- - -

কর্ণফুলীতে আইনজীবি কামাল উদ্দিনকে ঘিরে রহস্যের জট

1000861580 (1)
Print News
কর্ণফুলীতে আইনজীবি কামাল উদ্দিনকে ঘিরে রহস্যের জট
নিজেকে ‘নন-পলাতক আওয়ামী লীগের সভাপতি’ দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসা সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী এম কামাল উদ্দিনকে ঘিরে চট্টগ্রামের কর্ণফুলীতে চাঞ্চল্যকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। একই ব্যক্তিকে ঘিরে একদিকে চাঁদা দাবির অভিযোগ, অন্যদিকে মব সৃষ্টি করে আটকের ঘটনা সামনে এসেছে। তবে এসব ঘটনার পেছনে কারা জড়িত, কী উদ্দেশ্যে তাকে ঘিরে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছিল, তা এখনো পরিষ্কার নয়।
গত ১৪ নভেম্বর দিবাগত রাতে কর্ণফুলী উপজেলার শিকলবাহা সিডিএরটেক এলাকার একটি ভাড়া বাসায় এ ঘটনা ঘটে। কামাল উদ্দিনের দাবি, কয়েক মাস ধরে তিনি ওই বাসায় বসবাস করছিলেন।
ঘটনার দিন মাগরিবের আগে আওয়ামী লীগের নেতা জাহাঙ্গীর কবির নানকের নানা সমালোচনা করে বক্তব্য দেওয়ার পর রাত ১০টার দিকে তিন যুবক তার বাসায় আসেন। দরজা খুলে দিলে তারা কথা বলার কথা বলে তাকে ছাদে নিয়ে যান।
কামাল উদ্দিনের ভাষ্য, ছাদে নেওয়ার পর ওই ব্যক্তিরা তাকে অকথ্য ভাষায় গালিগালাজ করেন এবং নানককে কেন গালিগালাজ করেছেন, তা জানতে চান। নিজেদের আওয়ামী লীগের লোক পরিচয় দিয়ে তারা তাকে হত্যার হুমকি দেন এবং পাঁচ লাখ টাকা চাঁদা দাবি করেন। তার অভিযোগ, কর্ণফুলীর দিদার নামে এক ব্যক্তি তাদের পাঠিয়েছেন বলেও দাবি করেন ওই ব্যক্তিরা।
তিনি আরও দাবি করেন, দর-কষাকষির একপর্যায়ে চাঁদার পরিমাণ পাঁচ লাখ থেকে এক লাখ এবং পরে ৮০ হাজার টাকায় নামিয়ে আনা হয়। রাত দেড়টার দিকে তিনি ৫০ হাজার টাকা দেন। কিন্তু অভিযুক্তরা বাকি টাকা নগদে দেওয়ার দাবি জানিয়ে চাপ অব্যাহত রাখেন। একপর্যায়ে বাসার কেয়ারটেকার সুকৌশলে কর্ণফুলী থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে।
কামাল উদ্দিনের অভিযোগ, ওই তিন ব্যক্তি হলেন বাবলু, হারুন ও আবছার। তবে তাদের পরিচয়, রাজনৈতিক সংশ্লিষ্টতা কিংবা কথিত চাঁদা দাবির সঙ্গে কারও সম্পৃক্ততার বিষয়ে নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার সিসিটিভি ফুটেজ পরীক্ষা করা হলে এ বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসতে পারে বলে স্থানীয়রা মনে করছেন।
এদিকে একই রাতে কামাল উদ্দিনকে ঘিরে আটকের আরেকটি বিবরণ সামনে এসেছে। পুলিশ ও স্থানীয় সূত্রের বরাতে জানা যায়, রাত দেড়টার দিকে সিডিএরটেক এলাকার ভাড়া বাসা থেকে স্থানীয় জনতা তাকে আটক করে। খবর পেয়ে পুলিশের একটি টহল দল ঘটনাস্থলে গিয়ে তাকে নিজেদের হেফাজতে নেয়। পরে যাচাই-বাছাই শেষে সুনির্দিষ্ট বড় কোনো অপরাধের প্রমাণ না পাওয়ায় ৮৮ ধারায় আদালতে সোপর্দ করে পুলিশ। শনিবার বিকেলে শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন।
জামিনে মুক্তির পর কামাল উদ্দিন সাংবাদিকদের বলেন, কয়েকজন যুবক মব সৃষ্টি করে তাকে পুলিশের হাতে তুলে দেন। তাদের কারও মুখে মাস্ক থাকায় তিনি কাউকে চিনতে পারেননি।
তবে এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠেছে—একই রাতে চাঁদা দাবির অভিযোগে ভুক্তভোগী হিসেবে পুলিশের কাছে উদ্ধার হওয়া এবং স্থানীয় জনতার হাতে আটক হওয়ার দুই ধরনের বিবরণ কীভাবে সামনে এল? তাকে ঘিরে প্রকৃত ঘটনা কী ছিল, কারা সেখানে উপস্থিত ছিলেন এবং পুলিশ কী পরিস্থিতিতে তাকে হেফাজতে নিয়েছিল—এসব বিষয় স্পষ্ট হওয়া প্রয়োজন।
ঘটনার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো, চাঁদা দাবির অভিযোগে অভিযুক্ত বাবলু, হারুন ও আবছারের বিরুদ্ধে কোনো মামলা বা লিখিত অভিযোগ করা হয়েছে কি না, তা পরিষ্কার নয়।
কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদ জানিয়েছেন, অ্যাডভোকেট কামাল উদ্দিন এ বিষয়ে থানায় কোনো অভিযোগ বা মামলা করেননি। অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে ২০২৬ সালের অক্টোবরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ নেতাদের সমালোচনা করে ‘বাংলাদেশ নন-পলাতক আওয়ামী লীগ’ নামে একটি কমিটি গঠনের ঘোষণা দিয়ে আলোচনায় আসেন কামাল উদ্দিন। নিজেকে ওই কমিটির সভাপতি দাবি করে দেওয়া তার বক্তব্য সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
তিনি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী। এর আগে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম ও ইউনিয়ন ব্যাংক পিএলসির প্যানেল আইনজীবী এবং চট্টগ্রাম জজকোর্টের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবেও দায়িত্ব পালন করেছিলেন।
একজন আইনজীবীকে ঘিরে চাঁদা দাবি, হত্যার হুমকি ও মব সৃষ্টির অভিযোগ নিছক ব্যক্তিগত বিরোধ হিসেবে দেখার সুযোগ নেই। অভিযোগ সত্য হলে এটি যেমন গুরুতর অপরাধ, তেমনি কোনো ব্যক্তিকে ঘিরে জনতা সংগঠিত করে আইন নিজের হাতে তুলে নেওয়ার ঘটনাও উদ্বেগজনক। রাজনৈতিক পরিচয় কিংবা বক্তব্যের কারণে কাউকে ভয়ভীতি দেখানো বা বিচারবহির্ভূতভাবে আটকে রাখার অধিকার কারও নেই।
কর্ণফুলী থানা পুলিশের কাছে এখন কয়েকটি প্রশ্নের উত্তর গুরুত্বপূর্ণ—সেদিন রাতে আসলে কী ঘটেছিল, কারা কামাল উদ্দিনকে ঘিরে রেখেছিল, চাঁদা দাবির অভিযোগের সত্যতা কতটুকু এবং কথিত অভিযুক্তদের পরিচয় কী?
বাসার সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, কেয়ারটেকারের ভূমিকা ও পুলিশের ঘটনাস্থলে যাওয়ার তথ্য যাচাই করে নিরপেক্ষ তদন্ত করা জরুরি। একই সঙ্গে অভিযোগের সত্যতা যাচাই না করে কাউকে অপরাধী হিসেবে চিহ্নিত না করার বিষয়টিও নিশ্চিত করতে হবে। আইনের শাসন প্রতিষ্ঠার স্বার্থে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং প্রকৃত দায়ীদের শনাক্ত করা এখন সময়ের দাবি।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa