
ভাঙ্গুড়ায় চেয়ারম্যান পদপ্রার্থী জিয়াউর রহমানের সুবিশাল মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা
পাবনার ভাঙ্গুড়া উপজেলার পারভাঙ্গুড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ঘোষণা উপলক্ষে ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মোঃ জিয়াউর রহমানের নেতৃত্বে এক সুবিশাল মোটরসাইকেল ও অটোভ্যান শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
৮ নভেম্বর সন্ধ্যায় পারভাঙ্গুড়া ইউনিয়নের সর্বস্তরের রাজনৈতিক নেতাকর্মী ও সাধারণ জনগণের উদ্যোগে এই শোভাযাত্রাটির আয়োজন করা হয়। শোভাযাত্রাটি ইউনিয়নের গুরুত্বপূর্ণ সড়ক ও বিভিন্ন ওয়ার্ড প্রদক্ষিণ করে স্থানীয় প্রধান বাজারে এসে এক সংবর্ধনা ও সংক্ষিপ্ত পথসভায় মিলিত হয়।
শোভাযাত্রায় শতাধিক মোটরসাইকেল এবং বিপুলসংখ্যক সজ্জিত অটোভ্যান নিয়ে হাজারো সমর্থক ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন। এসময় সমর্থকেরা স্লোগানে স্লোগানে এলাকা মুখরিত করে তোলেন এবং মোঃ জিয়াউর রহমানকে পারভাঙ্গুড়া ইউনিয়ন পরিষদের আগামী নির্বাচনে চেয়ারম্যান হিসেবে দেখতে চান বলে সমর্থন ব্যক্ত করেন।
সংক্ষিপ্ত পথসভায় চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ জিয়াউর রহমান উপস্থিত সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “পারভাঙ্গুড়া ইউনিয়নের মানুষের সেবা করা এবং এলাকার সর্বাঙ্গীন উন্নয়ন করাই আমার মূল লক্ষ্য। জনগণের ভালোবাসায় আমি অভিভূত। আপনারা পাশে থাকলে এই ইউনিয়নকে একটি আধুনিক, মাদকমুক্ত ও সুশাসিত ইউনিয়ন হিসেবে গড়ে তুলব।”
শোভাযাত্রা ও পথসভায় পারভাঙ্গুড়া ইউনিয়ন ও বিভিন্ন ওয়ার্ডের প্রবীণ ও নবীন নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিপুলসংখ্যক সাধারণ ভোটার উপস্থিত ছিলেন।
![]()









