- - -

জ্ঞানতাপসের ৮৫ বছর: অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানকে শ্রদ্ধাঞ্জলি

Print News

জ্ঞানতাপসের ৮৫ বছর: অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খানকে শ্রদ্ধাঞ্জলি

— মো. কামাল উদ্দিন

“পথের প্রান্তে আমার তীর্থ নয়, পথের দু’ধারে আছে মোর দেবালয়।” — কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর।
এই পঙ্‌ক্তির মতোই ছিলেন তিনি—পথের প্রতিটি ধুলিকণাকে পবিত্র মন্দিরের মতো শ্রদ্ধা করা এক মানুষ, জ্ঞান ও সততার অবিচল যাত্রী—অধ্যক্ষ মোহাম্মদ হোসেন খান। আজ ১৪ আগস্ট, তাঁর ৮৫তম জন্মদিনে আমরা স্মরণ করছি এক মহান শিক্ষক, এক মুক্তচিন্তার আলোকবর্তিকা, যিনি সারা জীবন জ্ঞানের আলো বিলিয়ে গেছেন।
১৯৪০ সালের এই দিনে, চট্টগ্রামের আনোয়ারা উপজেলার পরৈকোড়া গ্রামে জন্মগ্রহণ করেন তিনি। পিতা ইসমাইল খান ও মাতা ফাতেমা খানের জ্যেষ্ঠ সন্তান হোসেন খান শৈশবেই শিক্ষার প্রতি গভীর অনুরাগী ছিলেন। প্রাথমিক শিক্ষা নেন চারুশীলা প্রাইমারি স্কুলে, পরে কাজেম আলী হাই স্কুল থেকে ম্যাট্রিক, চট্টগ্রাম কলেজ থেকে আইএ ও অনার্স এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় এমএ ডিগ্রি অর্জন করেন।
শিক্ষাজীবন শেষে ঢাকার আবুজর গিফারী কলেজে শিক্ষকতা দিয়ে কর্মজীবনের সূচনা। এরপর প্রতিষ্ঠাতা অধ্যক্ষ হিসেবে আনোয়ারা কলেজ, ছাগলনাইয়া কলেজ ও ওমরগণি এমইএস কলেজে নেতৃত্ব দেন। সরকারি কলেজেও বহু গুরুত্বপূর্ণ পদে ছিলেন—বাংলা বিভাগের প্রধান, সহযোগী অধ্যাপক, অধ্যক্ষ। পাশাপাশি ৬০-এর দশকের তুখোড় ছাত্রনেতা, ৬২’র শিক্ষা আন্দোলনের প্রথম ছাত্র রাজবন্দী, মুক্তিযুদ্ধের সহযোদ্ধা এবং মওলানা ভাসানীর ঘনিষ্ঠ সহচর।
শিক্ষক হিসেবে তাঁর অনন্য বৈশিষ্ট্য ছিল জ্ঞাননির্ভর জীবনদর্শন। তিনি সবসময় বলতেন—”সু-লেখক হতে হলে প্রথমে হতে হবে পাঠক।” লেখালেখির আগে বই পড়ার গুরুত্ব তিনি নিজে মেনে চলতেন এবং শিষ্যদের শেখাতেন। ‘ইবনে সাজ্জাদ’ ছদ্মনামে দৈনিক আজাদী পত্রিকায় তাঁর ‘বাঙালির বাসিকথা’ ছিল রস, ব্যঙ্গ ও সামাজিক সচেতনতায় ভরা এক অনন্য ধারাবাহিক। সেখানেই তিনি প্রথম লিখেছিলেন “হরতাল বীমা” এবং “ঝগড়া দিবস” প্রবর্তনের ব্যঙ্গাত্মক প্রস্তাব—যা আজও রাজনৈতিক ও সামাজিক বাস্তবতায় বিস্ময়করভাবে প্রাসঙ্গিক।
তাঁর জীবনের শেষ দিন পর্যন্ত কলম থামেনি। মৃত্যুর আগের দিনও তাঁর লেখা পত্রিকায় ছাপা হয়েছিল। ২০১৩ সালের ১৪ নভেম্বর, চট্টগ্রামের এই প্রিয় মানুষটি হেঁটেই চিরবিদায় নিলেন, যেমন হেঁটে হেঁটে জীবন কাটিয়েছিলেন।
আজ তাঁর জন্মদিনে স্মরণ করতে গিয়ে মনে হয়—জ্ঞান, সততা, সংস্কৃতিচর্চা ও মানবিকতার এক উজ্জ্বল নক্ষত্রকে আমরা হারিয়েছি, কিন্তু তাঁর জ্ঞানের আলো নিভে যায়নি। তাঁর হাতে গড়া শিক্ষা প্রতিষ্ঠানগুলো, তাঁর লেখা, তাঁর শিষ্যরা—সবই হয়ে থাকবে তাঁর অমর স্মৃতির ধারক।
হয়তো আমরা আর দেখতে পাব না সাদা পায়জামা, মোটা খাদির পাঞ্জাবি আর আলবেরুনির মতো কাঁধে ব্যাগ ঝুলিয়ে শহরের এক প্রান্ত থেকে আরেক প্রান্তে ছুটে চলা সেই মানুষটিকে। কিন্তু তাঁর শিক্ষার আলো, চিন্তার দীপ্তি আর সাহসী কলম চিরকাল পথ দেখাবে আগামী প্রজন্মকে।
আজ, তাঁর ৮৫তম জন্মবার্ষিকীতে, গভীর শ্রদ্ধায় বলি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa