- - -

চুনারুঘাটে বন টহলে গুলি, গাছ চোর চক্রের হামলা: আটক ১, আদালতে প্রেরণ

Print News

চুনারুঘাটে বন টহলে গুলি, গাছ চোর চক্রের হামলা: আটক ১, আদালতে প্রেরণ

 

হবিগঞ্জের চুনারুঘাটে বন বিভাগের টহল দলের ওপর সশস্ত্র হামলা ও গুলি ছোড়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক গাছ চোরকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সন্ধ্যায় তাকে হবিগঞ্জ বন আদালতে প্রেরণ করা হয়। গ্রেফতার হওয়া ব্যক্তি মো. কাপ্তান মিয়া (৩২)। তিনি চুনারুঘাট উপজেলার আমিরপুর গ্রামের বাসিন্দা। বন বিভাগ সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২৬ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে উপজেলার কালেঙ্গা বিটের আমিরপুর নন্দী বাজারের পূর্ব পাশে আগর বাগান এলাকায় টহল দিচ্ছিলেন বনকর্মীরা। এ সময় তারা দেখতে পান, ১৫-২০ জনের একটি সশস্ত্র দল আকাশমণি গাছ কাটছে। দলটির নেতৃত্বে ছিল সুমন মিয়া। বনকর্মীরা তাদের বাধা দিলে গাছ চোররা চাইনিজ রাইফেলসহ আগ্নেয়াস্ত্র দিয়ে অন্তত চার রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে বন বিভাগের সদস্যরাও পাল্টা গুলি চালান। এতে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে গাছ চোররা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। ঘটনাস্থল থেকে ২০টি আকাশমণি গাছ কাটার প্রমাণ পাওয়া গেছে। এছাড়া ২২ দশমিক ৫৮ ঘনফুট গোল কাঠ এবং ৪৪টি বল্লী (মোট দৈর্ঘ্য প্রায় ৪৯৩ ফুট) উদ্ধার করা হয়।
পরে অভিযান চালিয়ে এ ঘটনায় জড়িত কাপ্তান মিয়াকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে বন আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।
বন বিভাগ জানিয়েছে, গাছ চোর চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে এবং জড়িতদের আইনের আওতায় আনা হবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa