
ঘোড়াঘাটে বাড়ির দরজার সামনে থেকে প্রবাসীর রহস্যজনক মরদেহ উদ্ধার, হত্যার প্রাথমিক ধারণা।
দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় নিজ বাড়ির দরজার সামনে থেকে রফিকুল ইসলাম তালুকদার (৫০) নামের এক মালয়েশিয়া প্রবাসীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। নিহতের বাম চোখে আঘাতের চিহ্ন ও গলায় ফাঁসের আলামত রয়েছে। এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
গত শনিবার (১৪ নভেম্বর) রাতে উপজেলার বিরাহিপুর গুচ্ছগ্রামের কশিগাড়ি কাচারি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত রফিকুল ইসলাম ওই এলাকার মৃত সাইফুদ্দিন তালুকদারের ছেলে।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়:
দীর্ঘ ৯ বছর প্রবাস জীবন কাটিয়ে প্রায় দেড় বছর আগে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন রফিকুল। প্রায় ছয় মাস আগে তাঁর স্ত্রীর সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়। তাঁদের দুটি কন্যাসন্তান রয়েছে। বিচ্ছেদের পর সাবেক স্ত্রী দুই মেয়েকে নিয়ে বাবার বাড়িতে চলে যান। এর পর থেকে নিজ বাড়িতে একা বসবাস করলেও তিনি নিয়মিত বড় ভাইয়ের পরিবারে খাওয়া-দাওয়া করতেন।
যেভাবে মরদেহ উদ্ধার:
ঘটনার বর্ণনা দিয়ে নিহতের বড় ভাই সাইদুল ইসলাম তালুকদার জানান, ঘটনার দিন রাতে রফিকুল খাবার খেতে না আসায় তাঁকে একাধিকবার মুঠোফোনে কল করা হয়। কিন্তু কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি। পরে খোঁজ নিতে গিয়ে তাঁর বাড়ির দরজা খোলা দেখতে পান তিনি। এ সময় আশপাশে ও বাড়ির পাশের আঙুরবাগানে খোঁজাখুঁজি করেও তাঁকে পাওয়া যায়নি। পরে ফিরে আসার সময় বাড়ির দরজার সামনে রফিকুলের মরদেহ পড়ে থাকতে দেখে তাঁর চিৎকারে স্বজন ও প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন।
পুলিশের বক্তব্য:
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঘোড়াঘাট ও হাকিমপুর সার্কেলের দায়িত্বে থাকা বিরামপুর-নবাবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) হারেজ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসে। আজ রোববার (১৫ নভেম্বর) ময়নাতদন্তের জন্য মরদেহ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের ফরেনসিক মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও জানান, এটি একটি রহস্যজনক মৃত্যু বা হত্যাকাণ্ড। কী কারণে এবং কারা এই ঘটনার সঙ্গে জড়িত, তা উদঘাটনে পুলিশের একাধিক টিম তদন্ত শুরু করেছে।
![]()









