
কুমিল্লা বুড়িচং থানা পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ যুবদল নেতা আটক
কুমিল্লা বুড়িচংয়ের কালিকাপুর বাজার থেকে ১২ কেজি গাঁজাসহ জামান হোসেন নামের এক যুবদল নেতাকে আটক করেছে বুড়িচং থানা পুলিশ।
সোমবার (২২ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টার দিকে উপজেলার কালিকাপুর বাজার থেকে তাকে আটক করা হয়।
আটককৃত আসামি জামান হোসেন (৩৪) উপজেলার ২ নং বাকশীমূল ইউনিয়নের আনন্দপুর পশ্চিমপাড়া গ্রামের আব্দুল হামিদের ছেলে এবং ইউনিয়ন যুবদল কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক।
মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক।
থানা পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে থানার উপ-পরিদর্শক (এস.আই) রাকিবুল হাছান, সহকারী উপ-পরিদর্শক (এ.এস.আই) শাহপরান ও সঙ্গীয় ফোর্সসহ উপজেলার কালিকাপুর বাজারে শ্রীমন্তপুর প্রবাসী মনির হোসেনের বাড়ির সামনে বাগড়া-কুমিল্লা সড়কে গাড়ির জন্য অপেক্ষারত অবস্থায় জামানকে আটক করা হয়। পরে তার কাছে থাকা ১২ কেজি গাজা উদ্বার করে পুলিশ। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে জামানের ভাই সুমন পালিয়ে যায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কুমিল্লা বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল হক বলেন, আটককৃত আসামি জামানের বিরুদ্ধে আগে একটি ধর্ষণ মামলা রয়েছে। এঘটনায় থানায় মাদক আইনে মামলা দায়ের শেষে মঙ্গলবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।
![]()









