
কেরালার ত্রিশূরে দাঁড়িয়ে থাকা লরিতে গাড়ির ধাক্কা, মৃত্যু ৮ ইঞ্জিনিয়ার পড়ুয়ার
ভয়াবহ দুর্ঘটনা ভারতের কেরালায়। দাঁড়িয়ে থাকা লরিতে ধাক্কা মারে গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ৮ জনের। মৃতরা সকলেই একটি ইঞ্জিনিয়ারিং কলেজের পড়ুয়া। তাঁরা সকলেই তামিলনাড়ু রাজ্যের বাসিন্দা বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার (৪ সেপ্টেম্বর ) গভীর রাতে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে ত্রিশূরে বলেও জানিয়েছেন পুলিশ আধিকারিকরা। শনিবার ( ৫ সেপ্টেম্বর ) পুলিশ জানিয়েছে, মর্মান্তিক এই দুর্ঘটনা ঘটেছে শুক্রবার (৪ সেপ্টেম্বর ) রাত ১১ টা ৪০ মিনিটে। কেরালার পুলিশ সূত্রে প্রকাশ, এই দুর্ঘটনা ঘটেছে ত্রিশূর জেলার কাইপামঙ্গলমে। সেখানে পানাম্বিকুন্নু সেন্টারে এই দুর্ঘটনাটি ঘটে। জাতীয় সড়কে দাঁড়িয়ে ছিল একটি লরি। মধ্যরাতে ওই লরিতে ধাক্কা মারে গাড়িটি। সংঘর্ষের ফলে গাড়িটি দুমড়ে মুচড়ে যায়। ভেতরে থাকা যাত্রীদের গাড়ি কেটে বের করতে হয়। সূত্রের খবর, গাড়িটি গুরুভায়ুর দিক থেকে কোডুঙ্গাল্লরের দিকে যাচ্ছিল। প্রাথমিক তথ্য অনুযায়ী, গাড়িতে থাকা যাত্রীরা তামিলনাড়ুর দিন্দিগুলের পিএসএনএ কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির পড়ুয়া। এই নিয়ে বিস্তারিত তথ্যের অপেক্ষায় রয়েছে কেরালা পুলিশ। ওই পড়ুয়ারা কোথায় যাচ্ছিলেন তাও জানার চেষ্টা করছেন আধিকারিকরা।
![]()









