
ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২ মাওবাদী নিহত
মাওবাদী সন্ত্রাস দমনে ফের সাফল্য। ভারতের ছত্তিশগড়ে নিরাপত্তা বাহিনীর অভিযানে আরও কোণঠাসা মাওবাদীরা। এ অভিযানে অন্তত ২ মাও নেতা নিহত হয়েছে। শুক্রবার (১৬ জানুয়ারি ) রাতে গোপন সূত্রে খবর পেয়ে উত্তর – পশ্চিম বিজাপুরের জঙ্গল ঘেরা এলাকায় অভিযানে নামে নিরাপত্তা বাহিনী। এ সময় নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে মাওবাদীরা। শনিবার (১৭ জানুয়ারি ) সকাল থেকে শুরু হয় ২ পক্ষের গুলির লড়াই। তাতেই মৃত্যু হয় নিষিদ্ধ সংগঠন সিপিআই (মাওবাদী ) এর সশস্ত্র শাখা পিএলজিএ ( পিপলস লিবারেশন গেরিলা আর্মি ) এর ২ সদস্য। একই সঙ্গে ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্র এবং বিস্ফোরক। সূত্রের খবর, মাওবাদী শীর্ষ নেতা পাপা রাওসহ অন্যান্য মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি অভিযান।
![]()









