
হবিগঞ্জের পইলে অসহায় পরিবারের পাশে ‘এফএন ফাউন্ডেশন ইউকে’
মানবিক সহায়তার অংশ হিসেবে হবিগঞ্জ সদর উপজেলার ১নং পইল ইউনিয়নে এক অসহায় ব্যক্তিকে আর্থিক অনুদান দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক দাতব্য সংস্থা ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকে। ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ও লন্ডনপ্রবাসী মো. গিয়াস উদ্দিনের বিশেষ উদ্যোগে পইল ইউনিয়নের নাজিরপুর গ্রামের বাসিন্দা মোহাম্মদ চন্দো মিয়ার হাতে এই সহায়তা তুলে দেওয়া হয়।
অনুদান হস্তান্তর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফাতেমা-নূর (এফএন) ফাউন্ডেশন ইউকের সেক্রেটারি আলমগীর কবির, উপদেষ্টা মো. আব্দুল কাইয়ুম ও এমডি রহমত আলী। এ ছাড়া স্থানীয় বিশিষ্টজনদের মধ্যে উপস্থিত ছিলেন সাংবাদিক ও প্রকৌশলী আব্দুস সালাম চৌধুরী, মোহাম্মদ হারুন অর রশিদ এবং মোহাম্মদ জিহান মিয়া।
সহায়তা প্রদানকালে বক্তারা বলেন, ‘মানুষ মানুষের জন্য’—এই মূলমন্ত্রকে ধারণ করে সমাজের সুবিধাবঞ্চিত ও দুস্থ মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে এফএন ফাউন্ডেশন ইউকে। অসহায় মানুষের দুঃসময়ে পাশে দাঁড়ানো এবং তাঁদের মুখে হাসি ফোটানো প্রত্যেকের নৈতিক ও মানবিক দায়িত্ব।
আয়োজকেরা জানান, প্রতিষ্ঠাতা চেয়ারম্যান মো. গিয়াস উদ্দিনের নেতৃত্বে ফাউন্ডেশনের এ ধরনের জনকল্যাণমূলক ও মানবিক কার্যক্রম ভবিষ্যতেও ধারাবাহিকভাবে চলমান থাকবে। অনুষ্ঠানে ফাউন্ডেশনের সার্বিক মানবিক উদ্যোগের উত্তরোত্তর সাফল্য কামনা করা হয়।
![]()









