
শ্রীমঙ্গলে রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শনে এসআরবি-৯ অধিনায়ক তাজমিনুর
শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মৌলভীবাজারের বিভিন্ন পূজামণ্ডপের নিরাপত্তাব্যবস্থা পরিদর্শন করেছেন স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন-৯ (এসআরবি-৯),সিলেটের অধিনায়ক উইং কমান্ডার মো. তাজমিনুর রহমান চৌধুরী,পিএসসি,জিডি (পি)। পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করা, শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রাখার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
শনিবার (১৭ অক্টোবর) মহাসপ্তমীর দিনে শ্রীমঙ্গল শহরের শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।
উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরী জানান, দুর্গাপূজায় সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করতে এসআরবি-৯-এর সদস্যরা মাঠপর্যায়ে দায়িত্ব পালন করছেন। সিলেট বিভাগের মধ্যে মৌলভীবাজার জেলায় সবচেয়ে বেশি, এক হাজারেরও বেশি স্থায়ী ও অস্থায়ী পূজামণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হচ্ছে। সারা দেশে এ বছর ৩২ হাজারের বেশি পূজামণ্ডপে পূজা উদযাপিত হচ্ছে,যা গত ছয় বছরের মধ্যে সর্বাধিক।
তিনি বলেন,পূজামণ্ডপের নিরাপত্তায় এসআরবি-৯-এর ১৪টি পেট্রোল টিম সার্বক্ষণিক টহল দিচ্ছে। পাশাপাশি যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতিতে দ্রুত সাড়া দিতে ক্যাম্প ও ব্যাটালিয়ন সদর দপ্তরে পর্যাপ্তসংখ্যক সদস্য স্ট্রাইকিং রিজার্ভ হিসেবে প্রস্তুত রাখা হয়েছে।
নিরাপত্তা জোরদারে সাদাপোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানোর পাশাপাশি গুরুত্বপূর্ণ স্থানগুলোতে ড্রোনের মাধ্যমে পর্যবেক্ষণ করা হচ্ছে। সম্ভাব্য নাশকতা বা সন্দেহজনক তৎপরতা মোকাবিলায় ডগ স্কোয়াড ও বোমা নিষ্ক্রিয়কারী ইউনিটও মোতায়েন রয়েছে বলে জানান তিনি। তাঁর ভাষ্য,এখন পর্যন্ত আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কোনো হুমকি নেই। তবে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় নিরাপত্তাব্যবস্থা প্রস্তুত রাখা হয়েছে।
পরিদর্শনকালে শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রমের পক্ষ থেকে শ্রীযুক্ত রুপক দাস, পিন্টু দাস ও সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য্য উইং কমান্ডার তাজমিনুর রহমান চৌধুরীকে ফুল দিয়ে বরণ করেন।
এ সময় সেবাশ্রমের সাধারণ সম্পাদক নির্মলেন্দু ভট্টাচার্য্য বলেন, দুর্গাপূজা শুধু একটি ধর্মীয় উৎসব নয়,এটি সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্যেরও উপলক্ষ। পূজামণ্ডপে শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি আয়োজক,স্বেচ্ছাসেবক ও সাধারণ মানুষের দায়িত্বশীল ভূমিকা গুরুত্বপূর্ণ। তিনি পূজার আনন্দ নির্বিঘ্ন রাখতে সবার সহযোগিতা কামনা করেন।
রামকৃষ্ণ সেবাশ্রমের সদস্য শ্রীযুক্ত রুপক দাস বলেন, পূজার আনন্দ যেন সবাই নিরাপদে ও নির্বিঘ্নে উপভোগ করতে পারেন, সেটিই সবার প্রত্যাশা। নিরাপত্তাব্যবস্থা জোরদার ও সম্প্রীতি রক্ষায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা পূজার্থী ও আয়োজকদের মধ্যে স্বস্তি তৈরি করে। তিনি ধর্ম-বর্ণনির্বিশেষে সবাইকে পারস্পরিক শ্রদ্ধা ও সহযোগিতার মধ্য দিয়ে উৎসব উদযাপনের আহ্বান জানান।
পরিদর্শন ও ব্রিফিংয়ের সময় এসআরবি-৯-এর শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. আরিফুর রহমানসহ ব্যাটালিয়নের অন্যান্য সদস্য,সেবাশ্রমের সদস্য,স্বেচ্ছাসেবক, দুর্গাপূজা উদযাপন পরিষদের প্রতিনিধিরা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।
![]()









