
উত্তরপ্রদেশের শাহি জামে মসজিদে সংঘর্ষ, গুলিতে ৩ জন নিহত
শাহি জামে মসজিদে সমীক্ষা ঘিরে সংঘর্ষে মৃত্যু হল ৩ জনের। রবিবার (২৪ নভেম্বর ) সকাল ৭টায় ভারতের উত্তরপ্রদেশের সম্বলের চান্দৌসি শহরে ঘটনাটি ঘটেছে। সংঘর্ষে নিহতদের নাম নইম, তিনি কোট কুরভি এলাকার বাসিন্দা, বিলাল, তাঁর বাড়ি সারাই তারিনে। অপর জনের নাম নুমান। তিনি সম্বলের হায়াত নগরের বাসিন্দা। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এদিন ব্যাপক উত্তেজনার সৃষ্টি হয় এলাকায়। পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ছোড়া হয় পাথর। আহত হয়েছেন বেশ কয়েকজন পুলিশকর্মী। তাঁদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। উত্তেজিত জনতাকে ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল ছোড়ার পাশাপাশি লাঠিচার্জ করে পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে এলাকায় মোতায়েন করা হয়েছে বিরাট পুলিশবাহিনী। ড্রোন দিয়ে নজর দারি চালানো হচ্ছে। সংবাদমাধ্যম সূত্রে প্রকাশ, স্থানীয় এক পুরোহিত আদালতে অভিযোগ করেছিলেন, শাহি জামে মসজিদের জায়গায় আগে একটি মন্দির ছিল। ১৫২৯ সালে মুসলিম শাসকরা মসজিদ নির্মাণের জন্য সেটি ভেঙে দিয়েছিলেন। ওই আবেদনের পর সমীক্ষার নির্দেশ দেয় আদালত। প্রথম সমীক্ষা হয় ১৯ নভেম্বর। তারপর থেকে এলাকায় উত্তেজনা বাড়ছিল। আদালতের নির্দেশে এদিন সকাল ৭টায় আদালত নিযুক্ত কমিশনার এবং তাঁর দলের ৬ সদস্য ফের সমীক্ষার জন্য ওই মসজিদে প্রবেশ করেন। সেখানে ভিড় করেন স্থানীয় বাসিন্দারা। সমীক্ষার বিরোধিতায় সরব হন তাঁরা। সমীক্ষকরা মসজিদের বাইরে আসার পরই শুরু হয় তুমুল সংঘর্ষ। পুলিশ ও সমীক্ষকদের লক্ষ্য করে তিন দিক থেকে পাথর ছুড়তে শুরু করেন বিক্ষোভকারীরা। এমন কি গুলিও চালানো হয়। এছাড়া আগুন ধরিয়ে দেওয়া হয় পুলিশের গাড়িতে। তাঁদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ।
![]()









