
ঈদের ছুটিতেও থেমে নেই ঢাকা মেডিকেল
স্বাস্থ্যসেবায় বাংলাদেশের আপামর জনসাধারণের কাছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এখনও শেষ ভরসার জায়গা। ঈদের ছুটিতেও স্বাস্থ্যসেবায় সরব ঢাকা মেডিকেলের জরুরি বিভাগ। ইনডোরে ঈদের দিনেও ভর্তি রোগী প্রায় আড়াই হাজার। চালু রয়েছে প্যাথলজি, এক্সরেসহ অন্যান্য জরুরী স্বাস্থ্যসেবা।
ঈদের দিনে রোগীদের স্বাস্থ্য সেবার খোঁজ নিতে এসে ঢামেকহার উপপরিচালক ডাঃ মোঃ আশরাফুল আলম বলেন ঈদের দিনেও দুই হাজারের বেশি রোগী ভর্তি আছেন ঢাকা মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডে। ঈদের ছুটিতেও প্রায় তিন শত চিকিৎসক, পাঁচ শতাধিক নার্স এবং হাজার খানেক অন্যান্য স্বাস্থ্য কর্মী ঢামেকহায় স্বাস্থ্য সেবা নিশ্চিতে কাজ করে যাচ্ছে রোস্টার অনুযায়ী। প্যাথলজি, রেডিওলজি বিভাগসহ সকল জরুরি সেবা চালু রয়েছে ঈদের ছুটিতেও।
১৯৪৬ সনে জন্মের পর থেকেই ঢাকা মেডিকেলের সেবার দরজা কখনো পুরোপুরি বন্ধ হয়নি একবারের জন্যও। 2600 বেডের হাসপাতালে বর্তমানে দৈনিক গড়ে ৪০০০-৪৫০০ রোগী ভর্তি থাকে আর বহির্বিভাগ, জরুরীবিভাগ মিলিয়ে আরও সাত হাজার রোগী প্রতিদিন স্বাস্থ্যসেবা নিয়ে থাকেন ঢামেকহা থেকে। সম্পদের সীমাবদ্ধতা, জনবলের ঘাটতি এবং কিছু আচরণগত সমস্যা সব মিলিয়ে ঢাকা মেডিকেলের কাজটা অনেকটা যুদ্ধের ময়দানে লড়াই করার মতই। ৩৬৫ দিনের এই বিরতিহীন যুদ্ধে না বলার সুযোগ নেই এখানে।
ঢাকা মেডিকেল সাধারণত কাউকে ফেরায় না রোগীদের কষ্টের কথা ভেবেই। দেশসেরা মেডিকেলের প্রতি মানুষের চাওয়া অনেক বেশি। সীমিত সম্পদেই রোগীদের সর্বোচ্চ চিকিৎসা সেবা নিশ্চিত করা, রোগীদের মুখে হাসি ফোটানোর কঠিনতম কাজটি করতে হয় ঢাকা মেডিকেলের চিকিৎসক-নার্স আর স্বাস্থ্যকর্মীদের। ডাঃ আশরাফুল বলেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত হওয়ায় ঢাকা মেডিকেল পরিবারের সকল সদস্যদের কাছে এবারের ঈদ আনন্দটা একটু বেশি। তিনি বর্তমান সরকারের মাননীয় প্রধানমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ঢামেকহার উন্নয়নে তাদের আরও সহযোগিতা কামনা করেন।
![]()









