
সশস্ত্র বাহিনী দিবস স্মরণে সীতাকুন্ডে আলোচনা সভা
মহান সশস্ত্র বাহিনী দিবস উপলক্ষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের নিরাপত্তা রক্ষায় জীবন উৎসর্গকারী সশস্ত্র বাহিনীর শহীদ কর্মকর্তা ও সৈনিকদের স্মরণে আলোচনা সভা, শ্রদ্ধা নিবেদন ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২১ নভেম্বর) সাংবাদিক উন্নয়ন সংস্থা, সীতাকুণ্ড কমিটির উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সংকটময় সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে আত্মত্যাগকারী সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমানবাহিনীর কর্মকর্তা ও সদস্যদের অবদান গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হয়।
অনুষ্ঠানে সাংবাদিক উন্নয়ন সংস্থা সীতাকুণ্ড কমিটির সাধারণ সম্পাদক আর কে হেলাল বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের আত্মত্যাগ জাতির ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে। তাঁদের সাহস, শৃঙ্খলা, দায়িত্ববোধ ও দেশপ্রেম আমাদের জন্য অনুকরণীয়। দেশের মানুষের নিরাপত্তা ও কল্যাণে দায়িত্ব পালন করতে গিয়ে যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের অবদান কোনো দিন ভুলে যাওয়ার নয়।
সংগঠনের যুগ্ম সম্পাদক মোহাম্মদ হোসেন বলেন, সশস্ত্র বাহিনী শুধু দেশের সীমান্ত ও সার্বভৌমত্ব রক্ষায় নয়, দেশের মানুষের দুর্যোগকালীন সহায়তা, উদ্ধার কার্যক্রম ও মানবিক দায়িত্ব পালনের ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে। শহীদ কর্মকর্তা ও সৈনিকদের আত্মত্যাগ নতুন প্রজন্মের কাছে দেশপ্রেম ও দায়িত্ববোধের শিক্ষা হয়ে থাকবে।
সংগঠনের যুগ্ম সম্পাদক কাজী আনোয়ার হোসেন আবেগঘন বক্তব্যে বলেন, একজন সেনা কর্মকর্তা কিংবা একজন সাধারণ সৈনিক দেশের দায়িত্ব কাঁধে তুলে নেওয়ার পর নিজের ব্যক্তিগত সুখ-স্বাচ্ছন্দ্যের চেয়েও দেশ ও মানুষের নিরাপত্তাকে বড় করে দেখেন। তাঁদের পেছনে পরিবার-পরিজনেরও থাকে অসংখ্য ত্যাগ ও অপেক্ষা। দেশের জন্য জীবন উৎসর্গকারী এসব বীর সদস্যের ঋণ কোনো দিন শোধ হওয়ার নয়। তাঁদের আত্মত্যাগ, সংগ্রাম ও দেশপ্রেমের ইতিহাস যথাযথ মর্যাদায় সংরক্ষণ করতে হবে। সশস্ত্র বাহিনীর প্রতি শ্রদ্ধা ও সম্মান জানানো প্রতিটি নাগরিকের নৈতিক দায়িত্ব।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দৈনিক আমার সংবাদ ও দৈনিক সাঙ্গুর সীতাকুণ্ড প্রতিনিধি নাছির উদ্দীন (শিবলু), দৈনিক চিত্রের ব্যুরো প্রধান স. ম. জিয়াউর রহমান এবং দৈনিক আমার বার্তার সাংবাদিক ও সাংবাদিক উন্নয়ন সংস্থার অর্থ সম্পাদক মোহাম্মদ তারেক হাসান।
এছাড়াও অনুষ্ঠানে বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
আলোচনা সভা শেষে মহান মুক্তিযুদ্ধসহ দেশের বিভিন্ন সময়ে দায়িত্ব পালন করতে গিয়ে শহীদ হওয়া সশস্ত্র বাহিনীর কর্মকর্তা ও সৈনিকদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে তাঁদের শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।
বক্তারা বলেন, দেশের জন্য যাঁরা জীবন দিয়েছেন, তাঁদের আত্মত্যাগ কখনো বিস্মৃত হওয়ার নয়। তাঁদের বীরত্বগাথা ও দেশপ্রেমের ইতিহাস নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে হবে। স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় মর্যাদা রক্ষায় সশস্ত্র বাহিনীর অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।
![]()









