
নজরুল বর্ষ উপলক্ষ্যে জহুর চান বিবি মহিলা কলেজে দেয়ালিকা প্রকাশ ও নজরুল রচনাবলী প্রদর্শনী
জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকী ও ‘নজরুল বর্ষ উপলক্ষ্যে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে জহুর চান বিবি মহিলা কলেজে আলোচনা সভা, সাংস্কৃতিক প্রতিযোগিতা, দেয়াল পত্রিকা প্রকাশ এবং নজরুলের রচনাবলী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কলেজ প্রাঙ্গণে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শায়েস্তাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ও কলেজের অ্যাডহক কমিটির সভাপতি মোঃ আসাদুজ্জামান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন। শিক্ষার্থীদের অংশগ্রহণে নজরুল বিষয়ক রচনা, আবৃত্তি, সঙ্গীত, নৃত্য ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্যকর্ম ও সৃষ্টিশীলতার সঙ্গে শিক্ষার্থীদের পরিচিত করে তুলতে দেয়াল পত্রিকা প্রকাশ এবং নজরুলের রচনাবলী প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
বক্তারা তাঁদের বক্তব্যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক চেতনা, সাম্য, মানবতা, সাম্যবাদী দর্শন, দেশপ্রেম ও শোষণ-বঞ্চনার বিরুদ্ধে প্রতিবাদী সাহিত্যকর্মের গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের বাংলা বিষয়ের প্রভাষক মো. শাহীন মিয়া ও সহকারী শিক্ষক (শরীরচর্চা) মোছা. আজিজুন্নাহার।
![]()









