- - -

রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা

img 20261121 wa0250
Print News

রাজারহাটে শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের ১৬ তম বার্ষিক সাধারণ সভা

কুড়িগ্রামের রাজারহাটে উৎসবমুখর পরিবেশে রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ১৬ তম বার্ষিক সাধারণ সভা-২০২৬ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২১ নভেম্বর ২০২৬ খ্রি.) সকাল ৯টায় রাজারহাট আদর্শ মহিলা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে এ সভার আয়োজন করা হয়।

রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের চেয়ারম্যান মোঃ আনিছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দি কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অব বাংলাদেশ লিমিটেড (কালব)-এর ট্রেজারার মোঃ জিল্লুর রহমান।

প্রধান আলোচক হিসেবে বক্তব্য দেন রাজারহাট উপজেলা সমবায় কর্মকর্তা এ এইচ এম তারিকুল শরীফ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালব লিমিটেডের ‘ক’ অঞ্চলের পরিচালক মোঃ রেজাউল করিম (লিটন) এবং কুড়িগ্রাম ও লালমনিরহাট জেলার জেলা ব্যবস্থাপক মোঃ মহরুল আলম।

সভায় সমবায়ের লক্ষ্য, উদ্দেশ্য, সদস্যদের দায়িত্ব ও আর্থিক শৃঙ্খলার ওপর গুরুত্বারোপ করে বক্তব্য দেন ক্রেডিট ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজিবর রহমান। তিনি বলেন, সমবায়ের মূল শক্তি হলো সদস্যদের ঐক্য, পারস্পরিক সহযোগিতা ও নিয়মিত সঞ্চয়। সমিতির উন্নয়ন ও সদস্যদের আর্থিক স্বাবলম্বিতা অর্জনে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

শিক্ষকদের পক্ষ থেকে বক্তব্য প্রদান করেন মোঃ বুলু মিয়া ও মোছাঃ শাহনাজ পারভীন। তাঁরা সমবায়ের কার্যক্রমকে আরও গতিশীল, স্বচ্ছ ও সদস্যবান্ধব করার পাশাপাশি সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতি বজায় রাখার ওপর গুরুত্ব দেন।

এ সময় ক্রেডিট ইউনিয়নের ডিরেক্টর মোঃ রবিউল ইসলাম (রাজু) তাঁর বক্তব্যে বলেন, সমবায় শুধু অর্থনৈতিক লেনদেনের মাধ্যম নয়; এটি পারস্পরিক বিশ্বাস, ঐক্য, সহযোগিতা ও মানবিক মূল্যবোধের একটি শক্তিশালী প্রতিষ্ঠান। শিক্ষক-কর্মচারীদের আর্থিক নিরাপত্তা ও কল্যাণ নিশ্চিত করতে সমিতির প্রতিটি সদস্যকে নিয়মিত সঞ্চয়, শেয়ার ক্রয় এবং সমিতির নিয়মনীতি মেনে চলতে হবে। সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে এ প্রতিষ্ঠানকে আরও সমৃদ্ধ ও জনকল্যাণমুখী করা সম্ভব।

প্রধান অতিথি ও বিশেষ অতিথিরা তাঁদের বক্তব্যে সমবায়ের আদর্শ, স্বচ্ছতা, জবাবদিহিতা এবং সদস্যদের সক্রিয় অংশগ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সমবায়ের প্রকৃত সাফল্য নির্ভর করে সদস্যদের আন্তরিকতা, নিয়মিত অংশগ্রহণ এবং সম্মিলিত উদ্যোগের ওপর।

সভাপতির সমাপনী বক্তব্যে চেয়ারম্যান মোঃ আনিছুর রহমান সমিতির সব সদস্যকে নিয়মিত সঞ্চয় ও শেয়ার প্রদান অব্যাহত রাখার আহ্বান জানান। পাশাপাশি আগামী বছরের কর্মপরিকল্পনা, সমিতির উন্নয়নমূলক কার্যক্রম এবং সদস্যদের কল্যাণে গৃহীতব্য বিভিন্ন উদ্যোগ সম্পর্কে উপস্থিত সদস্যদের অবহিত করেন। তিনি সকলের সহযোগিতা কামনা করে সভার সমাপ্তি ঘোষণা করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন রাজারহাট উপজেলা শিক্ষক-কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেডের ট্রেজারার মোঃ আমিনুল ইসলাম। সার্বিক ব্যবস্থাপনা ও সহযোগিতায় ছিলেন কালব লিমিটেডের ব্যবস্থাপক মোঃ জাহাঙ্গীর আলম ও মোঃ আইয়ুব আলী।
সভায় ক্রেডিট ইউনিয়নের কর্মকর্তা, পরিচালক, শিক্ষক-কর্মচারী ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন।

সমবায়ের ঐক্য, পারস্পরিক আস্থা ও সম্মিলিত প্রচেষ্টার মধ্য দিয়ে শিক্ষক-কর্মচারীদের আর্থিক ও সামাজিক উন্নয়নের প্রত্যয় ব্যক্ত ও লটারি পুরস্কার বিতরণের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa