- - -

হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

fb img 1792075496941
Print News

হিন্দু সম্প্রদায়কে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জানালেন শেখ হাসিনা, সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিতের আহ্বান

 

বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বাংলাদেশের হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন। একই সঙ্গে তিনি ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের নিরাপত্তা, সমান অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন।

শেখ হাসিনা উল্লেখ করেন, ২০২৪ সালের ৫ আগস্টের পর থেকে দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষের ওপর হামলা, মন্দির ও বাড়িঘরে ভাঙচুর, প্রতিমা ভাঙচুর, সম্পত্তি দখল এবং সহিংসতার বিভিন্ন অভিযোগ উঠে এসেছে। এসব ঘটনা সংখ্যালঘুদের নিরাপত্তা ও সাম্প্রদায়িক সম্প্রীতি নিয়ে উদ্বেগ সৃষ্টি করেছে বলে তিনি মনে করেন।

তিনি বলেন, দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। একই সঙ্গে এটি বাংলার ঐতিহ্য, সংস্কৃতি ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্বপূর্ণ প্রতীক। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের অসাম্প্রদায়িক চেতনা সমুন্নত রাখতে ধর্ম-বর্ণ নির্বিশেষে সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তা নিশ্চিত করা জরুরি।

শেখ হাসিনা বাংলাদেশের সংবিধানে স্বীকৃত ধর্মনিরপেক্ষতা, সাম্য, মানবিক মর্যাদা এবং স্বাধীনভাবে ধর্ম পালনের অধিকারের প্রতি শ্রদ্ধাশীল থাকার আহ্বান জানান। তিনি হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের শান্তিপূর্ণ সহাবস্থান নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন।

দেশের বিভিন্ন স্থানে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর হামলার অভিযোগ, গণপতি চক্রবর্তী ও তাঁর পরিবারের হত্যাকাণ্ড, দীপু চন্দ্র দাসের হত্যাকাণ্ড এবং ধর্মীয় নেতা চিন্ময় প্রভুর আটক থাকার বিষয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। এসব ঘটনার ক্ষেত্রে নিরপেক্ষ তদন্ত, ন্যায়বিচার ও আইনের শাসন নিশ্চিত করার প্রয়োজনীয়তা তুলে ধরেন।

আওয়ামী লীগের ২০২৪ সালের নির্বাচনী ইশতেহারে জাতীয় সংখ্যালঘু কমিশন গঠন ও সংখ্যালঘু সুরক্ষা আইন প্রণয়নের প্রতিশ্রুতির কথা উল্লেখ করে শেখ হাসিনা সংখ্যালঘু সম্প্রদায়ের অধিকার রক্ষায় কার্যকর উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।

তিনি আওয়ামী লীগের নেতাকর্মী, সমর্থক এবং মুক্তিযুদ্ধের আদর্শে বিশ্বাসী নাগরিকদের সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখা ও হিন্দু সম্প্রদায়ের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

হিন্দু সম্প্রদায়ের প্রতি শুভেচ্ছা জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমার সনাতন ভাই ও বোনদের বলতে চাই, আপনারা একা নন। এই দেশ আপনাদেরও।”

তিনি এমন একটি বাংলাদেশের প্রত্যাশা ব্যক্ত করেন, যেখানে ধর্মীয় পরিচয়ের কারণে কোনো নাগরিক বৈষম্য বা নির্যাতনের শিকার হবেন না এবং প্রত্যেকেই নিরাপদে নিজ নিজ ধর্মীয় উৎসব উদ্‌যাপন করতে পারবেন।

পরিশেষে, শেখ হাসিনা সনাতন ধর্মাবলম্বীসহ বাংলাদেশের সব নাগরিকের শান্তি, সুস্বাস্থ্য, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করেন।

Loading

Facebook
Twitter
LinkedIn
Su Mo Tu We Th Fr Sa