
ভুয়া সাংবাদিকতার বিরুদ্ধে প্রযুক্তিনির্ভর উদ্যোগ দ্য নিউজের
সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রতারণা, চাঁদাবাজি ও ব্যক্তিস্বার্থ হাসিলের অভিযোগের মধ্যে সাংবাদিকদের পেশাগত পরিচয় যাচাই সহজ করতে ডিজিটাল ব্যবস্থা চালু করেছে অনলাইন সংবাদমাধ্যম দ্য নিউজ। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে ‘সাংবাদিক অনুসন্ধান’ নামে নতুন একটি সেবা যুক্ত করা হয়েছে, যার মাধ্যমে নাম অথবা আইডি নম্বর ব্যবহার করে দ্য নিউজের সাংবাদিক ও প্রতিনিধিদের পরিচয় যাচাই করা যাবে।
নতুন এই ব্যবস্থায় দ্য নিউজের ওয়েবসাইটে থাকা ‘সাংবাদিক অনুসন্ধান’ অপশনে প্রবেশ করে সংশ্লিষ্ট ব্যক্তির নাম বা আইডি নম্বর লিখে অনুসন্ধান করলেই তাঁর পরিচয়সংক্রান্ত তথ্য পাওয়া যাবে। ফলে কেউ দ্য নিউজের সাংবাদিক বা প্রতিনিধি পরিচয়ে যোগাযোগ করলে তাঁর পরিচয় নিশ্চিত করতে সরাসরি এই ডিজিটাল মাধ্যম ব্যবহার করতে পারবেন সাধারণ মানুষ, ব্যবসায়ী এবং বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান।
সাংবাদিক পরিচয় ব্যবহার করে অনৈতিক কর্মকাণ্ডের অভিযোগ বিভিন্ন সময় সামনে এসেছে। ভুয়া পরিচয়পত্র দেখিয়ে সাধারণ মানুষকে হয়রানি, ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রভাব বিস্তার কিংবা ব্যক্তিস্বার্থ হাসিলের চেষ্টা করেন কেউ কেউ। এসব কর্মকাণ্ডের কারণে প্রকৃত সাংবাদিকদের পেশাগত মর্যাদা ও গণমাধ্যমের প্রতি মানুষের আস্থা ক্ষতিগ্রস্ত হচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
এমন পরিস্থিতিতে সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের সহজ ও নির্ভরযোগ্য মাধ্যম চালু করাকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছে দ্য নিউজ। প্রতিষ্ঠানটির মতে, ডিজিটাল পরিচয় যাচাইব্যবস্থা চালু হলে সাংবাদিক পরিচয়ের আড়ালে প্রতারণার সুযোগ কমবে এবং সাধারণ মানুষের মধ্যে পরিচয় যাচাইয়ের সচেতনতা বাড়বে।
এ উদ্যোগ সম্পর্কে দ্য নিউজের সম্পাদক বলেন, “সাংবাদিকতা কোনো পরিচয়পত্রের ক্ষমতা নয়, এটি সত্যের প্রতি অঙ্গীকার এবং জনগণের কাছে জবাবদিহির দায়িত্ব। কিছু অসাধু ব্যক্তি সাংবাদিক পরিচয়কে প্রতারণা ও ব্যক্তিস্বার্থ হাসিলের হাতিয়ার হিসেবে ব্যবহার করছে, যা প্রকৃত সাংবাদিকদের মর্যাদা ও গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতাকে ক্ষতিগ্রস্ত করছে।”
তিনি আরও বলেন, দেশের প্রতিটি গণমাধ্যম যদি নিজ নিজ সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের জন্য সহজ ও নির্ভরযোগ্য ডিজিটাল ব্যবস্থা চালু করে, তাহলে অপসাংবাদিকতার সুযোগ উল্লেখযোগ্যভাবে সংকুচিত হবে। পরিচয়ের আড়ালে প্রতারণার সুযোগ বন্ধ করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
দ্য নিউজ কর্তৃপক্ষ কোনো ব্যক্তি প্রতিষ্ঠানটির সাংবাদিক বা প্রতিনিধি পরিচয়ে যোগাযোগ করলে তাঁর পরিচয় যাচাই করে নেওয়ার জন্য সাধারণ নাগরিক, ব্যবসায়ী এবং সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতি আহ্বান জানিয়েছে। পরিচয় নিয়ে সন্দেহ দেখা দিলে সংশ্লিষ্ট ব্যক্তির কথায় আস্থা না রেখে সরাসরি দ্য নিউজ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেওয়া হয়েছে।
প্রতিষ্ঠানটির হেড অফ অনলাইন এবং ডিজিটাল আফতাব শুভ জানান, ডিজিটাল যুগে সাংবাদিকদের পরিচয় যাচাইয়ের এমন ব্যবস্থা গণমাধ্যমের পেশাগত স্বচ্ছতা ও জবাবদিহি বাড়াতে সহায়ক হতে পারে। তবে এ ধরনের ব্যবস্থার কার্যকারিতা নির্ভর করবে তথ্যের নির্ভুলতা, নিয়মিত হালনাগাদ এবং সহজলভ্যতার ওপর।
দ্য নিউজের প্রত্যাশা, তাদের এই উদ্যোগ অন্য গণমাধ্যমগুলোকেও নিজ নিজ সাংবাদিক ও প্রতিনিধিদের জন্য ডিজিটাল পরিচয় যাচাইব্যবস্থা চালু করতে উৎসাহিত করবে। গণমাধ্যমগুলো এমন ব্যবস্থা গ্রহণ করলে ভুয়া পরিচয়ে প্রতারণার সুযোগ কমার পাশাপাশি প্রকৃত সাংবাদিকদের পরিচয় নিশ্চিত করাও সহজ হবে।
![]()









