- - -

অবৈধ পুকুর খননের মাটি পরিবহনে দূর্গাপুরের আঞ্চলিক সড়ক ধ্বংসের মুখে—ক্ষোভে জনসাধারণ

Print News

অবৈধ পুকুর খননের মাটি পরিবহনে দূর্গাপুরের আঞ্চলিক সড়ক ধ্বংসের মুখে—ক্ষোভে জনসাধারণ

 

রাজশাহীর দূর্গাপুর উপজেলার বিভিন্ন ইউনিয়নের আঞ্চলিক সড়কগুলো অবৈধ পুকুর খননের মাটি পরিবহনের কারণে মারাত্মক অবকাঠামোগত বিপর্যয়ের মুখে পড়েছে। উপজেলার জয়নগর, নওপাড়া, কিসমত গনকড় ও মাড়িয়া ইউনিয়নের একাধিক সড়ক সরেজমিনে পরিদর্শনে দেখা গেছে, ভারী যানবাহনে অপরিকল্পিতভাবে মাটি পরিবহনের ফলে সদ্য সংস্কার ও নির্মিত পাকা রাস্তার উপরিভাগ ভেঙে গিয়ে সৃষ্টি হয়েছে গভীর গর্ত, কাদার স্তূপ ও যান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ পরিস্থিতি।
স্থানীয় সূত্রে জানা যায়, অনুমোদনবিহীন পুকুর খননের সঙ্গে জড়িত একটি প্রভাবশালী মহল দীর্ঘদিন ধরে প্রশাসনের নজর এড়িয়ে ট্রাক্টর, ড্রাম ট্রাক ও ভারী যানবাহনের মাধ্যমে দিন-রাত মাটি পরিবহন করছে। ফলে জনগণের করের অর্থে নির্মিত গ্রামীণ সড়ক অবকাঠামো দ্রুত নষ্ট হয়ে পড়ছে। একই সঙ্গে কৃষি জমির শ্রেণি পরিবর্তন ও মাটির ভারসাম্য নষ্ট হওয়ায় কৃষি উৎপাদনও হুমকির মুখে পড়েছে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রশাসন মাঝে মধ্যে অভিযান পরিচালনা করলেও তা স্থায়ীভাবে অবৈধ কার্যক্রম বন্ধে কার্যকর ভূমিকা রাখতে পারছে না। ফলে জনদুর্ভোগ ক্রমেই প্রকট আকার ধারণ করছে। বিশেষ করে শিক্ষার্থী, রোগী ও কৃষিপণ্য পরিবহনে ভোগান্তি চরমে পৌঁছেছে।
জয়নগর ইউনিয়নের বাসিন্দা শামিম উদ্দিন বলেন, “রাস্তা এখন কাদার সাগরে পরিণত হয়েছে। শুকনো মৌসুমেও যানবাহন চলাচল কঠিন হয়ে পড়েছে। বর্ষা মৌসুমে পরিস্থিতি ভয়াবহ হয়ে উঠবে।”

 

এ বিষয়ে উপজেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট বলেন, “অবৈধ পুকুর খনন ও সড়ক ক্ষতিসাধনের বিষয়টি প্রশাসনের নজরে রয়েছে। ইতোমধ্যে প্রায় ৪০ টি স্থানে মোবাইল কোর্ট পরিচালনা করে জরিমানা ও কার্যক্রম বন্ধের নির্দেশ দেওয়া হয়েছে। সরকারি সম্পদ বিনষ্ট ও কৃষি জমির ক্ষতিসাধনের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ কঠোর ব্যবস্থা অব্যাহত থাকবে।

দূর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বলেন, “অবৈধ পুকুর খনন ও মাটি পরিবহনের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। যারা আইন অমান্য করে রাস্তা নষ্ট করছে, তাদের বিরুদ্ধে মোবাইল কোর্টসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। জনস্বার্থ রক্ষায় প্রশাসন কোনো ছাড় দেবে না।”

এদিকে সচেতন মহলের মতে, অবৈধ পুকুর খননের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত নজরদারি, স্থায়ী মনিটরিং ব্যবস্থা এবং ভারী যানবাহন নিয়ন্ত্রণে কঠোর নীতিমালা বাস্তবায়ন ছাড়া এ সংকট নিরসন সম্ভব নয়। অন্যথায় অচিরেই দূর্গাপুর উপজেলার গ্রামীণ সড়ক যোগাযোগ ব্যবস্থা মারাত্মক বিপর্যয়ের সম্মুখীন হবে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa