- - -

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা

img 20261115 wa0253~2
Print News

কেন্দুয়ায় নবম শ্রেণির ছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, তিন যুবকের বিরুদ্ধে মামলা

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় নবম শ্রেণিতে পড়ুয়া এক স্কুলছাত্রীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে তিন যুবকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী শিক্ষার্থীর বাবা বাদী হয়ে অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে কেন্দুয়া থানায় মামলা করেছেন। আজ ১৫ নভেম্বর মামলাটি দায়েরের বিষয়টি নিশ্চিত করেছে পুলিশ।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত শুক্রবার (১৩ নভেম্বর) রাত আনুমানিক ১১টার দিকে উপজেলার বলাইশিমুল ইউনিয়নের কামারগাঁও গ্রামে কান্দা হাওরের একটি গোরস্থানের পাশে এ ঘটনা ঘটে বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগ অনুযায়ী, রাতে ওই ছাত্রী ঘর থেকে বাইরে বের হলে প্রতিবেশী পরিচিত তিন যুবক তাকে জোরপূর্বক বাড়ি থেকে প্রায় এক কিলোমিটার দূরে নিয়ে যায়। সেখানে তার ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে এজাহারে উল্লেখ রয়েছে। একপর্যায়ে সে অচেতন হয়ে পড়ে বলে অভিযোগে বলা হয়েছে।
পরে জ্ঞান ফিরে পেয়ে রাত আনুমানিক আড়াইটার দিকে পাশের শিবপুর গ্রামের এক বান্ধবীর বাড়িতে আশ্রয় নেয় ওই ছাত্রী। পরদিন সকালে পরিবারের সদস্যদের বিষয়টি জানালে তার বাবা তাকে বাড়িতে নিয়ে আসেন।
মামলায় অভিযুক্ত হিসেবে কামারগাঁও গ্রামের মো. লিটন মিয়ার ছেলে মো. শুভ (২৩), মোখলেছ মিয়ার ছেলে মো. নূর আলম (৩০) এবং ফজলুর রহমানের ছেলে শাহ আলমের (২৮) নাম উল্লেখ করা হয়েছে।
কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ তরিকুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করে জানান, ভুক্তভোগীর বাবা বাদী হয়ে তিন যুবকের বিরুদ্ধে মামলা করেছেন। অভিযুক্তদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এদিকে, ঘটনাটির নিরপেক্ষ তদন্ত, ভুক্তভোগী শিক্ষার্থীর নিরাপত্তা, প্রয়োজনীয় চিকিৎসা ও মানসিক সহায়তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন সচেতন মহল। একই সঙ্গে অভিযোগের সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন এবং আইন অনুযায়ী দায়ীদের বিচারের আওতায় আনার দাবি উঠেছে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa