
শেখ রাসেল দিবসে বিমানের চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা
নানান কর্মসূচির মধ্যে ‘শেখ রাসেল দিবস-২০২৩’ উদযাপন করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। গতকাল ১৮ অক্টোবর দিবসটি উপলক্ষে বিমান পরিচালনা পর্ষদের চেয়ারম্যান ও সাবেক সিনিয়র সচিব মোস্তাফা কামাল উদ্দীন, বিমানের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও শফিউল আজিম, বিমানের পরিচালক এবং কর্মকর্তা-কর্মচারীরা বিমানের প্রধান কার্যালয় বলাকায় শেখ রাসেল-এর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান।
শেখ রাসেল দিবসে বিমানের প্রধান কার্যালয় বলাকায় বিমানের কর্মকর্তা-কর্মচারীদের প্লে গ্রুপ থেকে সপ্তম শ্রেণিতে অধ্যায়নরত সন্তানরা চিত্রাঙ্কন প্রতিযোগিতায় ও অষ্টম থেকে দশম শ্রেণির শিক্ষার্থীরা রচনা প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। বলাকা লবিতে শেখ রাসেল দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এসময় শেখ রাসেল দিবসের বিশেষ প্রামাণ্যচিত্র ‘একটি স্বপ্নের নাম শেখ রাসেল’ প্রদর্শিত হয়। দিবসটি উপলক্ষে বিমানের মসজিদগুলোতে বাদ জোহর মোনাজাত করা হয়। এছাড়া ঢাকা থেকে বিমানের বহির্গামী সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইটের শিশু যাত্রীদের মাঝে স্মারক উপহার প্রদান করা হয় ও ফ্লাইটে শেখ রাসেল দিবসের ঘোষণা প্রচার করা হয়।
![]()









