- - -

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

img 20261114 wa0399
Print News

বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষম প্রজন্ম গড়তে নেত্রকোণায় ইংরেজি দক্ষতা উন্নয়ন কর্মশালা

বৈশ্বিক প্রতিযোগিতায় নিজেদের যোগ্যতা ও মেধার স্বাক্ষর রাখতে ইংরেজি ভাষায় দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। উচ্চশিক্ষা, গবেষণা, তথ্যপ্রযুক্তি, কর্মসংস্থান ও আন্তর্জাতিক যোগাযোগের ক্ষেত্রে ইংরেজি ভাষার গুরুত্ব বিবেচনায় নেত্রকোণার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মকে দক্ষ করে গড়ে তুলতে বিশেষ উদ্যোগ নিয়েছে জেলা প্রশাসন।
এরই অংশ হিসেবে আজ শনিবার (১৪ নভেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘English Skill Development Programme’ শীর্ষক দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
জেলার ১০টি উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে আয়োজিত এ কর্মশালায় ইংরেজি ভাষায় দক্ষতা বৃদ্ধি, সাবলীলভাবে কথা বলা, শুদ্ধ উচ্চারণ, শব্দভান্ডার সমৃদ্ধকরণ এবং কার্যকর যোগাযোগ সক্ষমতা অর্জনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
কর্মশালায় অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের সাবেক সদস্য, বাংলাদেশ বেতার ও বাংলাদেশ টেলিভিশনের ইংরেজি সংবাদ পাঠক এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সালাহউদ্দীন আহমেদ। এ ছাড়া উপস্থিত ছিলেন নেত্রকোণা সরকারি মহিলা কলেজের সহকারী অধ্যাপক শোভন চন্দ্র সরকার।
কর্মশালায় অংশগ্রহণকারীদের ইংরেজিতে কথা বলার জড়তা কাটানো, সঠিক শব্দ ও বাক্যের ব্যবহার, উচ্চারণের শুদ্ধতা, শ্রবণ ও কথোপকথনের দক্ষতা এবং আত্মবিশ্বাসের সঙ্গে জনসমক্ষে নিজেকে উপস্থাপনের কৌশল সম্পর্কে ধারণা দেওয়া হয়। পাশাপাশি বাস্তব জীবনে ইংরেজি ভাষার ব্যবহারিক প্রয়োগের ওপর গুরুত্বারোপ করা হয়।
আয়োজকদের মতে, ইংরেজি ভাষায় দক্ষতা শুধু পরীক্ষায় ভালো ফলাফল কিংবা পাঠ্যবইয়ের জ্ঞান অর্জনের মধ্যে সীমাবদ্ধ নয়। আন্তর্জাতিক পর্যায়ে উচ্চশিক্ষার সুযোগ গ্রহণ, বৃত্তি অর্জন, আধুনিক প্রযুক্তি ও গবেষণার সঙ্গে পরিচিত হওয়া এবং প্রতিযোগিতামূলক চাকরির বাজারে নিজেদের অবস্থান তৈরি করার ক্ষেত্রেও এ দক্ষতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
বিশেষ করে মফস্বল ও প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের অনেকের মধ্যে ইংরেজিতে কথা বলার আগ্রহ থাকলেও পর্যাপ্ত অনুশীলন, উপযুক্ত দিকনির্দেশনা ও আত্মবিশ্বাসের অভাব রয়েছে। এ ধরনের প্রশিক্ষণ কর্মশালা তাদের সেই সীমাবদ্ধতা কাটিয়ে ওঠার পাশাপাশি ভবিষ্যৎ শিক্ষাজীবন ও কর্মজীবনের প্রস্তুতিতে সহায়ক হতে পারে।
জেলা প্রশাসনের এ উদ্যোগের মূল লক্ষ্য হচ্ছে নেত্রকোণার শিক্ষার্থী ও তরুণ প্রজন্মের মধ্যে ইংরেজি ভাষার ব্যবহারিক দক্ষতা ও আত্মবিশ্বাস তৈরি করা এবং তাদের আন্তর্জাতিক পরিসরে নিজেদের মেধা, যোগ্যতা ও সক্ষমতা তুলে ধরার উপযোগী করে গড়ে তোলা।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, দক্ষতায় সমৃদ্ধ হোক তরুণ প্রজন্ম, আন্তর্জাতিক অঙ্গনে সম্ভাবনার নতুন দিগন্ত উন্মোচন করুক নেত্রকোণা।এ ধরনের উদ্যোগ নিয়মিত আয়োজন ও শিক্ষাপ্রতিষ্ঠান পর্যায়ে অনুশীলনের সুযোগ সম্প্রসারণ করা গেলে জেলার শিক্ষার্থীরা ভবিষ্যতে উচ্চশিক্ষা, প্রযুক্তি, গবেষণা ও কর্মসংস্থানের বৈশ্বিক প্রতিযোগিতায় আরও আত্মবিশ্বাসের সঙ্গে অংশ নিতে পারবে।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa