
বারহাট্টায় প্রাথমিক শিক্ষায় চরম জনবল সংকট, ৭১ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক
নেত্রকোনার বারহাট্টা উপজেলায় প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় দেখা দিয়েছে তীব্র জনবল সংকট। একদিকে উপজেলার ১০৯টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৭১টিতেই নেই নিয়মিত প্রধান শিক্ষক, অন্যদিকে সহকারী শিক্ষকের ২২টি পদ দীর্ঘদিন ধরে শূন্য পড়ে রয়েছে। ফলে অর্ধেকের বেশি বিদ্যালয় চলছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক দিয়ে। শুধু বিদ্যালয় পর্যায়েই নয়, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়েও কর্মকর্তা-কর্মচারীর সংকট প্রকট। দীর্ঘদিন ধরে নিয়মিত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা না থাকায় প্রশাসনিক কার্যক্রম পরিচালনাতেও তৈরি হয়েছে নানা জটিলতা। সব মিলিয়ে শিক্ষক সংকট, অতিরিক্ত দায়িত্বের চাপ এবং প্রশাসনিক দুর্বলতায় বারহাট্টার প্রাথমিক শিক্ষা ব্যবস্থা কার্যত চ্যালেঞ্জের মুখে পড়েছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয় সূত্রে জানা গেছে, বারহাট্টায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ১০৯টি। এসব বিদ্যালয়ে শিক্ষার্থী রয়েছে প্রায় ১৪ হাজার। বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষকের অনুমোদিত পদ ১০৯টি হলেও এর মধ্যে ৭১টি পদই শূন্য। অর্থাৎ উপজেলার অর্ধেকেরও বেশি বিদ্যালয়ে নিয়মিত প্রধান শিক্ষক নেই। এসব প্রতিষ্ঠানে সহকারী শিক্ষকদের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে একদিকে তাঁদের শ্রেণিকক্ষে পাঠদান করতে হচ্ছে, অন্যদিকে বিদ্যালয়ের প্রশাসনিক কাজ, দাপ্তরিক নথিপত্র, শিক্ষকদের তদারকি ও বিভিন্ন সরকারি নির্দেশনা বাস্তবায়নের দায়িত্বও সামলাতে হচ্ছে। ফলে স্বাভাবিক পাঠদান কার্যক্রমের পাশাপাশি বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রেও বাড়তি চাপ তৈরি হয়েছে।
অন্যদিকে, উপজেলায় সহকারী শিক্ষকের অনুমোদিত পদ রয়েছে ৫৫৮টি। এর বিপরীতে কর্মরত শিক্ষক থাকলেও ২২টি পদ শূন্য রয়েছে। শিক্ষক সংকটের কারণে অনেক বিদ্যালয়ে পাঠদান কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব প্রতিষ্ঠানে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষক—উভয় পর্যায়েই পদ শূন্য রয়েছে, সেসব বিদ্যালয়ে দায়িত্ব পালনকারী শিক্ষকদের ওপর চাপ আরও বেশি। সংশ্লিষ্টদের আশঙ্কা, এভাবে দীর্ঘদিন চলতে থাকলে পাঠদানের স্বাভাবিক পরিবেশ ও বিদ্যালয়ের সার্বিক ব্যবস্থাপনা ক্ষতিগ্রস্ত হতে পারে।
বিদ্যালয় পর্যায়ের এ সংকটের পাশাপাশি উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের প্রশাসনিক কাঠামোতেও রয়েছে জনবল ঘাটতি। কার্যালয় সূত্রে জানা যায়, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা হিসেবে শিউলি দাস বারহাট্টায় যোগদান করলেও যোগদানের পর থেকেই তিনি প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের (ডিজি অফিস) প্রেষণে দায়িত্ব পালন করছেন। ফলে পদটি কাগজে-কলমে পূরণ থাকলেও বারহাট্টায় নিয়মিতভাবে দায়িত্ব পালনের জন্য কোনো উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নেই। সংশ্লিষ্টদের অভিযোগ, তাঁর পদায়ন বহাল থাকায় নতুন করে এ পদে কর্মকর্তা নিয়োগ বা পদায়নের ক্ষেত্রেও জটিলতা তৈরি হয়েছে।
এদিকে, উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার (ইউএপিইও) অনুমোদিত পদ চারটি। কিন্তু কর্মরত রয়েছেন মাত্র দুজন। তাঁদের মধ্যে জিয়াউল হককে ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার দায়িত্বও পালন করতে হচ্ছে। ফলে নিজের নিয়মিত দায়িত্বের পাশাপাশি উপজেলা পর্যায়ের প্রধান প্রশাসনিক দায়িত্ব সামলাতে গিয়ে তাঁকে অতিরিক্ত চাপের মুখে পড়তে হচ্ছে। বিদ্যালয়গুলোর তদারকি, প্রশাসনিক সমন্বয়, দাপ্তরিক কাজ এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনা বাস্তবায়ন—সবকিছু সীমিত জনবল দিয়ে পরিচালনা করতে হচ্ছে।
শুধু কর্মকর্তা নয়, কার্যালয়ের কর্মচারী পর্যায়েও রয়েছে সংকট। অনুমোদিত কাঠামো অনুযায়ী পাঁচজন কর্মচারী থাকার কথা থাকলেও হিসাব সহকারী ও উচ্চমান সহকারীর পদ দীর্ঘদিন ধরে শূন্য। এ ছাড়া অফিস সহকারীর দুটি পদের বিপরীতে কর্মরত রয়েছেন মাত্র একজন। প্রয়োজনীয় জনবল না থাকায় দাপ্তরিক কাজের পাশাপাশি বিদ্যালয় পরিদর্শন, তথ্য সংগ্রহ, প্রতিবেদন তৈরি ও প্রশাসনিক সমন্বয়ের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রম পরিচালনায় বাড়তি চাপ তৈরি হচ্ছে।
বারহাট্টায় কর্মরত একাধিক সহকারী শিক্ষক জানান, বিদ্যালয়গুলোতে প্রধান শিক্ষক না থাকা, সহকারী শিক্ষকের শূন্যপদ এবং উপজেলা শিক্ষা কার্যালয়ে কর্মকর্তা-কর্মচারীর সংকট—সব মিলিয়ে প্রাথমিক শিক্ষা ব্যবস্থাপনায় নেতিবাচক প্রভাব পড়ছে। একজন শিক্ষককে একই সঙ্গে শ্রেণিকক্ষে পাঠদান ও প্রধান শিক্ষকের প্রশাসনিক দায়িত্ব পালন করতে হচ্ছে। এতে পাঠদানের প্রস্তুতি, শিক্ষার্থীদের প্রতি প্রয়োজনীয় মনোযোগ এবং বিদ্যালয়ের অন্যান্য কার্যক্রম ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁদের মতে, প্রাথমিক শিক্ষার মতো গুরুত্বপূর্ণ স্তরে এ ধরনের জনবল সংকট দীর্ঘদিন অব্যাহত থাকা কোনোভাবেই কাম্য নয়। দ্রুত শূন্য পদ পূরণ, প্রেষণে থাকা কর্মকর্তাকে নিয়মিত কর্মস্থলে ফিরিয়ে আনা অথবা নতুন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পদায়ন এবং প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারী নিয়োগের দাবি জানিয়েছেন তাঁরা।
নিজের ওপর অতিরিক্ত দায়িত্বের চাপের কথা স্বীকার করেছেন ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জিয়াউল হক। তিনি বলেন, ‘আমি কী যে চাপে আছি, তা বলে বোঝাতে পারব না। সব কাজের চাপ আমাকে একাই সামলাতে হয়। আমার নিজেরও দাবি, বারহাট্টা উপজেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হোক।’
এ বিষয়ে নেত্রকোনার ভারপ্রাপ্ত জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মাহবুব জামান বলেন, ‘এ ক্ষেত্রে আমাদের কিছু করার নেই। শিউলি দাসকে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রেষণে দায়িত্ব দিয়েছেন। উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার অভাবে শিক্ষা বিভাগের কার্যক্রম সুষ্ঠুভাবে পরিচালনা করা খুবই কঠিন। আমরাও চাই, বারহাট্টায় একজন স্থায়ী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা নিয়োগসহ সব ধরনের জনবল সংকট দূর করা হোক।’
সংশ্লিষ্টদের মতে, প্রাথমিক শিক্ষা একটি শিশুর শিক্ষাজীবনের ভিত্তি গড়ে দেয়। এ পর্যায়ে শিক্ষকের স্বল্পতা এবং প্রশাসনিক তদারকির দুর্বলতা ভবিষ্যৎ শিক্ষার ওপরও প্রভাব ফেলতে পারে। অথচ বারহাট্টায় ১০৯টি বিদ্যালয়ের মধ্যে ৬১টিতে নিয়মিত প্রধান শিক্ষক নেই, সহকারী শিক্ষকের পদও শূন্য রয়েছে। পাশাপাশি উপজেলা শিক্ষা কার্যালয়ে প্রয়োজনীয় কর্মকর্তা-কর্মচারীর অভাবে পুরো শিক্ষা প্রশাসনকে সীমিত জনবল দিয়ে চালাতে হচ্ছে। এমন পরিস্থিতিতে শুধু ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়ে সাময়িকভাবে কাজ চালিয়ে নেওয়া হলেও দীর্ঘমেয়াদে সংকটের সমাধান সম্ভব নয়। তাই বিদ্যালয় পর্যায়ে প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকের শূন্য পদ পূরণের পাশাপাশি উপজেলা শিক্ষা কার্যালয়ে নিয়মিত কর্মকর্তা পদায়ন এবং প্রয়োজনীয় জনবল নিশ্চিত করতে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ প্রয়োজন। অন্যথায় বারহাট্টার প্রাথমিক শিক্ষা ব্যবস্থায় বিদ্যমান সংকট আরও দীর্ঘায়িত হওয়ার আশঙ্কা করছেন শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিরা।
![]()









