- - -

আসামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন সলমন খান

আসামের বন্যাদুর্গতদের পাশে দাঁড়ালেন সলমন খান

 

ভারতের আসামে ভয়াবহ বন্যা পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ালেন বলিউড সুপারস্টার সলমন খান। অভিনয়ের ব্যস্ততার মধ্যেও তিনি তাঁর সমাজসেবামূলক সংস্থার মাধ্যমে একটি ত্রাণ কর্মসূচি শুরু করেছেন। এই উদ্যোগে বন্যা কবলিত এলাকায় খাদ্য সামগ্রী, পানীয় জল, ওষুধ, স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য প্রয়োজনীয় সামগ্রী এবং অন্যান্য জরুরি জিনিসপত্র পৌঁছে দেওয়া হচ্ছে। সলমন বর্তমানে পরিচালক বংশী পৈডি পল্লীর নতুন ছবির শুটিং নিয়ে ব্যস্ত থাকলেও, আসামের বন্যা পরিস্থিতির উপর নিয়মিত নজর রাখছেন। তাঁর নির্দেশনায় স্থানীয় স্বেচ্ছাসেবক এবং আসামের সলমন খান ফ্যান ক্লাব ক্ষতিগ্রস্ত এলাকায় ত্রাণ পৌঁছে দেওয়ার কাজ করছে। ইতিমধ্যেই প্রথম দফার ত্রাণ বিতরণ শুরু হয়েছে এবং আগামী কয়েক সপ্তাহ ধরে আরও বিশালাকারে এই সাহায্য চালিয়ে যাওয়ার পরিকল্পনা রয়েছে। সলমন খানের এই মানবিক উদ্যোগ ইতিমধ্যেই অনুরাগীদের প্রশংসা কুড়িয়েছে। সামাজিক মাধ্যমে অনেকেই তাঁর এই পদক্ষেপকে সাধুবাদ জানিয়েছেন। শুধু সলমনই নন, অভিনেত্রী ভূমি পেডনেকর ও আসামের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে সাধারণ মানুষের কাছে সাহায্যের আবেদন জানিয়েছেন। পাশাপাশি কয়েকজন সংগীত শিল্পী ও ত্রাণ তহবিল গঠনের উদ্যোগ নিয়েছেন। যাতে আরও বেশি সংখ্যক দুর্গত মানুষের কাছে সাহায্য পৌঁছে দেওয়া যায়। এর আগেও বিভিন্ন সামাজিক ও মানবিক কাজে এগিয়ে এসেছে সলমন খানের Being Human ফাউন্ডেশন। শিক্ষা ও স্বাস্থ্য ক্ষেত্রে দীর্ঘদিন ধরে কাজ করে চলা এই সংস্থা এবার প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করল।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa