
পশ্চিমবঙ্গে মেদিনীপুরে যোগ শেখানোর সময় ছাত্রীদের অশালীন স্পর্শের অভিযোগ, স্কুল শিক্ষক আটক
যোগ শেখানোর নাম করে কয়েকজন ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল স্কুলের ক্রীড়া শিক্ষকের বিরুদ্ধে। পশ্চিমবঙ্গের মেদিনীপুরের ঝাড়গ্রামের গোপীবল্লভপুর ২ ব্লকের একটি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে শিক্ষকতা করেন অভিযুক্ত। বেলিয়াবেড়া থানার পুলিশ ওই শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়। সূত্রে প্রকাশ, দীর্ঘদিন ধরে ওই শিক্ষকের অবাঞ্চিত আচরণের শিকার হচ্ছিল ছাত্রীরা। বিষয়টি নিয়ে ভয়ে কেউ মুখ খোলেনি। সম্প্রতি কয়েকজন অভিভাবক বিষয়টি স্কুলের প্রধান শিক্ষককে জানিয়ে ছিলেন। অভিভাবকদের অভিযোগ, বিষয়টি জানানোর পরেও তা নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ না করে তাঁদের চুপ করে থাকতে বলে প্রধান শিক্ষক। পরবর্তী সময়ে বিষয়টি এলাকায় জানাজানি হলে বুধবার (৩০ সেপ্টেম্বর ) কয়েকজন অভিভাবক স্কুলে গিয়ে প্রধান শিক্ষকের কাছে এর কারণ জানতে চান। তাঁদের সঙ্গে ছিল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদের সদস্যরা ও। এরপর অভিযুক্ত শিক্ষককে স্কুলে ডেকে তাঁর কাছে অভিযোগের বিষয়ে জানতে চান অভিভাবকেরা। তা নিয়ে স্কুল চত্বরে উত্তেজনা তৈরি হয়। খবর পেয়ে বেলিয়াবেড়া থানার পুলিশ স্কুলে পৌঁছে অভিযুক্তকে থানায় নিয়ে যায়। ঝাড়গ্রামের পুলিশ সুপার মানব সিংলা বলেন, ” শিক্ষকের এই আচরণকে কেন্দ্র করে একটা অভিযোগ সামনে আসে। ছাত্রীরা অবাঞ্চিত স্পর্শ বা ” ব্যাড টাচের” অভিযোগ করে। অভিযুক্তকে আটক করে ঘটনার তদন্ত শুরু হয়েছে। “
![]()









