
গণেশ প্রতিমা বিসর্জনে বিপত্তি, ভারতের ২ রাজ্যে মৃত্যু অন্তত ১৫ জনের
গণেশ প্রতিমা বিসর্জনের সময়েই বিপত্তি। ভারতের ২ রাজ্যে গণেশ প্রতিমা বিসর্জনে মৃত্যু হয়েছে অন্তত ১৫ জনের। মৃতদের মধ্যে ১০ জন নাবালক। তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদে হ্রদের জলে তলিয়ে মৃত্যু হয়েছে ৬ নাবালকের। অপরদিকে, ওড়িশায় ৪ জন নাবালক সহ মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। হায়দরাবাদের পাতানচেরুর পেদ্দাকান জারলা গ্রামে একটি হ্রদে পড়ে ৬ জন নাবালকের মৃত্যু হয়েছে। গণেশ প্রতিমা বিসর্জনের জন্য হ্রদে নামার সময় এই ঘটনাটি ঘটেছে। পুলিশ সূত্রে প্রকাশ, বুধবার (১৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় গণেশ প্রতিমা বিসর্জনের জন্য গ্রামের কাছে একটি হ্রদে নেমেছিল ৮ জন নাবালক। পেদ্দাকান জারলা গ্রামের একটি দাতব্য ট্রাস্ট পরিচালিত হস্টেলে থাকত তারা। তাদের মধ্যে ২ জন কোনও মতে উঠে আসতে পারলেও বাকি ৬ জন ডুবে যায়। সেই সময়ে বড় কেউই তাদের সঙ্গে ছিল না। হ্রদের তলদেশের আলগা কাদার কারণেই এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে বলে ধারণা পুলিশ আধিকারিকদের। এই মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন তেলেঙ্গানার রাজ্যপাল শিব প্রতাপ শুক্লা এবং মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি। এই ঘটনায় মৃতদের পরিবারগুলিকে সাহায্য করার জন্য আধিকারিকদের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। প্রতিমা বিসর্জনে বিপত্তি ওড়িশা রাজ্যেও। গণেশ প্রতিমা বিসর্জন অনুষ্ঠান চলাকালীন ২৪ ঘন্টায় ওড়িশা রাজ্যজুড়ে জলে ডুবে যাওয়ার ১৪টি ঘটনা ঘটেছে। এই ঘটনায় ৭ জনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে। জলে ডুবে মৃত্যু হয়েছে অন্তত ৯ জনের। এর মধ্যে ৪ জন নাবালক। এখনও ১জন নিখোঁজ আছে। তার সন্ধানে তল্লাশি অভিযান চলছে বলেও জানিয়েছেন আধিকারিকরা।
![]()









