের মাধ্যমে ক্ষমতা থেকে সরানো হয়। এরপর প্রধানমন্ত্রী হিসেবে পাকিস্তানের দায়িত্ব সামলানোর ভার নেন ফিরোজ খান নুন। তার শাসনকালের সময় ছিল ২৯৫ দিন। খুব অল্প সময়ে ফিরোজের জনপ্রিয়তা তুঙ্গে পৌঁছায়। মনে করা হয়, পাকিস্তানের সম্পূর্ণ ক্ষমতা দখলের ইচ্ছায় ফিরোজ বাধ সাধতে পারেন, এ ভয়ে তাকেও গদিচ্যুত করেন ইসকান্দার। অষ্টম পাক প্রধানমন্ত্রী হন নুরুল আমীন। তিনিই পাকিস্তানের ইতিহাসে সবচেয়ে স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী। মাত্র ১৩ দিনের জন্য ক্ষমতায় ছিলেন নুরুল আমীন। পাকিস্তানের দ্বিতীয় প্রেসিডেন্ট আয়ুব খানের সঙ্গে মনোমালিন্য হওয়ায় তিনি নিজেই পদ ছাড়েন। তাকে ক্ষমতাপ্রাপ্ত পাকিস্তানের শেষ বাঙালি নেতা হিসেবেও চিহ্নিত করা হয়। নুরুলের পর ক্ষমতায় আসেন পাকিস্তান পিপলস পার্টির নেতা জুলফিকার আলী ভুট্টো। ১৯৭৩ সাল থেকে শুরু করে তিনি তিন বছর ৩২৫ দিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। ১৯৭৭ সালের ৫ জুলাই জেনারেল মহম্মদ জিয়াউল হকের নেতৃত্বে সামরিক বাহিনী ভুট্টোকে ক্ষমতাচ্যুত করে। জুলফিকারকে সরিয়ে ক্ষমতায় আনা হয় মহম্মদ খান জুনেজাকে। তিনি তিন বছরের কিছু বেশি সময় পাক মসনদে ছিলেন। তবে তাকে প্রধানমন্ত্রী হিসেবে অযোগ্য এবং পাকিস্তানের অর্থনৈতিক দুরাবস্থার জন্য দায়ী করে পদ থেকে সরিয়ে দেন প্রেসিডেন্ট জিয়াউল হক।

এরপর পাকিস্তানের একাদশ এবং প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন জুলফিকারের মেয়ে বেনজির ভুট্টো। তিনি প্রধানমন্ত্রী হিসেবে প্রায় দু’বছর ক্ষমতায় ছিলেন। বেনজিরের বিরুদ্ধে দুর্নীতি ও স্বজনপোষণের অভিযোগ এনে ১৯৯০ সালে প্রেসিডেন্ট গোলাম ইসহাক খান তাকে বরখাস্ত করেন । ১৯৯০ সালে দ্বাদশ পাক প্রধানমন্ত্রী হন নওয়াজ শরিফ। ১৯৯৩ সালে প্রেসিডেন্ট ইসহাক পাক সংসদ ভেঙে দেওয়ার পর তিনি গদিচ্যুত হন। ত্রয়োদশ এবং চতুর্দশ প্রধানমন্ত্রী হিসেবে আবারও পাকিস্তান শাসনের ভার পান বেনজির এবং নওয়াজ। ১৯৯৬ সাল থেকে বেনজির তিন বছর ১৭ দিন ক্ষমতায় ছিলেন। কিন্তু দ্বিতীয়বারেও তার বিরুদ্ধে দুর্নীতি, হত্যার চক্রান্তসহ একাধিক অভিযোগ আনা হয়। প্রেসিডেন্ট ফারুক লেগহারি তার সরকার ভেঙে দেন। এরপর নওয়াজের দ্বিতীয়বারের শাসনকাল চলে দুই বছর ২৩৭ দিন। ১৯৯৯ সালে পাকিস্তানের সামরিক বাহিনীর অভ্যুথানের ফলে তার শাসনকালের অবসান ঘটে। বেনজির এবং নওয়াজের পতনের পরে ক্ষমতায় আসেন মির জাফরুল্লাহ খান জামিলি। তবে প্রায় দু’বছর শাসনকালের পর হঠাৎই নিজের পদ থেকে ইস্তফা দেন তিনি। ইস্তফা দেওয়ার আগে জামিলি প্রায় তিন ঘণ্টা তৎকালীন সেনাপ্রধান পারভেজ মোশাররফের সঙ্গে বৈঠক করেন। পাকিস্তানের বিভিন্ন বিষয়ে মোশাররফের মতের সঙ্গে জামিলির মতের মিল না হওয়ায় তাকে পদত্যাগের জন্য বাধ্য করা হয় বলেও সংবাদ মাধ্যমগুলো দাবি করে।

ষষ্টদশ পাক প্রধানমন্ত্রী হন চৌধুরী সুজাত হোসেন। তার শাসনের সময়কাল ছিল মাত্র ৫৭ দিন। এরপর তিনি নিজেই শওকত আজিজকে নিজের পদ ছেড়ে দেন। এরপর প্রধানমন্ত্রী হন শওকত আজিজ। তিন বছর ক্ষমতায় থাকার পর নিজে থেকেই সরে যান। শওকতের পর পাক প্রধানমন্ত্রী হিসেবে ক্ষমতায় আসেন ইউসুফ রাজা গিলানী। ২০০৮ থেকে ২০১২ সাল পর্যন্ত তিনি মোট চার বছর ৮৬ দিন ক্ষমতায় ছিলেন। পাকিস্তানের রাজনৈতিক ইতিহাসে প্রধানমন্ত্রীর পদে গিলানীই সবচেয়ে বেশিদিন বহাল ছিলেন। তবে একাধিক দুর্নীতি মামলায় যুক্ত থাকার অভিযোগে পাক সুপ্রিম কোর্ট তার প্রধানমন্ত্রী পদ খারিজ করে। পাকিস্তানের ১৯তম প্রধানমন্ত্রী হন রাজা পারভেজ আশরফ। প্রধামন্ত্রী হিসেবে তার শাসনের সময়কাল এক বছরও পার করেননি তিনি। আশরফ মোট ২৭৫ দিন ক্ষমতায় ছিলেন। ২০১৩ সালের ২৪ মার্চ তিনি পদ ছাড়েন। তাকেও একাধিক দুর্নীতির মামলায় যুক্ত থাকার অভিযোগে গ্রেফতারের নির্দেশ দেন প্রাক সুপ্রিম কোর্ট। এরপর ২০১৩ সালে ফের ক্ষমতায় ফেরেন আগে দু’বার প্রধানমন্ত্রীর আসনে বসা নওয়াজ। তবে তৃতীয়বার চার বছর ৫৩ দিনের জন্য ক্ষমতায় থাকেন তিনি। ২০১৭ সালে পানামা পেপার দুর্নীতিতে যুক্ত থাকার অভিযোগে তাকে ক্ষমতাচ্যুত করে সুপ্রিম কোর্ট। সুপ্রিম কোর্ট ২০১৮ সালে তাকে ১০ বছরের জন্য কারাবাসে পাঠানোরও নির্দেশ দেয়। নওয়াজের পর ৩০৩ দিনের জন্য ২১তম পাক প্রধানমন্ত্রী হন শাহিদ আব্বাসি। ২০১৮ সালে নির্বাচনের মুখে তাকে প্রধানমন্ত্রীর পদ ছাড়তে হয়। এরপরেই ক্ষমতায় আসেন ইমরান খান। ২০১৮ সালের নির্বাচনে জিতে প্রধানমন্ত্রীর পদে বসেন ইমরান খান।

স্বাধীনতার ৭৫ বছরের অমৃতকালের প্রাক্কালে এ সময়টা নিশ্চয়ই পাকিস্তানের জন্য নতুন একটি চ্যালেঞ্জের। সেখানে ক্রমাগত চলছে সুপ্রিম কোর্ট এবং প্রেসিডেন্টের রাজনৈতিক খেলা। কখনও পর্দার সামনে এবং কখনও পেছনে থাকছে সেদেশের সবচেয়ে শক্তিশালী সেনাবাহিনী। এদের দাপটে কোনো প্রধানমন্ত্রীই মেয়াদ শেষ করে শান্তিপূর্ণভাবে ঘরে যেতে পারেননি। এখন শুধু দেখার অপেক্ষা-এ পরিস্থিতির পরিণতি কোথায়?

মেজর (অব.) সুধীর সাহা : কলাম লেখক
ceo@ilcb.net
১১ জানুয়ারি ২০২৬

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa