
চট্টগ্রাম থেকে লাতু মালেগড় : সিপাহী বিপ্লব ও হাবিলদার রজব আলী খাঁ
———————————————
সোহেল মো. ফখরুদ-দীন
———————————————-
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ভারতীয় উপমহাদেশের ঔপনিবেশিক শাসনবিরোধী ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। এই বিদ্রোহ কেবল উত্তর ভারতের মিরাট, দিল্লি, কানপুর কিংবা লক্ষ্ণৌকেন্দ্রিক ছিল না, এর বিস্তৃতি ঘটেছিল বাংলার চট্টগ্রাম থেকে শুরু করে উত্তর-পূর্ব ভারতের বিভিন্ন অঞ্চলেও। সেই ইতিহাসের সঙ্গে গভীরভাবে জড়িয়ে আছে চট্টগ্রামের প্যারেড ময়দান, দেশপ্রেমিক হাবিলদার রজব আলী খাঁ এবং আসামের লাতু মালেগড়ের নাম। ইতিহাসের একটি বিস্মৃত অথচ তাৎপর্যপূর্ণ অধ্যায় হলো, চট্টগ্রামের মাটি থেকে ব্রিটিশবিরোধী সশস্ত্র বিদ্রোহের সূচনা করে একদল দেশপ্রেমিক সিপাহির আসামের পাহাড়ি অঞ্চলে গিয়ে শেষ পর্যন্ত আত্মদান। এই বিদ্রোহের নেতৃত্বে ছিলেন হাবিলদার রজব আলী খাঁ। চট্টগ্রাম থেকে লাতু মালেগড় পর্যন্ত তাঁদের এই দীর্ঘ সংগ্রাম, প্রতিরোধ ও আত্মত্যাগ আমাদের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে বিশেষ গুরুত্বের দাবিদার।
চট্টগ্রামের প্যারেড ময়দান : বিদ্রোহের সূতিকাগার, বাংলাদেশের বন্দরনগরী চট্টগ্রাম। এই শহরের চকবাজার এলাকায় অবস্থিত বর্তমান চট্টগ্রাম কলেজের মাঠটি ঐতিহাসিকভাবে প্যারেড গ্রাউন্ড বা প্যারেড ময়দান নামে পরিচিত। ব্রিটিশ ঔপনিবেশিক আমলে সামরিক কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত এই মাঠ একসময় ইতিহাসের গুরুত্বপূর্ণ রাজনৈতিক ও সামরিক ঘটনার সাক্ষী হয়ে ওঠে।
১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ধারাবাহিকতায় চট্টগ্রামের এই প্যারেড ময়দান থেকে ব্রিটিশবিরোধী সশস্ত্র প্রতিরোধের এক ঐতিহাসিক অধ্যায়ের সূচনা হয়। এখানেই বিদ্রোহী সিপাহিদের সংগঠিত হওয়ার প্রেক্ষাপট তৈরি হয়। দেশপ্রেমিক হাবিলদার রজব আলী খাঁর নেতৃত্বে ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেন। এটি ছিল শুধু একটি সামরিক বিদ্রোহ নয়, বরং বৃটিশ – বিদেশি শাসনের বিরুদ্ধে আত্মমর্যাদা, অধিকার ও স্বাধীনতার আকাঙ্ক্ষায় উদ্বুদ্ধ একদল সৈনিকের সাহসী প্রতিরোধ। চট্টগ্রামের এই ঘটনাপ্রবাহ পরবর্তী সময়ে আসামের লাতু মালেগড়ের রণক্ষেত্রে গিয়ে এক মর্মান্তিক পরিণতি লাভ করে।
লাতু মালেগড়, আসাম : ১৮৫৭ সালের বিদ্রোহের ঐতিহাসিক রণক্ষেত্র : লাতু মালেগড় ভারতের আসাম রাজ্যের বর্তমান শ্রীভূমি জেলার (পূর্বনাম করিমগঞ্জ জেলা) একটি ঐতিহাসিক স্থান। বাংলাদেশ-ভারত সীমান্তবর্তী এই অঞ্চল ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি গুরুত্বপূর্ণ স্থান হিসেবে পরিচিত। স্থানীয়ভাবে মালেগড় পাহাড় বা মালেগড় টিলা নামে পরিচিত এই স্থানটি চট্টগ্রামের বিদ্রোহী সিপাহিদের শেষ প্রতিরোধের স্মৃতিচিহ্ন বহন করছে। ইতিহাসের বিভিন্ন বিবরণে জানা যায়, চট্টগ্রাম থেকে যাত্রা শুরু করা বিদ্রোহী সিপাহিরা দীর্ঘ পথ অতিক্রম করে আসামের লাতু অঞ্চলের মালেগড় পাহাড়ে পৌঁছান। সেখানে ব্রিটিশ বাহিনীর সঙ্গে তাঁদের সম্মুখযুদ্ধ সংঘটিত হয়। এই যুদ্ধে বহু দেশপ্রেমিক সিপাহি প্রাণ হারান। তাঁদের আত্মদানের স্মৃতি আজও মালেগড়ের পাহাড়ে সংরক্ষিত রয়েছে। পাহাড়ের ওপর শহীদ সিপাহিদের সমাধিস্থল ঘিরে দেয়াল নির্মাণ করা হয়েছে এবং প্রবেশের জন্য একটি গেটও রয়েছে। তবে স্থানীয়ভাবে জানা যায়, গেটটি প্রায়ই বন্ধ থাকে। আমার ( সোহেল মো. ফখরুদ-দীন) সৌভাগ্য হয়েছিলো ২০১৮ সালে আসামের শীলচর ভ্রমণ কালে এই স্মৃতির সমাধি গুলো দেখার। মুলত ঐ সময়ে আমি শীল চরে বাংলা ভাষার জন্য প্রাণ বিসর্জন দেয়া শহীদ দিবসের ১৯ মের অনুষ্ঠানে যোগদান করতে গিয়েছিলাম।
মালেগড় লাতুর একটি পাহাড়, কয়েকটি সমাধি এবং নীরব প্রকৃতি—সবকিছু মিলিয়ে লাতু মালেগড় যেন ১৮৫৭ সালের সেই রক্তক্ষয়ী বৃটিশ বিরোধী সংগ্রামের এক জীবন্ত স্মারক। অথচ উপমহাদেশের স্বাধীনতাসংগ্রামের ইতিহাসে এই স্থানটি এখনো যথাযথ পরিচিতি ও গুরুত্ব পায়নি। ১৮৫৭ সালের চট্টগ্রাম বিদ্রোহে হাবিলদার রজব আলী খাঁর নেতৃত্ব
ঐতিহাসিক বিবরণ ইতিহাসে ১৮৫৭ সালের ১২ নভেম্বর অথবা কোনো কোনো বিবরণে ১৮ নভেম্বর চট্টগ্রামে ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির সিপাহিরা ব্রিটিশবিরোধী বিদ্রোহে অংশ নেন। এই বিদ্রোহের অন্যতম প্রধান নেতা ছিলেন দেশপ্রেমিক হাবিলদার রজব আলী খাঁ। ইতিহাসে হাবিলদার রজব আলী খার বাড়ী কোথায় নিদিষ্ট করে গবেষণায় পাওয়া যায়নি। ইতিহাসবিদ আহমদ মমতাজ সন্দীপ বা পটিয়া, ইতিহাসবেত্তা সোহেল ফখরুদ-দীন পটিয়া চক্রশালা, দোহাজারী বা আধুনগর লোহাগড়া এই বিপ্লবীর বাড়ী উল্লেখ করেছেন। আবার অন্য ইতিহাসবিদ চট্টগ্রামের বাহিরে তাঁর জন্মস্থান উল্লেখ করেছেন। হাবিলদার রজব আলী খা
বিদ্রোহী দেশপ্রেমিক সৈন্য নিয়ে চট্টগ্রামে ব্রিটিশ সরকারের সামরিক অস্ত্রাগার ও কোষাগার দখল করেন। তাঁরা ব্রিটিশ কর্মকর্তাদের অস্ত্রের মুখে চট্টগ্রাম শহর থেকে সমুদ্রের দিকে সরে যেতে বাধ্য করেন। ব্রিটিশ কর্মকর্তারা সমুদ্রগামী জাহাজে আশ্রয় নেন। একই সময়ে বিদ্রোহীরা কারাগারে বন্দি কয়দীদের মুক্ত করে দেন।
ব্রিটিশ প্রশাসনের নিয়ন্ত্রণ দুর্বল হয়ে পড়ায় চট্টগ্রাম শহরে এক অভূতপূর্ব পরিস্থিতির সৃষ্টি হয়। ইতিহাসের বিভিন্ন বিবরণে বলা হয়, বিদ্রোহের ততক্ষণে জয়লাভের ফলে ঐ সময়ে প্রায় ৩০ ঘণ্টা চট্টগ্রামে ব্রিটিশ শাসনের প্রত্যক্ষ নিয়ন্ত্রণমুক্ত ছিল। ব্রিটিশ পতাকা নামিয়ে ফেলা হয়। বিদেশি শাসনের বিরুদ্ধে দেশীয় সৈন্যদের এই সাহসী অবস্থান চট্টগ্রামের ইতিহাসে এক ব্যতিক্রমী ঘটনা ও কালজয়ী। বিদ্রোহের পর সিপাহীরা চট্টগ্রাম ত্যাগ করে ত্রিপুরার জঙ্গলপথ ধরে সিলেট অঞ্চলের দিকে অগ্রসর হন। তাঁদের চূড়ান্ত লক্ষ্য ছিল মণিপুরের দিকে যাত্রা করা এবং বৃহত্তর বিদ্রোহী শক্তির সঙ্গে যুক্ত হওয়া।
কিন্তু তাঁদের এই পরিকল্পনা বাস্তবায়ন সহজ ছিল না। ত্রিপুরা অঞ্চলে ব্রিটিশপন্থীদের মাধ্যমে বিদ্রোহীদের গতিবিধি ও অবস্থান সম্পর্কে খবর ছড়িয়ে পড়ে। ফলে তাঁরা স্বাভাবিক পথে অগ্রসর হতে বাধার সম্মুখীন হন। পাহাড়, জঙ্গল ও দুর্গম পথ অতিক্রম করে শেষ পর্যন্ত বিদ্রোহী সিপাহীরা আসামের লাতু অঞ্চলের মালেগড় পাহাড়ে পৌঁছান। ১৮৫৭ সালে সংঘটিত মালেগড়ের যুদ্ধ উপমহাদেশের উত্তর-পূর্বাঞ্চলের সিপাহী বিদ্রোহের ইতিহাসে একটি উল্লেখযোগ্য ঘটনা। চট্টগ্রাম থেকে যাত্রা করা বিদ্রোহী সিপাহীদের সঙ্গে সেখানে ব্রিটিশ বাহিনীর সরাসরি সংঘর্ষ হয়। ঐতিহাসিক বিবরণে ব্রিটিশ বাহিনীর নেতৃত্বে মেজর ‘ বাইং ‘য়ের নাম পাওয়া যায়। অন্যদিকে বিদ্রোহী দেশীয় সৈন্যদের নেতৃত্বে ছিলেন হাবিলদার রজব আলী খাঁ।
দুই পক্ষের মধ্যে তীব্র সংঘর্ষ সংঘটিত হয়। সংখ্যায় ও সামরিক সরঞ্জামে পিছিয়ে থাকা বিদ্রোহী সিপাহীরা ব্রিটিশ বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে প্রতিরোধ গড়ে তোলেন। কিন্তু শেষ পর্যন্ত ব্রিটিশ বাহিনীর শক্তিশালী আক্রমণের মুখে তাঁদের অনেকেই প্রাণ হারান।
বিভিন্ন ঐতিহাসিক বিবরণে এই যুদ্ধে ৩৪তম বেঙ্গল নেটিভ ইনফ্যান্ট্রির ২৬ জন বিদ্রোহী সিপাহির শহীদ হওয়ার কথা উল্লেখ রয়েছে। ব্রিটিশ পক্ষের পাঁচজন সৈন্যও নিহত হন। কয়েকটি বিবরণে নিহতদের মধ্যে মেজর ‘ বাইং’ য়ের নামও পাওয়া যায়। এই যুদ্ধের মধ্য দিয়ে চট্টগ্রাম থেকে শুরু হওয়া বিদ্রোহী সিপাহীদের দীর্ঘ প্রতিরোধের এক করুণ অধ্যায়ের পরিসমাপ্তি ঘটে। হাবিলদার রজব আলী খাঁ এবং তাঁর সহযোদ্ধাদের আত্মত্যাগ মালেগড়ের পাহাড়কে ইতিহাসের এক স্মরণীয় রণক্ষেত্রে পরিণত করেছে। তাঁরা হয়তো স্বাধীনতার চূড়ান্ত বিজয় দেখে যেতে পারেননি, কিন্তু বিদেশি শাসনের বিরুদ্ধে তাঁদের অস্ত্রধারণ ও আত্মদান পরবর্তী প্রজন্মের জন্য সাহস, দেশপ্রেম এবং আত্মমর্যাদার এক অনন্য দৃষ্টান্ত হয়ে রয়েছে।
আমাদের ইতিহাসচর্চায় লাতু মালেগড়কে যথাযথভাবে অন্তর্ভুক্ত করা জরুরি। কারণ, ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের ইতিহাস কেবল দিল্লি, মিরাট কিংবা উত্তর ভারতের কয়েকটি যুদ্ধক্ষেত্রের মধ্যে সীমাবদ্ধ নয়। চট্টগ্রাম থেকে আসাম পর্যন্ত বিস্তৃত এই সংগ্রাম প্রমাণ করে, উপমহাদেশের বিভিন্ন অঞ্চলের সৈনিক ও সাধারণ মানুষ ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলেছিলেন।
হাবিলদার রজব আলী খাঁ ইতিহাসের বিস্মৃত মহানায়ক! ১৮৫৭ সালের চট্টগ্রাম বিদ্রোহ এবং মালেগড়ের যুদ্ধের সঙ্গে হাবিলদার রজব আলী খাঁর নাম অবিচ্ছেদ্যভাবে জড়িয়ে আছে। তিনি ছিলেন সেই সময়ের একজন দেশীয় সামরিক কর্মকর্তা, যিনি ব্রিটিশ ঔপনিবেশিক শাসনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করে বিদ্রোহী সিপাহীদের নেতৃত্ব দিয়েছিলেন। তাঁর নেতৃত্বে চট্টগ্রামের সিপাহীরা ব্রিটিশ সামরিক কর্তৃত্বকে চ্যালেঞ্জ করেছিলেন। তাঁদের এই সাহসী পদক্ষেপ চট্টগ্রামের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ ঘটনা হিসেবে বিবেচিত হওয়ার দাবি রাখে। দুঃখজনক হলেও সত্য, উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ইতিহাসে অনেক পরিচিত ব্যক্তিত্বের নাম আলোচিত হলেও হাবিলদার রজব আলী খাঁর মতো বীরকে আঞ্চলিক ইতিহাসে ধরে রাখা হয়েছে। এই বীরকে আন্তর্জাতিক মর্যাদায় তুলে ধরা হয়নি। তাঁর ইতিহাস চেপে রাখা হয়েছে। মুসলিম এই বীরযোদ্ধা কে আজোও মর্যাদা দানে রাষ্ট্র বাহাদুর এগিয়ে আসেন নি। আমাদের ইতিহাসের এই বিস্মৃত অধ্যায় নতুন প্রজন্মের কাছে তুলে ধরা এখন সময়ের দাবি। চট্টগ্রামের
প্যারেড ময়দানের নাম হোক ‘হাবিলদার রজব আলী প্যারেড ময়দান’ চট্টগ্রামের ঐতিহাসিক প্যারেড ময়দান শুধু একটি মাঠ নয়! এটি ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহের স্মৃতিবিজড়িত একটি ঐতিহাসিক স্থান। এই ময়দান থেকে যে বিদ্রোহের সূচনা হয়েছিল, তার নেতৃত্বে ছিলেন দেশপ্রেমিক হাবিলদার রজব আলী খাঁ। তাঁর নেতৃত্বে বিদ্রোহী সিপাহিরা ব্রিটিশবিরোধী সংগ্রামে অংশ নিয়ে শেষ পর্যন্ত আসামের মালেগড় পাহাড়ে গিয়ে আত্মদান করেন।
তাই এই ঐতিহাসিক প্যারেড ময়দানের নাম ‘হাবিলদার রজব আলী প্যারেড ময়দান’ ঘোষণা করার দাবি অত্যন্ত যৌক্তিক ও সময়োপযোগী।
ইতিহাসসচেতন নাগরিক, গবেষক, ইতিহাসবিদ, সাংস্কৃতিক কর্মী ও সংগঠকদের পক্ষ থেকে এই দাবি দীর্ঘদিন ধরে উত্থাপিত হয়ে আসছে। সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আমাদের প্রত্যাশা, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে হাবিলদার রজব আলী খাঁর স্মৃতিকে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিকভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। একই সঙ্গে চট্টগ্রাম ও আসামের লাতু মালেগড়ের মধ্যে ঐতিহাসিক সম্পর্ককে গুরুত্ব দিয়ে দুই অঞ্চলের ইতিহাসবিদ ও গবেষকদের যৌথ উদ্যোগে গবেষণা, তথ্যসংগ্রহ, স্মৃতিচিহ্ন সংরক্ষণ এবং ঐতিহাসিক যোগাযোগ স্থাপন করা যেতে পারে।
————————–
লেখক: সোহেল মো. ফখরুদ-দীন, পরিচালক ও সম্পাদক, ইতিহাসের পাঠশালা ; সভাপতি, চট্টগ্রাম ইতিহাস চর্চা কেন্দ্র, বাংলাদেশ।
![]()









