
শিশু সুরক্ষায় সচেতনতা তৈরিতে মিরপুরে LEEDO-এর লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প

শিশুর প্রতি সহিংসতা, নির্যাতন ও শোষণ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি এবং সুবিধাবঞ্চিত ও পথশিশুদের প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে রাজধানীর মিরপুর-১-এর শাহ আলী মাজার প্রাঙ্গণে লোকসংগীত ও স্বাস্থ্যসেবা ক্যাম্প আয়োজন করেছে বেসরকারি উন্নয়ন সংস্থা লিডো।
গত সকাল ১০টা ৩০ মিনিট থেকে দুপুর ১টা পর্যন্ত আয়োজিত এ কর্মসূচিতে সুবিধাবঞ্চিত শিশু, অতিথি, স্থানীয় জনগণ এবং আয়োজক সংস্থার প্রতিনিধিসহ শতাধিক মানুষ অংশগ্রহণ করেন।
কর্মসূচির শুরুতে শিশুদের অংশগ্রহণে লোকসংগীত ও সাংস্কৃতিক পরিবেশনার আয়োজন করা হয়। গান, নাটিকা ও আলোচনার মাধ্যমে শিশুর প্রতি শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, শোষণ এবং বৈষম্য প্রতিরোধে সচেতনতামূলক বার্তা তুলে ধরা হয়। সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে শিশুদের নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার পাশাপাশি অন্যায়ের বিরুদ্ধে কথা বলার গুরুত্বও তুলে ধরা হয়।
অনুষ্ঠানের পাশাপাশি ক্যাম্পে অংশগ্রহণকারী শিশুদের বিনামূল্যে প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় চিকিৎসাবিষয়ক পরামর্শ প্রদান করা হয়। এ ছাড়া ব্যক্তিগত পরিচ্ছন্নতা, দৈনন্দিন স্বাস্থ্যবিধি এবং সুস্থ জীবনযাপন সম্পর্কে শিশুদের সচেতন করা হয়।
আয়োজকরা জানান, সাংস্কৃতিক কার্যক্রম ও স্বাস্থ্যসেবার সমন্বয়ে এ ধরনের উদ্যোগ শিশুদের আত্মবিশ্বাস, সৃজনশীলতা এবং নিজেদের অধিকার সম্পর্কে ইতিবাচক ধারণা তৈরিতে ভূমিকা রাখে। একই সঙ্গে শিশু সুরক্ষায় পরিবার, স্থানীয় জনগণ ও সমাজের সম্মিলিত দায়িত্বশীলতা বাড়ানোও এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।
উল্লেখ্য, LEEDO ২০০০ সাল থেকে দেশের সুবিধাবঞ্চিত, পথশিশু ও ঝুঁকিপূর্ণ শিশুদের শিক্ষা, সুরক্ষা, পুনর্বাসন এবং সামগ্রিক জীবনমান উন্নয়নে কাজ করে আসছে। শিশুদের জন্য নিরাপদ, মর্যাদাপূর্ণ ও সম্ভাবনাময় ভবিষ্যৎ নিশ্চিত করতে সংস্থাটি বিভিন্ন শিক্ষা, স্বাস্থ্যসেবা ও শিশু সুরক্ষামূলক কার্যক্রম বাস্তবায়ন করছে।
![]()








