
তামিলনাড়ুতে বেলুনের সিলিন্ডার বিস্ফোরণে মৃত ১, আহত ১৮
ভারতের তামিলনাড়ুতে একটি ধৰ্মীয় উৎসব চলাকালীন হিলিয়াম গ্যাস সিলিন্ডার ফেটে মৃত্যু হল একজনের। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ১৮ জন। মুহূর্তের অসতর্কতায় উৎসবের আনন্দ বিষাদে পরিণত হল। সূত্রের খবর, সোমবার (১৯ জানুয়ারি ) রাতে তামিলনাড়ুর কাল্লাকুরিচি জেলার মানালুরপেট্টাই এলাকায় থেনপেন্নাই নদী উৎসবকে কেন্দ্র করে মানুষের ভিড় উপচে পড়েছিল। সেখানে ছোটদের জন্য বেলুন বিক্রি করছিলেন এক ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের দাবি, বেলুনে গ্যাস ভরার সময় হঠাৎই হিলিয়াম গ্যাস সিলিন্ডারটি সজোরে ফেটে যায়। ঘটনাস্থলেই একজনের প্রাণহানি ঘটে। আশেপাশে থাকা মানুষজন ছিটকে পড়েন। শিশুসহ অন্তত ১৮ জন গুরুতর আহত হয়েছেন। দুর্ঘটনার খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। কয়েকজনের অবস্থা আশংকাজনক হওয়ায় মৃতের সংখ্যা আরও বাড়ার সম্ভাবনা রয়েছে।
![]()









