
নওগাঁর মহাদেবপুরে অটোচার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষ, যুবক নিহত
নওগাঁর মহাদেবপুরে অটোচার্জারের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে তারেক হোসেন (১৯) নামে এক যুবক নিহত হয়েছেন। শুক্রবার (২৩ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৫টার দিকে উপজেলার ধনজইল মোড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় গুরুতর আহত তারেক শনিবার (২৪ অক্টোবর) দুপুর ১২টার দিকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
নিহত তারেক হোসেন উপজেলার উত্তর আন্ধারকোটা গ্রামের মুনির হোসেনের দ্বিতীয় ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় নওহাটা মোড় থেকে একটি অটোচার্জার মাতাজিহাটের দিকে যাচ্ছিল। পথে নওহাটা মোড়ের পশ্চিম পাশে ধনজইল মোড়ে পৌঁছালে মোটরসাইকেল নিয়ে আসা তারেকের সঙ্গে অটোচার্জারটির সংঘর্ষ হয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন।
পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দুপুরে তার মৃত্যু হয়।
দুর্ঘটনায় তারেকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন মহাদেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর ফারুক।
![]()









