- - -

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

img 20261122 wa0031
Print News

চট্টগ্রাম নগরীর উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: প্রশাসক ডা. শাহাদাত হোসেন

 

চট্টগ্রাম নগরীকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগর হিসেবে গড়ে তুলতে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের (চসিক) সব বিভাগকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দিয়েছেন চসিকের প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেছেন, নগরীর উন্নয়ন কোনো একটি বিভাগের একক দায়িত্ব নয়। প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের কর্মকর্তাদের নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি পারস্পরিক সমন্বয় নিশ্চিত করতে হবে। নগরবাসী যাতে উন্নয়ন কার্যক্রমের সুফল পায়, সেজন্য মাঠপর্যায়ে কাজের দৃশ্যমান অগ্রগতি নিশ্চিত করতে হবে।
রোববার (২২ নভেম্বর) বিকেলে টাইগারপাসস্থ চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে পরিচ্ছন্নতা বিভাগ, প্রকৌশল বিভাগ, রাজস্ব বিভাগ, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের সঙ্গে অনুষ্ঠিত সমন্বয় সভায় তিনি এসব কথা বলেন।
প্রশাসক ডা. শাহাদাত হোসেন বলেন, চট্টগ্রাম নগরীর উন্নয়নে আমাদের প্রত্যেককে দায়িত্বশীল হতে হবে। আমরা নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করছি। কিন্তু কোথাও ময়লা জমে থাকবে, কোথাও ফুটপাত দখল হয়ে যাবে, কোথাও উন্নয়নকাজ অসমাপ্ত পড়ে থাকবে—এটা গ্রহণযোগ্য নয়। আমি চাই প্রতিটি বিভাগ নিজেদের দায়িত্ব যথাযথভাবে পালন করুক এবং কাজের মাধ্যমে নগরবাসীর কাছে তার ফলাফল তুলে ধরুক। শুধু পরিকল্পনা গ্রহণ করলেই হবে না, পরিকল্পনার বাস্তবায়ন ও নিয়মিত তদারকিও নিশ্চিত করতে হবে।

সভায় নগরীর বিভিন্ন এলাকায় ফুটপাত দখল এবং উচ্ছেদের পর পুনরায় দখল হওয়ার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন প্রশাসক। তিনি আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও ম্যাজিস্ট্রেটদের নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দিয়ে বলেন, ফুটপাত পথচারীদের চলাচলের জন্য। ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা ভাসমান দোকানের কারণে পথচারীদের সড়কে নেমে চলাচল করতে হলে দুর্ঘটনার ঝুঁকি বাড়ে এবং যানজট সৃষ্টি হয়।
তিনি বলেন, ফুটপাত দখলমুক্ত রাখার দায়িত্ব আমাদের। একদিন অভিযান চালিয়ে চলে এলে হবে না। কয়েক দিন পর আবার সেখানে দোকান বসছে কি না, সেটিও দেখতে হবে। প্রয়োজনে সপ্তাহে একাধিকবার অভিযান পরিচালনা করতে হবে। প্রতিটি অঞ্চলে নিয়মিত তদারকি থাকলে পুনর্দখলের প্রবণতা কমে আসবে। ফুটপাতের বিষয়ে কোনো আপস করা যাবে না।
বিশেষ করে নিউমার্কেট, জামালখান, দেওয়ানবাজার ও অন্যান্য ব্যস্ত বাণিজ্যিক এলাকায় নিয়মিত অভিযান পরিচালনার নির্দেশ দেন তিনি। দেওয়ানবাজার এলাকায় মাছ বিক্রেতাদের ফুটপাত ও সড়ক দখল করে ব্যবসা পরিচালনার পরিবর্তে নির্ধারিত দোকানের ভেতরে ব্যবসা করার ব্যবস্থা নিশ্চিত করতে বলেন।
এ সময় তিনি সড়কের পাশে ব্যবসা পরিচালনাকারীদের নির্দিষ্ট ডাস্টবিন ব্যবহারে বাধ্য করার ওপর গুরুত্ব দেন। দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে যত্রতত্র ময়লা ফেলা বন্ধে সচেতনতা তৈরির পাশাপাশি প্রয়োজন অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রমের বর্তমান অবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রশাসক বলেন, পরিচ্ছন্নতা আমাদের অন্যতম প্রধান চ্যালেঞ্জ। নগরীর বিভিন্ন এলাকায় উন্নয়ন দৃশ্যমান হলেও পরিচ্ছন্নতার ক্ষেত্রে আরও অনেক কাজ করার সুযোগ রয়েছে। আমি চাই আগামী এক বছরের মধ্যে নগরীর পরিচ্ছন্নতা ব্যবস্থায় এমন পরিবর্তন আসুক, যা সাধারণ মানুষ নিজের চোখে দেখতে পাবে।’
তিনি বিশেষ করে বহদ্দারহাট, চান্দগাঁও, মোহরা ও কালুরঘাটসহ নগরীর বিভিন্ন এলাকার সড়কদ্বীপে জমে থাকা ময়লা অপসারণের নির্দেশ দেন। পাশাপাশি ১ থেকে ৫ নম্বর ওয়ার্ডের পরিচ্ছন্নতা ব্যবস্থায় গুণগত পরিবর্তন আনতে সংশ্লিষ্ট কর্মকর্তাকে তিন মাসের সময়সীমা নির্ধারণ করে দেন।
প্রশাসক বলেন, যে এলাকায় পরিচ্ছন্নতার দায়িত্ব দেওয়া হবে, সেখানে নিয়মিত কাজ হচ্ছে কি না, কোথায় ময়লা জমছে, কোথায় নালা পরিষ্কার করা প্রয়োজন—এসব বিষয় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকেই দেখতে হবে। তিন মাস পর আমি ওই এলাকার পরিচ্ছন্নতার বাস্তব পরিবর্তন দেখতে চাই।
তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল ও আশপাশের এলাকায় পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেন। হাসপাতাল এলাকায় প্রতিদিন বিপুলসংখ্যক রোগী ও দর্শনার্থীর যাতায়াতের বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, হাসপাতালের পরিবেশ স্বাস্থ্যসম্মত রাখতে নিয়মিত বর্জ্য অপসারণ ও পরিচ্ছন্নতা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
এ ছাড়া বিসিক শিল্প এলাকা এবং বায়েজিদ বোস্তামী এলাকার বায়েজিদ সিগন্যালসংলগ্ন শিল্পাঞ্চলে পরিচ্ছন্নতা কার্যক্রম বৃদ্ধির নির্দেশ দেন প্রশাসক। তিনি বলেন, শিল্পকারখানা থেকে উৎপন্ন বর্জ্য যথাযথ ব্যবস্থাপনার আওতায় আনতে হবে। শিল্পাঞ্চলের নালা ও সড়ক পরিষ্কার রাখতে পরিচ্ছন্নতা ও প্রকৌশল বিভাগকে সমন্বিতভাবে কাজ করতে হবে।

সভায় বিসিক শিল্প এলাকার পরিচ্ছন্নতা ও রাজস্ব আদায় পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। প্রশাসক জানান, প্রাপ্ত তথ্য অনুযায়ী ওই শিল্প এলাকায় প্রায় ২৪৬টি কারখানা রয়েছে। তবে এসব প্রতিষ্ঠানের মধ্যে কতটি নিয়মিত কর ও সেবামাশুল পরিশোধ করছে, কতটি করছে না এবং কী পরিমাণ রাজস্ব বকেয়া রয়েছে, সে বিষয়ে নির্ভুল তথ্য সংগ্রহের নির্দেশ দেন তিনি।
সভায় সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, শিল্প এলাকার বেশ কিছু প্রতিষ্ঠানের কাছ থেকে নিয়মিত রাজস্ব আদায় করা যাচ্ছে না।
এ বিষয়ে প্রশাসক বলেন, শিল্পকারখানাগুলো নগরীর অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। কিন্তু তাদের উৎপাদিত বর্জ্য অপসারণ, সড়ক ও নালা রক্ষণাবেক্ষণসহ বিভিন্ন নাগরিক সেবা নিশ্চিত করতে সিটি কর্পোরেশনকেও ব্যয় করতে হয়। কাজেই প্রতিষ্ঠানগুলোকে তাদের প্রযোজ্য কর ও সেবামাশুল পরিশোধ করতে হবে। আপনারা সঠিক তথ্য সংগ্রহ করুন। প্রয়োজনে শিল্পমালিকদের সঙ্গে বৈঠক করে সমস্যার সমাধান করতে হবে।
তিনি শিল্প এলাকার নালার অবস্থা সরেজমিনে পরিদর্শন এবং প্রয়োজন অনুযায়ী খনন ও পরিষ্কারের ব্যবস্থা গ্রহণের জন্য প্রকৌশল ও পরিচ্ছন্নতা বিভাগকে নির্দেশ দেন।

চট্টগ্রাম বন্দরের কার্যক্রমকে কেন্দ্র করে পরিচালিত বেসরকারি কন্টেইনার ডিপো ও টার্মিনালগুলোর হোল্ডিং ট্যাক্সসহ প্রযোজ্য রাজস্ব আদায়ের বিষয়েও গুরুত্ব দেন প্রশাসক।
তিনি বলেন, চট্টগ্রাম বন্দরকে ঘিরে অসংখ্য শিল্প ও বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠানের ভারী যানবাহন প্রতিদিন নগরীর সড়ক ব্যবহার করছে। এতে সড়কের ওপর বাড়তি চাপ সৃষ্টি হচ্ছে এবং রক্ষণাবেক্ষণ ব্যয় বাড়ছে। অথচ কোনো প্রতিষ্ঠান যদি আইন অনুযায়ী প্রাপ্য রাজস্ব পরিশোধ না করে, তাহলে নগরীর উন্নয়নের ব্যয় নির্বাহ করা কঠিন হয়ে পড়ে।
প্রশাসক বন্দরকেন্দ্রিক প্রায় ৩৬টি কন্টেইনার ডিপো ও টার্মিনালের রাজস্ব পরিস্থিতি যাচাই এবং প্রযোজ্য কর নির্ধারণ ও আদায়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেন। প্রয়োজনে পুনর্মূল্যায়ন করে আইনগত প্রক্রিয়ার মাধ্যমে বকেয়া রাজস্ব আদায় করতে বলেন।
তিনি আরও বলেন, আমার লক্ষ্য চট্টগ্রাম সিটি কর্পোরেশনকে আর্থিকভাবে স্বাবলম্বী প্রতিষ্ঠানে পরিণত করা। আমরা ইতোমধ্যে রাজস্ব আদায়ে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছি এবং কর্পোরেশনের আর্থিক অবস্থার উন্নতি হচ্ছে। এই অগ্রগতি ধরে রাখতে হবে। নগরবাসীর প্রাপ্য সেবা নিশ্চিত করতে হলে নিজস্ব আয় বাড়ানোর বিকল্প নেই। কোনো প্রতিষ্ঠানকে অন্যায় সুবিধা দেওয়া হবে না, আবার কারও ওপর অন্যায্য চাপও সৃষ্টি করা যাবে না। আইন অনুযায়ী প্রত্যেকের প্রাপ্য কর আদায় নিশ্চিত করতে হবে।
বন্দরকেন্দ্রিক ভারী যানবাহন চলাচলের কারণে নগরীর গুরুত্বপূর্ণ সড়কগুলোর ক্ষয়ক্ষতির বিষয়টি তুলে ধরে প্রশাসক সিমেন্ট ক্রসিং থেকে বোট ক্লাব হয়ে দেওয়ানহাট পর্যন্ত সড়ক আরসিসি পদ্ধতিতে উন্নয়নের জন্য বিস্তারিত প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রস্তুতের নির্দেশ দেন।
তিনি বলেন, ভারী কন্টেইনারবাহী যানবাহনের চাপ বিবেচনায় গুরুত্বপূর্ণ সড়কগুলো টেকসই পদ্ধতিতে নির্মাণ করতে হবে, যাতে বারবার সংস্কারের প্রয়োজন না হয়। একই সঙ্গে কুয়াইশ-অক্সিজেন সড়কের উন্নয়নের বিষয়টিও প্রকল্প পরিকল্পনায় অন্তর্ভুক্ত করার নির্দেশ দেন।
এ ছাড়া বিমানবন্দর সড়ক, বোট ক্লাব থেকে বিমানবন্দর পর্যন্ত সড়কের সৌন্দর্যবর্ধন এবং সিটি গেট এলাকায় নগরীর প্রবেশপথ দৃষ্টিনন্দন করার বিষয়ে সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে বলেন।
প্রশাসক জানান, বর্ষাকাল শেষ হওয়ায় শুষ্ক মৌসুমে সড়ক ও অবকাঠামো উন্নয়নকাজ দ্রুত বাস্তবায়নের সুযোগ রয়েছে। এ সময়ের সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করতে হবে। বিভিন্ন এলাকায় চলমান ও অসমাপ্ত কাজ দ্রুত শেষ করতে হবে, যাতে নাগরিকদের দীর্ঘদিন দুর্ভোগ পোহাতে না হয়।

সভায় সাম্প্রতিক বৃষ্টিতে কয়েকটি ফ্লাইওভারের ওপর পানি জমে থাকার বিষয়টি তুলে ধরেন প্রশাসক। তিনি বলেন, ফ্লাইওভারের পানি নিষ্কাশনের মুখ বন্ধ হয়ে গেলে সেখানে পানি জমে সড়কের ক্ষতি হতে পারে এবং যান চলাচলেও সমস্যা সৃষ্টি হতে পারে। তাই পানি নিষ্কাশনের পথগুলো নিয়মিত পরিষ্কার রাখতে হবে।
এ ছাড়া নগরীর বিভিন্ন সড়কে উন্নয়নকাজের মাটি ও নির্মাণসামগ্রী দীর্ঘদিন ফেলে না রেখে দ্রুত অপসারণের নির্দেশ দেন তিনি। প্রশাসক বলেন, ফুটপাতে টাইলস লাগানো কিংবা সড়ক সংস্কারের সময় কোনোভাবেই পানি নিষ্কাশনের পথ বন্ধ করা যাবে না। উন্নয়নকাজ করতে গিয়ে ড্রেনেজ ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হলে পরবর্তী সময়ে জলাবদ্ধতার সৃষ্টি হবে। প্রকৌশলীদের এসব বিষয়ে আরও সতর্ক হতে হবে। তিনি মাঠপর্যায়ে রোড সুপারভাইজারদের কার্যক্রম জোরদার এবং দায়িত্বপ্রাপ্ত প্রকৌশলীদের নিয়মিত পরিদর্শনের নির্দেশ দেন।

চট্টগ্রামকে সবুজ নগরীতে রূপান্তরের লক্ষ্যে ১০ লাখ গাছ রোপণের পরিকল্পনা বাস্তবায়নে সংশ্লিষ্টদের আরও সক্রিয় হওয়ার নির্দেশ দেন প্রশাসক। সভায় কর্মকর্তারা জানান, ইতোমধ্যে চসিকের উদ্যোগে বিভিন্ন এলাকায় প্রায় দুই লাখ গাছ রোপণ করা হয়েছে। এসব গাছ নগরীর সৌন্দর্যবর্ধনের পাশাপাশি পরিবেশের ভারসাম্য রক্ষায় ভূমিকা রাখছে।
প্রশাসক বলেন, গাছ লাগানোই শেষ কথা নয়, গাছ বাঁচিয়ে রাখাও আমাদের দায়িত্ব। সড়কদ্বীপে অনেক গাছ পরিচর্যার অভাবে নষ্ট হয়ে যাচ্ছে। কোথাও পানি দেওয়া হচ্ছে না, কোথাও গাছের চারপাশের পরিবেশ নষ্ট হচ্ছে। আমি চাই আঞ্চলিক নির্বাহী কর্মকর্তারা নিয়মিত পর্যবেক্ষণ করবেন, কোন এলাকায় কত গাছ লাগানো হয়েছে এবং সেগুলোর যথাযথ পরিচর্যা হচ্ছে কি না।
তিনি নগরীর সড়কদ্বীপ পরিষ্কার রাখা, নতুন বৃক্ষরোপণ এবং রোপণ করা গাছের নিয়মিত পরিচর্যা নিশ্চিত করতে প্রকৌশল বিভাগ, পরিচ্ছন্নতা বিভাগ ও আঞ্চলিক প্রশাসনের মধ্যে সমন্বয়ের নির্দেশ দেন। পাশাপাশি সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও নাগরিক সমাজকে বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্পৃক্ত করার ওপর গুরুত্ব দেন।
সভায় নগরীর ৪১টি ওয়ার্ডে ৪১টি খেলার মাঠ গড়ে তোলার পরিকল্পনা দ্রুত বাস্তবায়নের নির্দেশ দেন প্রশাসক ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, ‘শিশু-কিশোরদের সুস্থ শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার বিকল্প নেই। প্রতিটি ওয়ার্ডে খেলার মাঠ গড়ে তোলার যে উদ্যোগ আমরা নিয়েছি, তা বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাইকে কাজ করতে হবে। খেলার মাঠ শুধু বিনোদনের জায়গা নয়, এটি তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চসিকের আর্থিক সক্ষমতা বাড়াতে নিজস্ব সম্পত্তির যথাযথ ব্যবহার এবং বাণিজ্যিক স্থাপনার উন্নয়নের ওপর গুরুত্ব দেন প্রশাসক। সভায় সুগন্ধা, বিবিরহাটসহ সিটি কর্পোরেশনের বিভিন্ন পুরোনো মার্কেটের উন্নয়ন, নতুন বাণিজ্যিক স্থাপনা নির্মাণ এবং বিদ্যমান সম্পত্তি থেকে রাজস্ব বৃদ্ধির সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।
প্রশাসক বলেন, সিটি কর্পোরেশনের নিজস্ব আয় বাড়াতে হলে আমাদের সম্পত্তিগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে হবে। যেসব মার্কেট পুরোনো হয়ে গেছে এবং পর্যাপ্ত রাজস্ব দিচ্ছে না, সেগুলো পরিকল্পিতভাবে উন্নয়ন করতে হবে। তবে প্রতিটি প্রকল্পের অর্থনৈতিক সম্ভাব্যতা, আইনগত বিষয় এবং নগরবাসীর প্রয়োজন বিবেচনায় নিতে হবে।
“চট্টগ্রামকে পরিচ্ছন্ন, সবুজ, স্বাস্থ্যসম্মত, নিরাপদ ও আধুনিক নগরী হিসেবে গড়ে তোলাই আমাদের লক্ষ্য। এই লক্ষ্য অর্জনে কোনো বিভাগের গাফিলতি গ্রহণযোগ্য হবে না। প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীকে নিজ নিজ দায়িত্ব থেকে কাজ করতে হবে। আমাদের কাজের মূল্যায়ন হবে নগরবাসী কতটুকু সেবা পাচ্ছে এবং নগরীর পরিবেশে কতটুকু ইতিবাচক পরিবর্তন আসছে, তার ভিত্তিতে।’’
সভায় চসিকের ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা ও সচিব মো. আশরাফুল আমিন, প্রকৌশল, পরিচ্ছন্নতা, রাজস্ব ও প্রশাসন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তা, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাবৃন্দ এবং সংশ্লিষ্ট ম্যাজিস্ট্রেটরা উপস্থিত ছিলেন।
ছবির ক্যাপশন
চট্টগ্রাম সিটি কর্পোরেশন কার্যালয়ে সমন্বয় সভায় প্রয়োজনীয় নির্দেশনা দিচ্ছেন চসিক প্রশাসক ডা. শাহাদাত হোসেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa