
বিদ্যুৎহীন পাহাড়ি বিদ্যালয়ে শিক্ষার আলো ছড়াতে সেনাবাহিনীর সোলার উপহার
রাঙ্গামাটির বরকল উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার বিদ্যুৎবিহীন দক্ষিণ বরুনাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীদের পাঠদানের পরিবেশ উন্নয়নে সোলার ব্যাটারি দিয়েছে বাংলাদেশ সেনাবাহিনী। রাঙ্গামাটি সদর জোনের উদ্যোগে দেওয়া এ সহায়তায় বিদ্যালয়ের শ্রেণিকক্ষে আলো ও বৈদ্যুতিক পাখা ব্যবহারের সুযোগ তৈরি হবে।
গত ১৯ নভেম্বর রাঙ্গামাটি সদর জোন কমান্ডারের পক্ষ থেকে শুভলং আর্মি ক্যাম্পের ক্যাম্প কমান্ডার মেজর মিনহাজুল আবেদীন বিদ্যালয় কর্তৃপক্ষের হাতে সোলার ব্যাটারিটি তুলে দেন।
বরকল উপজেলার ১ নম্বর শুভলং ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডে অবস্থিত বিদ্যালয়টিতে বিদ্যুৎ সংযোগ না থাকায় শিক্ষক ও শিক্ষার্থীদের পাঠদান ও পাঠগ্রহণে সমস্যা হচ্ছিল। বিশেষ করে গরমের সময় শ্রেণিকক্ষে পর্যাপ্ত বাতাস ও আলোর অভাবে পাঠদান কষ্টকর হয়ে পড়ত। বিদ্যালয়ের সার্বিক পরিস্থিতি বিবেচনায় শিক্ষার্থীদের জন্য অনুকূল পরিবেশ তৈরিতে এ সহায়তা দেওয়া হয়।
এ সময় মেজর মিনহাজুল আবেদীন শুভলং ক্যাম্পের দায়িত্বপূর্ণ এলাকার সব জনগোষ্ঠীর শান্তি ও কল্যাণ কামনা করেন। তিনি বলেন, রাঙ্গামাটি সদর জোন দায়িত্বপূর্ণ এলাকায় সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে।
অনুষ্ঠানে বিদ্যালয়ের সহকারী শিক্ষক, পরিচালনা কমিটির সদস্য ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ উদ্যোগের জন্য তাঁরা রাঙ্গামাটি সদর জোন কমান্ডার ও বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
![]()









