- - -

শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিংয়ের ঘটনায় মামলা;  গ্রেফতার ৪

manda pic (2)
Print News

শেখ হাসিনার দেশে ফেরার প্রচারে মাইকিংয়ের ঘটনায় মামলা;  গ্রেফতার ৪

নওগাঁর মান্দায় আগামী ডিসেম্বর মাসে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরছেন—এমন প্রচারণা চালিয়ে মাইকিং করার ঘটনায় নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের সাবেক এক নেতাসহ ১৪ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করা হয়েছে। এ ঘটনায় চার জনকে গ্রেফতার করেছে পুলিশ।
গ্রেফতার ব্যক্তিরা হলেন, উপজেলার কালিকাপুর ইউনিয়নের নলতৈড় গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মামুন (৪৫), একই গ্রামের মৃত ইব্রাহীমের ছেলে নুরুল ইসলাম নরু (৪৮), কাঁশোপাড়া ইউনিয়নের রাঙ্গামাটিয়া গ্রামের আব্দুল জলিল প্রামাণিকের ছেলে শহিদুল ইসলাম শহীদ (৪৫) এবং নলতৈড় গ্রামের মৃত রিয়াজের ছেলে অটোচার্জারচালক কাবিল হোসেন (৪০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (২২ অক্টোবর) উপজেলার কালিকাপুর ইউনিয়নের জয়বাংলা মোড় এলাকায় একটি অটোচার্জারে মাইক লাগিয়ে আগামী ডিসেম্বর মাসে শেখ হাসিনা দেশে ফিরছেন বলে প্রচারণা চালানো হয়। এ সময় মাইকিংয়ের দৃশ্য ভিডিও ধারণ করে ‘আসলাম টিপু’ নামের একটি ফেসবুক অ্যাকাউন্ট থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করা হয়।
৩৭ সেকেন্ডের ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পুলিশের নজরে এলে মাইকিংয়ের সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান শুরু হয়।
অভিযানের একপর্যায়ে রাজশাহীর বাগমারা থানা এলাকা থেকে প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারের চালক কাবিল হোসেনকে গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় আরও তিন জনকে গ্রেফতার করা হয়। একই সঙ্গে মাইকিংয়ে ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা গেছে, মামলার অন্যতম আসামি আসলাম হোসেন টিপু (৩০) উপজেলার কাঁশোপাড়া ইউনিয়নের গঙ্গারামপুর বাসাপাড়া গ্রামের আছির উদ্দিনের ছেলে। স্থানীয় সূত্রের দাবি, তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আফজাল হোসেন বলেন, ‘শেখ হাসিনার দেশে ফেরার প্রচারণা চালিয়ে মাইকিং করার ঘটনায় চার জনকে গ্রেফতার করা হয়েছে। প্রচারণায় ব্যবহৃত অটোচার্জারটিও জব্দ করা হয়েছে। এ ঘটনায় ১৪ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে থানায় মামলা হয়েছে।’
তিনি আরও বলেন, ‘মামলার অন্য আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa