[bangla_day] - [english_date] - [bangla_date] - [hijri_date]

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান বিশু মন্ডল গ্রেফতার

গোপালগঞ্জে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ প্রধান বিশু মন্ডল গ্রেফতার

 

গোপালগঞ্জের মুকসুদপুর থেকে আন্তর্জাতিক মানব পাচার চক্রের মূলহোতা ‘বিশু গ্যাং’ এর প্রধান বিশু মন্ডল (৪০) কে গ্রেফতার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-৬)।

শনিবার (২৭ সেপ্টেম্বর ২০২৬) রাত ৯টা ৪৫ মিনিটে এসআরবি-৬, সিপিসি সদর কোম্পানি (ভাটিয়াপাড়া ক্যাম্প) এর একটি চৌকস দল গোপন সংবাদের ভিত্তিতে মুকসুদপুর থানাধীন বাঘাদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত বিশু মন্ডল মানব পাচার মামলার এজাহারনামীয় পলাতক আসামি।

*মামলার বিবরণে জানা যায়,* গ্রেফতারকৃত বিশু মন্ডল ১৪ লক্ষ টাকার বিনিময়ে ইতালি পাঠানোর প্রলোভন দেখিয়ে এলাকায় প্রচারণা চালাতো। ভুক্তভোগী বাদীর কাছ থেকে প্রথমে পাসপোর্টসহ ২ লক্ষ টাকা এবং পরে ১২ নভেম্বর ২০২৩ তারিখে ইতালি যাওয়ার কথা বলে বাকি ১২ লক্ষ টাকা নেয়।

টাকা নেওয়ার পর বাদীকে ঢাকা থেকে বিমানে দুবাই, দুবাই থেকে মিশর এবং মিশর থেকে লিবিয়ায় পাঠানো হয়। লিবিয়ায় পাঠিয়ে তাকে আন্তর্জাতিক মাফিয়া চক্রের কাছে তুলে দেয় বিশুর সহযোগীরা। সেখানে মাফিয়া চক্র ভিকটিমকে নির্যাতন করে ভিডিও ধারণ করে পরিবারের কাছে পাঠিয়ে ২৫ লক্ষ টাকা মুক্তিপণ দাবি করে।

মাফিয়াদের দাবি অনুযায়ী বিশু মন্ডল ও তার সহযোগীরা ভিকটিমের বাড়ি থেকে ২৫ লক্ষ টাকা আদায় করে নেয়। টাকা পেয়ে মাফিয়ারা তাকে ছেড়ে দিলেও বিশু মন্ডলের চক্রান্তে তাকে পুনরায় মাফিয়াদের হাতে তুলে দেওয়া হয়। দ্বিতীয় দফায় আবারও নির্যাতনের ভিডিও পাঠিয়ে আরও ২৫ লক্ষ টাকা মুক্তিপণ আদায় করা হয়।

এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে গোপালগঞ্জের মানব পাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধ দমন ট্রাইব্যুনালে নালিশি অভিযোগ দাখিল করলে ট্রাইব্যুনালের নির্দেশে মুকসুদপুর থানায় মানব পাচার আইনে মামলা রুজু হয়।

এসআরবি-৬ জানায়, গ্রেফতারকৃত বিশু মন্ডলের বিরুদ্ধে এর আগেও মানব পাচার ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একাধিক মামলা রয়েছে।

গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মুকসুদপুর থানায় হস্তান্তর করা হয়েছে।

Loading

Facebook
Twitter
LinkedIn