
আসামে প্রেমিকের সামনেই ৭ জন মিলে যুবতীকে গণধর্ষণ
প্রেমিকের সঙ্গে বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার যুবতী। ৭ জন মিলে পর পর ধর্ষণ করল ২৮ বছরের এক যুবতীকে। শুধু তাই নয়, জোর করে নির্যাতিতার অ্যাকাউন্ট থেকে হাতিয়ে নেওয়া হল ১০ হাজার টাকা। এই ভয়াবহ ঘটনা ঘটেছে আসামের কাছাড় জেলায়। যুবতীর অভিযোগের ভিত্তিতে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। বাকিদের খোঁজে শুরু হয়েছে তল্লাশি অভিযান। পুলিশ সূত্রে জানা গেছে, এই ঘটনা কাছাড় জেলার শিলচর শহরের। গত ১৯ ফেব্রুয়ারী বন্ধুর সঙ্গে সেখানে বেড়াতে গিয়েছিলেন যুবতী। অভিযোগ, সেখানেই একটি এসইউভি গাড়িতে করে এসে ৭ জন তাঁদের পথ আটকায়। কোথা থেকে এসেছে জিজ্ঞাসা করে। এরপর হঠাৎ হামলা চালায় তাঁদের উপর। সেখানেই যুবতীর বন্ধুকে আটকে যুবতীকে পরপর ধর্ষণ করে ৭ অভিযুক্ত। শুধু তাই নয়, গণধর্ষণের পর জোর করে যুবতীর অ্যাকাউন্ট থেকে ১০ হাজার টাকা ট্রান্সফার করিয়ে নেওয়া হয়। ভয়াবহ এই ঘটনার পর থানায় অভিযোগ জানানো হলেও পুলিশ কোনও উচ্চবাচ্য করেনি। এদিকে এক সাংবাদিক এই ঘটনা নিয়ে রিপোর্ট করায় অভিযুক্তরা তাঁকে ও ব্যাপক মারধোর করে বলে অভিযোগ। এরপরই চাপের মুখে তৎপর হয় আসাম পুলিশ। ২ জনকে গ্রেফতার করা হয়। ১৯ ফেব্রুয়ারী ধর্ষণের ঘটনায় এই ২ জন যুক্ত ছিল বলে পুলিশকে বয়ান ও দিয়েছেন নির্যাতিতা। একাধিক ধারায় মামলা দায়ের করে বাকিদের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।
![]()








