
১৪ দিনের অপেক্ষা শেষে স্বজনদের মাঝে জামালপুরের শিশু জিহাদ

সন্তান হারানোর শোক আর উৎকণ্ঠার অবসান ঘটল ১৪ দিন পর। জামালপুর সদর থেকে নিখোঁজ হওয়া শিশু জিহাদকে রাজধানী ঢাকা থেকে উদ্ধার করে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন (লিডো)। দীর্ঘ অপেক্ষার পর সন্তানকে ফিরে পেয়ে আবেগাপ্লুত হয়ে পড়েন তার পরিবারের সদস্যরা।
জানা যায়, গত ৮ নভেম্বর অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির প্রলোভনে ঢাকায় ঘুরতে আসার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয় শিশু জিহাদ। একপর্যায়ে তাকে কমলাপুর রেলওয়ে স্টেশন এলাকায় নিয়ে আসা হয়। পরে ১৫ নভেম্বর কমলাপুর রেলস্টেশন এলাকা থেকে লিডোর সমাজকর্মীরা তাকে উদ্ধার করেন।
উদ্ধারের পর ঢাকা রেলওয়ে থানার প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করে শিশুটিকে লিডোর ট্রানজিশনাল শেল্টার ‘সেতুবন্ধন কমলাপুরে’ রাখা হয়। সেখানে তার শারীরিক ও মানসিক অবস্থার প্রতি গুরুত্ব দিয়ে কাউন্সেলিং করা হয়। পাশাপাশি শিশুটির দেওয়া তথ্য সংগ্রহ করে পরিবারের সন্ধানে অনুসন্ধান কার্যক্রম শুরু করেন লিডোর সমাজকর্মীরা।
একপর্যায়ে অনুসন্ধানের মাধ্যমে জিহাদের পরিবারের সন্ধান মেলে। পরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে আজ সকালে ঢাকা রেলওয়ে থানার আইনি প্রক্রিয়া শেষে শিশুটিকে পরিবারের কাছে হস্তান্তর করা হয়।
১৪ দিন পর হারিয়ে যাওয়া সন্তানকে ফিরে পেয়ে স্বস্তি প্রকাশ করেন পরিবারের সদস্যরা। দীর্ঘদিনের দুশ্চিন্তা আর অপেক্ষার পর জিহাদকে কাছে পেয়ে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
শিশু উদ্ধার থেকে শুরু করে নিরাপদ আশ্রয়, কাউন্সেলিং, পরিবার অনুসন্ধান এবং পুনঃএকত্রীকরণ পর্যন্ত বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে লিডো। সংস্থাটির এসব উদ্যোগ নিখোঁজ ও ঝুঁকিতে থাকা শিশুদের সুরক্ষা নিশ্চিত করার পাশাপাশি তাদের পরিবারের কাছে ফিরিয়ে দিতে কাজ করছ কেন যাচ্ছে।
![]()









